বকুল কথা
এশার নামাজ শেষে বেলাল সাহেব বাড়ি ফিরছিলেন। রাত খুব বেশি হয়নি, এই সাড়ে সাতটাও বোধ হয় হবে না। তবুও কেমন নিস্তব্ধতা। শীতের রাত বলেই হয়তো চারদিক একটু বেশি সুনসান মনে হচ্ছে। শীতও তেমন জেঁকে পড়েনি। সবেমাত্র ডিসেম্বরের শুরু কিন্তু বেলাল সাহেবের ভীষণ শীত লাগছে। তিনি একাই নামাজ পড়তে বের হন রাতে, নামাজের পর একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফেরেন। ছেলেরা অবশ্য অনেকবার বারণ করেছে, কিন্তু বেলাল সাহেব নিরুপায়। ঘরে বসে বসে সারাটা দিন পার করলে হাড়ে-মজ্জায় জং ধরে যাবে—এ কথা ছেলেরা মানতে চায় না। ছেলেদেরই বা কী দোষ, দূরে থাকে, যার যার সংসার নিয়ে অহর্নিশ ব্যস্ত। ওই ফোন করে শুধু ‘আব্বা এটা করবে না’...‘আব্বা ওইটা করলে কেন?’ দূরে থাকার অপরাধবোধের কারণেই হয়তো তাঁদের এই অতিরিক্ত সতর্কতা।
বেলাল সাহেব আজকে অল্প হেঁটেই বাড়ি ফিরলেন, শরীরটা ভালো যাচ্ছে না। হার্টের সমস্যা ধরা পড়ায় ডাক্তার ভোরে হাঁটতে নিষেধ করেছেন। গেটের কাছে ঢুকতেই দেখলেন বাচ্চা আম গাছের নিচে পাঁচিল ঘেঁষে কয়েকজন ছেলে দাঁড়ানো। অন্ধকারে তাদের হাতে ধরানো সিগারেটের আলো লাল বিন্দুর মতো, কড়া তামাকের গন্ধ বাতাসে। বেলাল সাহেবের মাথায় রক্ত চড়ে গেল।
—‘এই ছেলেরা, তোমরা এই অন্ধকারে কী কর? বাড়ি যাও, মা-বাবা তোমাদের খোঁজ করে না?’
—দাদু কুল ডাউন, এত রাগলে ব্লাড প্রেশার স্কেলের মধ্যে থাকবে না।
ছেলেরা বেয়াদবের মতো উত্তর দিয়ে সামনে এগিয়ে আসে। বিন্দু মাত্র ভয় নেই তাদের চেহারায়। ল্যাম্পপোস্টের আলোয় বেলাল সাহেব তাদের অদ্ভুত স্টাইলের চুল দেখতে পান। কী ছিরি সেই চুলের কাটিংয়ে! বয়স তেমন বেশি না কিন্তু এখনই কী বখাটে রূপ! নিজের ছেলেদের কত শাসনের মধ্যে তিনি বড় করেছিলেন আজ তা ভাবতেই অবাক লাগে। সন্ধ্যায় মাগরিবের আজানের পর আলো নিভে গেলেই মেইন গেট বন্ধ হয়ে যেত। যে যেখানেই থাক না কেন এই সময়ের মধ্যে বাড়ি না ফিরলে সেদিনের মতো ঘরে আর জায়গা জুটত না। ছোট ছেলে মাঝে মাঝে ভুল করে ফেলত, বেলাল সাহেবের স্ত্রী ইনিয়ে-বিনিয়ে অনুরোধ গাইলেও বেলাল সাহেব গলতেন না।
