বউকে মেরে শতবর্ষীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শেষপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন দুজনে। আর কিছুদিন পর হয়তো তাঁদের স্বাভাবিক মৃত্যু হতো। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে গেল। ১০০ বছর বয়সী মার্কিন নাগরিক মিখাইল জাসকিন কুড়াল দিয়ে হত্যা করলেন ঘুমন্ত স্ত্রীকে। পরে তিনি আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ ঘটনা ঘটে বলে আজ মঙ্গলবার কর্মকর্তারা জানান।

এএফপির খবরে জানানো হয়, স্ত্রীকে হত্যার পর স্নানাগারে গিয়ে ছুরি দিয়ে মিখাইল নিজের কবজি চিরে আত্মহত্যা করেন। মিখাইল জাসকিনের পরিবারের ভাষ্য, তিনি স্মৃতিভ্রষ্ট রোগে ভুগছিলেন। গত রোববার নিউজার্সির এলমউড পার্কে এই হত্যাকাণ্ড ঘটে।

বারজেন কাউন্টির কৌঁসুলি জন মলিনেলি জানান, ঘরোয়া কোন্দলের কারণে ২০১২ সাল থেকে তিনবার পুলিশকে মিখাইলের বাড়ি যেতে হয়েছে। এবারও ঘরোয়া বিবাদের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁদের ধারণা।

গত নভেম্বরে ১০০ বছরে পা রেখেছেন মিখাইল। তাঁর স্ত্রী রোজালিয়ার বয়স ৮৮ বছর। বিছানায় ঘুমন্ত অবস্থায় রোজালিয়াকে হত্যা করেন মিখাইল। হত্যাকাণ্ডের পরদিন পরিবারের এক সদস্য তাঁদের লাশ উদ্ধার করেন।