বইমেলা ঘিরে নিউইয়র্কে এক টুকরা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে আজ শুক্রবার থেকে বসছে তিন দিনব্যাপী বাংলা বইমেলা। এই নিয়ে ২৬ বছরে পড়ছে নিউইয়র্কের বাংলা বইমেলা। ঢাকা-কলকাতার বাইরে বাংলা বইয়ের এমন মহোৎসব অন্য কোথাও নেই। এর বাইরে টানা এত দীর্ঘ সময় কোনো বাংলা বইমেলা চলেছে, তা-ও আমার জানা নেই। এর আয়োজনে রয়েছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন।

গত আড়াই-তিন দশকে নিউইয়র্কে বাঙালির পদচারণা অভাবনীয় রকম বেড়েছে। শুধু মানুষের সংখ্যার হিসাবে নয়, তাদের গুণগত উপস্থিতির বিচারে। সপ্তাহজুড়ে চলছে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে পথমেলা। চলতি বছর বাংলা নতুন বছরের শুরু থেকেই হরেক রকম অনুষ্ঠান আমাদের চমকে দিচ্ছে।

আনন্দধ্বনি নামের একটি সংগঠন প্রথমবার ঢাকার রমনা বটমূলের আদলে আয়োজন করেছিল প্রভাতি নববর্ষ উদ্‌যাপন। চার ঘণ্টার অনুষ্ঠান, হলভর্তি মানুষ নিবিষ্টচিত্তে অনুষ্ঠান দেখেছে। শুধু সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনই নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোও পিছিয়ে নেই। জাতিসংঘে বাংলাদেশ মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবারও উদ্‌যাপন করেছে নতুন বর্ষ, যৌথভাবে রবীন্দ্র-নজরুল মেলা। তার ওপর রয়েছে বৈশাখী পথমেলা।

ব্রুকলিন বা কুইন্সের বাঙালিপাড়ায় এবার যে পথমেলা হয়ে গেল, তাতে কম করে হলেও ৮-১০ হাজার মানুষ অংশ নিয়েছিল। হঠাৎ যে কেউ এই শহরে প্রথমবার হাজির হলে বিভ্রান্ত হবেন—তিনি ঢাকায় বসে নেই তো? পথমেলা মানে হরেক রকম ভাজাপোড়া, পুলি পিঠা নিয়ে সাজানো দোকান। হাল আমলের শাড়ি বা পাঞ্জাবি, তা-ও আছে। আরও আছে গান, খোলা মঞ্চে প্রাণ খুলে বাংলা গান।

আরও রয়েছে মঙ্গল শোভাযাত্রা। বাংলা বছরের শুরুতে মঙ্গল শোভাযাত্রা বের করেছে বিপা ও উদীচী। অধিকাংশ আয়োজনই কুইন্সে, বাঙালিদের অধিকাংশেরই বাস এই উপশহরে। তবে এবার ব্রঙ্কসেও বাফা নামের আরেকটি সংগঠনের উদ্যোগে ছিল নববর্ষের শোভাযাত্রা। প্রতিটি শোভাযাত্রাই মনে করিয়ে দেয় বাংলাদেশের কথা। কয়েক শ মানুষ—গুনে দেখলে দেখা যাবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি—হরেক রকম বাহারি পোশাকে ঢোল-করতাল নিয়ে সোল্লাসে রাস্তা প্রদক্ষিণ করছে। সঙ্গে নানা রঙের, নানা ভাবের মুখোশ। এ দেশে বেড়ে ওঠা ছোট ছেলেমেয়েদের বাংলাদেশের কোনো স্মৃতি নেই। তারাও দল বেঁধে নেচে চলেছে। রাস্তার পাশ থেকে অথবা উঁচু ভবনের জানালার ফাঁক দিয়ে নানা জাতের নানা বর্ণের মানুষ হাততালি দিচ্ছে, ক্লিক ক্লিক ছবি তুলছে। ঢোলের তালে তালে নাচছে ভিনদেশি মানুষ। হ্যাঁ, বাংলাদেশকেই এরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে।

নিউইয়র্কের বইমেলা ঘিরেও এই শহরের বুকে তৈরি হবে এক টুকরা বাংলাদেশ। দুই বাংলা থেকে আসছেন লেখক-শিল্পী-বুদ্ধিজীবী। উত্তর আমেরিকার প্রত্যন্ত অঞ্চল থেকে ভিড় করবেন বাংলা ভাষা ও সাহিত্য ভালোবাসেন এমন অনেক মানুষ। এখন এ দেশের প্রায় প্রতিটি বড় শহরেই বাঙালির বাস, কিন্তু একসঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমী মানুষের এমন সমাবেশ অন্য কোথাও নেই। অনেকে আছেন, যাঁরা দেশ ছেড়েছেন ৩০ বছর বা তার চেয়েও আগে। কিন্তু বুকের মধ্যে বাংলা নামের দেশটাকে তাঁরা ঠিকই ধরে রেখেছেন। তাঁদের কেউ চিকিৎসক, বিজ্ঞানী, স্কুলশিক্ষক অথবা সাধারণ খেটে খাওয়া মানুষ। অন্য কোনো পরিচয়ে নয়, নিজের বাঙালি আত্মপরিচয় নিয়েই এই মেলায় সম্মিলিত হবেন এক আনন্দ সমাবর্তনে।