শরীরের অবসন্নতায় ওই ছেলেদের সঙ্গে আর গলাবাজিতে নামলেন না। গেট খুলে ঘরে ঢুকলেন, কেয়ারটেকার ছেলেটা জানাল চারতলার ডান পাশের ফ্ল্যাটের বউ তরকারি দিয়ে গেছে। কেয়ারটেকার ছেলে মোহসিন সারা দিন বেলাল সাহেবের ফ্ল্যাটেই থাকে। বাড়ির সব বিল দেওয়া, বাজার করা, ফুটফরমাশ খাটা মোহসিনই করে থাকে। তার মা দুবেলা এসে রান্না করে দিয়ে যায়, সকালের নাশতা আর দুপুর-রাতের খাবার এক সঙ্গে। ছোট ছেলে বছর চারেক আগে দেশে এসে এই ব্যবস্থা করে দিয়ে গেছে। বেলাল সাহেব অন্য কারও রান্না খেতে পারেন না। হোটেলের কোনো খাবার তো মুখেই তুলবেন না। কিন্তু তার স্ত্রী গত হওয়ার পর এ ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। মোহসিনের বয়স্ক মা একেবারে মন্দ রান্না করে না, এত দিনে অভ্যাস হয়েছে অনেকটা। তাই বেলাল সাহেব এগুলো নিয়ে আর বাগ্বিতণ্ডা করেন না। ফ্ল্যাটে ঢুকেই মস্ত বসার ঘর, সঙ্গে লাগোয়া খাবার ঘর। তিন দিকে তিনটা শোয়ার ঘর, সঙ্গে বারান্দা। খুব শখ করে এই বাড়ি বানিয়েছিলেন বেলাল সাহেব। স্ত্রী, দুই ছেলে আর তাদের বউ-বাচ্চা থাকবে বলে। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিল খায়নি। আজ একাই থাকেন এই বিশাল ফ্ল্যাটে। অন্যান্য তলায় বাকি ভাড়াটিয়ারা আছে, সবাই মোটামুটি জমজমাট। কিন্তু এই দোতলায় যেন কবরের নিস্তব্ধতা, দেয়ালে ঝোলানো ফ্ল্যাট স্ক্রিনের টিভিটা মাঝে মাঝে খবর শোনার আশায় খোলা হয়। মোবাইলের রিংটোন দিনের মধ্যে বাজে কয়েকবার। সকালে একবার বাথরুমে শাওয়ারের শব্দ বাড়িটার ঘুম ভাঙায়। বেলাল সাহেব এই নিঃসঙ্গ জীবন মেনে নিতে পারেন না। ভীষণ হই চই করা বন্ধুবৎসল মানুষ ছিলেন তিনি, কথা না বলে একদণ্ড থাকতে পারতেন না। অথচ ভাগ্যের কী পরিহাস! মৃত্যুর নীরবতা ছোঁয়ার আগেই তিনি নীরব হয়েছেন। এখন আর কারও সঙ্গে বকবক করতে ইচ্ছা করে না।
বসার ঘর ছাড়িয়ে খাবারের টেবিলের কাছে গেলেন, কাচের কয়েকটা বাটিতে তরকারি রাখা। চারতলার বউটা মাঝে মাঝেই খাবার পাঠায়, খুব মায়াবতী মেয়ে। বাবার বাড়ি থেকে আনা কোনো জিনিসই সে বেলাল সাহেবকে ভাগ না দিয়ে খায় না। পয়লা বৈশাখের সকালে সবার আগে এই ফ্ল্যাটেই সাত-আট পদের ভর্তা আর খুদের ভাত পাঠাবে। এসব ভাবতে ভাবতেই রাতের খাবার শেষ করলেন বেলাল সাহেব। বেসিনে হাত ধোয়ার সময় কলিং বেলের আওয়াজ। মোহসিন দরজা খুলে দাঁড়াল।
—নানা, চারতলার ভাড়াটিয়া আসছে।
বেলাল সাহেব দেখলেন দরজায় রাশেদ দাঁড়ানো, চারতলার ডান দিকের ফ্ল্যাটে থাকে। একটা এনজিওতে চাকরি করে। বেশ রাতেই ফিরতে হয় তাকে। বিয়ে করে এই বাড়ির ফ্ল্যাটে উঠেছিল। এখন সুন্দর ফুটফুটে পাঁচ বছর বয়সী একটা মেয়ে আছে তাদের।
—আরে রাশেদ, ভেতরে এসো। তোমার বাড়ির তরকারি দিয়েই রাতের খাবার সারলাম। বল কী খবর?
