বইমেলায় আসছে জসিম মল্লিকের দুটি নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হচ্ছে জসিম মল্লিকের দুটি নতুন বই। এর একটি উপন্যাস; নাম ‘স্পর্শ’। ‘স্পর্শ’ লেখকের প্রথম কিশোর উপন্যাস। অন্য বইটির নাম ‘ভালোবাসার চাষাবাদ’। স্মৃতি গদ্যের এ বইটিও পাঠকদের আকৃষ্ট করবে। এর আগে জসিম মল্লিকের চারটি স্মৃতি গদ্যের বই প্রকাশিত হলেও ‘ভালোবাসার চাষাবাদ’ বইটি আগেরগুলো থেকে প্রকরণগত দিক থেকে আলাদা। দুটি বই-ই প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। আর প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।
‘স্পর্শ’ উপন্যাসের শরীরটি গড়ে উঠেছে কৈশোরের গোলমেলে সময়টিকে ঘিরে। বয়ঃসন্ধিকালটা এক আলো-আঁধারির সময়। মন হয়ে ওঠে হরিণের মতো চঞ্চল, আর শরীরে জন্ম নেয় স্বেদ গন্ধ। ভীষণ অভিমানী এ বয়স ধারণ করতে চায় পৃথিবীর সমস্ত বিরহবেদনা। সারাক্ষণ ঘিরে থাকে আলোছায়াময় এক ঘেরাটোপ। কিশোর মন ও শরীরে নিরন্তর বয়ে চলা এ টানাপোড়েনকে উপজীব্য করেই লেখা হয়েছে ‘স্পর্শ’ উপন্যাসটি।
১৯৮৩ সালে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিকতা ও সাহিত্য চর্চার শুরু হয়েছিল জসিম মল্লিকের। শৈশব থেকেই অনেক লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করেছেন। সেসব লড়াই ও অভিজ্ঞতা নিয়েই তিনি লিখছেন অনেক গল্প, উপন্যাস, নিবন্ধ ও স্মৃতিকথা। জীবন ও সমাজের নানা দিক ফুটে উঠেছে তাঁর লেখনীতে। ১৯৬২ সালের ৯ এপ্রিল বরিশালে জন্ম নেওয়া এ লেখকের শিক্ষাজীবন কেটেছে বরিশাল বিএম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিক হওয়ার সুবাদে ঝুড়িতে রয়েছে তাঁর বিচিত্র সব অভিজ্ঞতা। এই সব অভিজ্ঞতাই উঠে আসে তাঁর স্মৃতি গদ্যে। এবারের স্মৃতি গদ্যের বই ‘ভালোবাসার চাষাবাদ’-এও স্থান পেয়েছে নানা টুকরো কথামালা ও ঘটনা। কিছু কিছু লেখা আছে সমসাময়িক নানা ঘটনা নিয়েও।