প্রথম থেকেই এই মেলা খুব সচেতনভাবে দুই বাংলার মানুষকে সমান গুরুত্বের সঙ্গে অংশগ্রহণে উৎসাহিত করেছে। রাজনৈতিক ভেদরেখায় আমরা বিভক্ত হলেও ভাষা ও সংস্কৃতির পরিচয়ে আমরা সবাই বাঙালি। রবীন্দ্রনাথ, নজরুল ও শামসুর রাহমান—তাঁরা প্রত্যেকেই আমাদের অভিন্ন উত্তরাধিকার। এই মেলায় একই মঞ্চে পাশাপাশি কবিতা পড়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হক। বাংলা ভাষার দুই প্রধান কথাসাহিত্যিক, হুমায়ূন আহমেদ ও সমরেশ মজুমদার একই মঞ্চে সাহিত্যের আড্ডা জমিয়েছেন। গান গেয়েছেন দুই বাংলার সেরা শিল্পীরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি লেখক, শিল্পী, গায়ক-গায়িকা।

এবারের মেলায় প্রধান অতিথি হয়ে আসছেন বিশ্বভারতীর সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। থাকছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ঢাকা থেকে আরও আসছেন সাইমন জাকারিয়া, আহমদ মাযহার, আমিরুল ইসলাম এবং আরও কয়েকজন নবীন-প্রবীণ লেখক, শিল্পী। সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাতের আসার কথা, কিন্তু এখনো ভিসা হাতে না পাওয়ায় তাঁর উপস্থিতি নিয়ে উদ্বেগ জন্মেছে। আর উত্তর আমেরিকার বিপুলসংখ্যক লেখক ও সাহিত্যামোদী তো থাকছেনই। মেলায় সংগীত পরিবেশন করতে দুই বাংলা থেকে আসছেন সৈয়দ আবদুল হাদী, ফেরদৌস আরা, শামা রহমান ও দেবাঙ্গনা সরকার। থাকবেন প্রবাসের প্রতিশ্রুতিশীল ও খ্যাতিমান শিল্পীরা। ঢাকা ও কলকাতা থেকে বেশ কিছু নতুন-পুরোনো প্রকাশকও আসছেন তাঁদের নতুন বইয়ের পসরা নিয়ে।

এ বছর বইমেলার অন্যতম আকর্ষণ হবে একাত্তরের সহযোদ্ধা স্যালি উইলোবির অংশগ্রহণ। ১৯৭১ সালে কিশোরী স্যালি বালটিমোর সমুদ্রবন্দরে পাকিস্তানি অস্ত্র বহনকারী জাহাজ ‘পদ্মা’ অবরোধে অংশ নিয়েছিলেন। মৃত্যুকে অগ্রাহ্য করে সামান্য একটি রবারের ডিঙি নৌকায় তিনি ও অন্য মার্কিন সহযোদ্ধারা সেই জাহাজ নোঙর করতে দেননি। মৃত্যু হতে পারে বলা হলে স্যালি বলেছিলেন, ‘দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট।’ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে মুক্তধারা এই একাত্তরের সহযোদ্ধাকে সম্মাননা জানাবে।

বইমেলায় অন্যান্য বছরের মতো এবারও নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে এবং কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর বসবে। থাকবে লেখক-কবিদের উন্মুক্ত আড্ডা। কবির লড়াইও হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা।

দুই যুগের বেশি সময় ধরে প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকেন প্রবাসী বাঙালিরা। বছরে মাত্র তিনটি দিন, অথচ এরই প্রতীক্ষায় আর আয়োজনে ব্যস্ত থেকেছেন তাঁরা। আপনারা যাঁরা দূরে বসে এই লেখা পড়ছেন, আমি জানি আপনারাও এই মেলার অলক্ষ্য দর্শক। বাঙালি এই ‘ধারণাটি’ শুধু ভূগোলের অঙ্কে আর আটকে রাখা সম্ভব নয়। বাংলাদেশ ও পশ্চিম বাংলা ছাড়িয়ে সে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষার শেকড় তাকে এক অভিন্ন মালায় গেঁথে নিয়েছে। বিশ্বের যেখানেই সে থাকুক, সেই মালার সুবাস তার হৃদয় ভরাবেই। অন্যথায় তাকে বাঙালি বলি কী করে!