
নিউইয়র্ক সিটি লাইব্রেরি সিস্টেমের পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করল বাংলা বুক ক্লাব পাঠকের পাতা। পাঠকের পাতার আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি আয়োজন করা হয় বই ব্যবচ্ছেদ ও একুশের কবিতাপাঠ। ভাষার মাসের তাৎপর্য বিবেচনায় রেখে চলতি মাসের জন্য ওবায়েদুল্লাহ মামুন সম্পাদিত বই ‘একুশের কথা একুশের চেতনা’ নির্বাচন করা হয়। এই বইয়ে সন্নিবেশিত হয়েছে ২১ জন ভাষা সৈনিকের ২১টি প্রবন্ধ।
অনুষ্ঠানে মূল আলোচক কবি ও প্রাবন্ধিক কাজী জহিরুল ইসলাম একুশটি প্রবন্ধের ওপর আলোচনা করেন এবং গ্রন্থটির কিছু অসংগতি তুলে ধরেন। তিনি বলেন, ‘দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়। পাকিস্তানের ভাগে পড়ে পূর্ব বাংলা। কারণ পূর্ব বাংলার অধিকাংশ মানুষ মুসলমান। পূর্ব বাংলা হয়ে যায় পূর্ব পাকিস্তান। মুসলিম অধ্যুষিত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দীন আহমদের এই বক্তব্যের পক্ষে কাজ শুরু করে পাকিস্তানের শাসকগোষ্ঠী। কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহসহ পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীরা বিরোধিতা করেন। তাঁরা মনে করেন, পাকিস্তানের দুটি রাষ্ট্রভাষা হওয়া উচিত, উর্দু ও বাংলা। যেহেতু পূর্ব পাকিস্তানের প্রায় সবাই বাংলা ভাষায় কথা বলে, এখানকার রাষ্ট্রভাষা হবে বাংলা।’
জহিরুল ইসলাম বলেন, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী লিয়াকত আলী, খাজা নাজিমুদ্দিনসহ ক্ষমতাসীন সব নেতা উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দিতে চাইলে বাংলা ভাষার দাবিতে জোরালো আন্দোলন গড়ে ওঠে, যার চূড়ান্ত পরিণতি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড। ছাত্ররা বাংলা ভাষার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে বের হলে পুলিশবাহিনী গুলি চালায়। ঢাকার রাজপথ ভাষাসৈনিকদের রক্তে লাল হয়ে ওঠে। শহীদ হন সালাম, বরকত, জব্বার, রফিক, কিশোর ওহিউল্লাহসহ অনেকে। বাংলা ভাষার দাবিকে যারা যৌক্তিক আন্দোলনে রূপ দিয়েছিলেন তাদের সংখ্যা অনেক। সেসব ভাষা সৈনিকের কলম থেকে বিভিন্ন সময়ে বেরিয়ে এসেছে ভাষা আন্দোলনের স্মৃতিকথা, তাৎপর্যপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ। এমন ২১ জন ভাষা সৈনিকের লেখা একুশটি রচনা এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। প্রতিটি রচনার প্রেক্ষাপট ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এর পূর্বাপর ইতিহাস। সম্পাদক একুশে ফেব্রুয়ারির একুশ সংখ্যাটির তাৎপর্য বিবেচনা করে একুশটি রচনা সংকলিত করেছেন, বায়ান্নর তাৎপর্যও এই বিবেচনায় আসতে পারত। সে ক্ষেত্রে হয়তো আমরা ৫২টি রচনা পেতাম। এই গ্রন্থের সব রচনাকেই প্রবন্ধ/নিবন্ধ বা স্মৃতিকথা বলা যাবে না। কেননা এতে নিবন্ধ আকারে লেখা রচনা যেমন আছে, স্মৃতিচারণমূলক লেখাও আছে, আবার স্রেফ ডায়েরিতে টুকে রাখা টুকরো ঘটনাসমূহও রয়েছে। এ ছাড়া সংকলিত হয়েছে বাংলা ভাষার দাবি উত্থাপন করে পাকিস্তান জাতীয় পরিষদে দেওয়া ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বক্তব্য।’
