বইমেলায় রাজুব ভৌমিকের তিনটি বই
অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে কবি রাজুব ভৌমিকের তিনটি বই প্রকাশিত হতে যাচ্ছে। বইগুলো হলো—‘আয়না সনেট’; ‘শশীকাহন’ ও ‘টেম্পু পাশা’।
‘আয়না সনেট’ বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন জনপ্রিয় শিল্পী রাগীব আহসান। ৫৫টি কবিতা নিয়ে সাজানো এই বইয়ের কবিতাগুলো দুই দিক থেকেই পড়া যাবে। এ বইটির মূল্য ১৫০ টাকা নির্ধারিত করা হয়েছে।
‘শশীকাহন’ বইটি একটি ফ্যান্টাসি থ্রিলার। প্রকাশ করছে অন্বয় প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এই বইয়ের সব চরিত্রই কাল্পনিক। চন্দ্রগ্রহে বসবাসরত শশীদের নিয়ে লেখা এই বইতে বর্ণিত করা হয়েছে চন্দ্রগ্রহে শশীদের সৃষ্টির রহস্য, সূর্যগ্রহের দেবতাদের ভূমিকা এবং চন্দ্রগ্রহের শশীদের দৈনন্দিন সংগ্রাম। শশীরা দেখতে আধা-পাখি এবং আধা-মানুষের মতো—শশীরা ডানা দিয়ে আকাশে উড়তে পারে আবার মানুষের মতো চলতেও পারে। শশীদের হাতগুলো দেখতে কিছুটা পাখির ডানার মতো। একসময় চন্দ্রগ্রহের দুই পরাশক্তি লাগগিন্তা রাজ্য এবং চলদাজ রাজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। বইটির মূল্য ২০০ টাকা।
‘টেম্পু পাশা’ বইটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। উপন্যাসের মূল চরিত্র পাশা বাংলাদেশের একজন টেম্পু চালক। মানুষ হিসেবে পাশা খুবই বুদ্ধিমান ও কর্মঠ। পেশাগত কারণেই তাঁর নাম হয়ে যায় ‘টেম্পু পাশা’। পাশার আমেরিকা যাওয়ার খুব শখ ছিল। আমেরিকাতে অবৈধ পথে আসার সময় তাঁকে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই বিপত্তি তাঁকে একদিন সিরিয়াল কিলার হতে বাধ্য করে। বইটির মূল্য ২৭৫ টাকা।