এই কবি ও প্রাবন্ধিক আরও বলেন, আবদুস সালাম, আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন, রিকশাচালক আউয়াল ও কিশোর অহিউল্লাহ—এই আটজন ছাড়াও আরও কয়েকজন ভাষা আন্দোলন কর্মী ২১ ফেব্রুয়ারির কাছাকাছি সময় শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই গ্রন্থে তাঁদের ইঙ্গিতও আছে কিন্তু তাঁদের নাম জানা যায়নি। কামাল লোহানী তাঁর প্রবন্ধ ‘আমাদের সংগ্রামের পথরেখা’ প্রবন্ধে উল্লেখ করেন, ‘ভাষা সংগ্রামের এই চার দিনে মোট ৩৯ জন শহিদ হয়েছেন।’ এম আর আখতার মুকুলের প্রবন্ধ ‘বাংলা ভাষা আন্দোলনের সমগ্র ইতিহাস’ থেকে জানা যায়, ‘এ ছাড়া রাস্তায় পড়ে থাকা অছাত্রের গোটা দু-এক লাশ পুলিশ ট্রাকে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। (পৃষ্ঠা ৯৩)’ সেই অছাত্র ভাষা শহীদদের নাম আজও জানা যায়নি। এই গ্রন্থের অন্য কোনো নিবন্ধেও তাঁদের নাম পাওয়া যায়নি। হাসান হাফিজুর রহমানের প্রবন্ধ ‘বায়ান্নর ভাষার লড়াই’-এ তিনি লেখেন, ‘কিছু লাশ গুম হয়েছিল বলে শোনা গেছে। কিছু লোককে শনাক্ত করা হয়েছিল, কিছু লোককে শনাক্ত করা সম্ভব হয়নি। সালাম, বরকত, রফিক এদের নাম পাওয়া গেছে। কিন্তু বাজারে জোর গুজব ছিল যে ৫০-৬০ জন লোক মারা গেছে। সে সময় বিভিন্ন ছাত্র সংগঠন থাকলেও বাংলা ভাষার প্রশ্নে কোনো সংগঠনই দ্বিমত পোষণ করেনি।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত পাঠকদের মধ্য থেকে বক্তৃতা করেন মোরশেদুল আলম, ফাহিম রেজা নূর, আবদুল্লাহ জাহিদ, মুক্তি জহির প্রমুখ। মোরশেদুল আলম মূল প্রবন্ধে ভাষা আন্দোলনের ইতিহাস এবং এর দলিলাদির অসম্পূর্ণতা তুলে ধরার জন্য কাজী জহিরুল ইসলামকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি আনন্দ প্রকাশ করেন নিউইয়র্ক সিটির মূল স্রোতোধারার ভেতরে বাংলা ভাষার একটি বুক ক্লাবের সরব অস্তিত্ব দেখে।
ফাহিম রেজা নূর পাঠকের পাতার কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘এই আয়োজন আমাদের নিয়মিত ভালো ভালো বাংলা বই পড়তে উৎসাহ জোগাবে যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’ আবদুল্লাহ জাহিদ বলেন, একুশের কথা একুশের চেতনা একটি অসম্ভব ভালো বই। এই বইটি মন দিয়ে পড়লে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস পুরোটাই জানা হয়ে যায়। তিনি গ্রন্থটির সম্পাদক ওবায়েদুল্লাহ মামুনকে এটি সম্পাদনা করার জন্য বিশেষ ধন্যবাদ দেন।
মুক্তি জহির এই গ্রন্থের একমাত্র নারী লেখিকা সুফিয়া আহমেদের রচনাটির সূত্র টেনে বলেন, তাঁর প্রবন্ধটি আমাদের জানিয়ে দেয়, ভাষা আন্দোলনে বেশ কয়েকজন নারী অসামান্য অবদান রাখেন। এঁরা হলেন লায়লা সামাদ, শামসুন নাহার, শাফিয়া খাতুন, সারাহ তৈফুর, রওশন আরা বাচ্চু। এসব নাম জেনে একজন নারী হিসেবে আমি গর্ববোধ করেছি।’ আলোচনার শেষ বক্তা হিসেবে ‘একুশের কথা একুশের চেতনা’ গ্রন্থের সম্পাদক ওবায়েদুল্লাহ মামুন নানা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এই গ্রন্থে ২১ জন ভাষা সৈনিকের রচনা সংকলিত হয়েছে। লেখক নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে তাঁদের যারা আজ অবধি বা তাঁদের জীবনের শেষ দিন অবধি একুশের চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। বই ব্যবচ্ছেদ পর্ব শেষে একুশের কবিতা আবৃত্তি করেন পারভীন সুলতানা, তাহরীনা প্রীতি ও শুক্লা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজিয়া নাজমী।
মার্চ মাসের জন্য নির্বাচন করা হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। সদস্যরা বইটি কুইন্স লাইব্রেরির হলিস শাখা থেকে সংগ্রহ করতে পারবেন। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে পাঠকের পাতার দ্বিতীয় বই ব্যবচ্ছেদ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ওবায়েদুল্লাহ মামুন। ২৪ মার্চের অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা পাঠ করবেন বাচিক শিল্পীরা।