রাশেদ সালাম দিয়ে নিচু হয়ে একটা খবরের কাগজে মোড়ানো প্যাকেট সেন্টার টেবিলে রাখল। বলল, ‘আংকেল, এইমাত্র ফিরলাম তাই আর বসব না। মেয়ে আমার অপেক্ষায় আছে। আপনার অর্ডার দেওয়া নেমপ্লেট দিয়ে গেলাম। সময় করে দেখে নেবেন। যদি আরও কোথাও চেঞ্জ লাগে আমাকে জানাবেন আমি আবারও কারেকশন করে দেব।’
—তোমার এই ব্যস্ততায় এটুকু যে করতে পেরেছ এটাই আমার জন্য অনেক রাশেদ।
বেলাল সাহেবের গলা কৃতজ্ঞতায় ভারী হয়ে আসে। এই একটা শখের আবদার তিনি বড় ছেলের কাছে অনেক দিন আগেই করেছিলেন। বড় ছেলে সেই আবদার ভুলেই গেছে হয়তো এত দিনে। বেলাল সাহেবও অভিমানে আর তোলেননি আবদারের কথা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অভিমানের পাল্লাও ভারী হয়েছে খুব। বড় ছেলে সজীবকে তিনি নিজের সমস্ত শ্রম আর আদর্শ ঢেলে বড় করেছিলেন। তার দুর্দান্ত একাডেমিক রেজাল্টে অভিভূত হয়ে বেলাল সাহেব এক সময় ভেবেছিলেন এখানেই বুঝি জীবনের চরম প্রাপ্তি। সজীবের স্বার্থপর চলাফেরা আর চিন্তা-ভাবনা বেলাল সাহেবের এক গোপন কষ্টের কারণ। সপ্তাহে একবার কী ভুলে দুবার সজীব ফোনে কথা বললেও সজীবের স্ত্রী পিয়া সেটাও রক্ষা করে না। বড় বউমার সঙ্গে বেলাল সাহেবের কোনো হৃদ্যতাই গড়ে ওঠেনি। অথচ এই মেয়েকেই অনেক দেখে শুনে ধুমধাম করে বিয়ে দিয়ে বেলাল সাহেব ছেলের বউ করে এনেছিলেন। পাস করার পর পরই সজীব চট্টগ্রাম ইপিজেডে চাকরি নিয়ে চলে গেছে। ওখানেই বিশাল বাংলো টাইপ বাড়িতে থাকে। বছরে দুবার ঈদের ছুটিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর নয়তো মালদ্বীপ বেড়াতে যায়। অথচ পাজেরো জিপের নাকটা ঘুরিয়ে ঢাকায় রওনা দিয়ে এই বুড়ো বাপটাকে দেখে যাওয়ার মতো তাদের সময় নেই। তাদের ছেলেপুলে আছে, ওখানেই মানুষ হচ্ছে। দাদা কী জিনিস তা খুব একটা ভালো করে জানে না তারা।
অন্যদিকে ছোট ছেলে সাজিদের বরং খুব একটা যত্ন নেননি বেলাল সাহেব। কিছুটা খামখেয়ালির মতো মায়ের আদরে বড় হয়েছিল সাজিদ। আরও পড়বে বলে বিদেশে পাড়ি জমিয়েছিল, বাবার অমতে। বিয়েও করেছিল তার নিজের পছন্দের মেয়েকে। স্টেট থেকে সাজিদ ফোন করে জানিয়েছিল যে, সে আর দেশে ফিরবে না। ওখানেই চাকরি করবে। বেলাল সাহেব পরবর্তী এক বছর ছোট ছেলের সঙ্গে কথা বলেননি, বিয়েটাও মেনে নেননি।
সাতপাঁচ ভাবতে ভাবতেই ভারী মন নিয়ে বেলাল সাহেব কাগজের প্যাকেটটা হাতে করে শোয়ার ঘরে ঢুকলেন। সাবধানে কাগজের মোড়ক খুলতেই সাদা শ্বেত পাথরের নেমপ্লেট বেরিয়ে এল। তাতে কালো অক্ষরে লেখা ‘বকুল কথা’। বকুল তার স্ত্রীর নাম, প্রায় ১০ বছর আগে জরায়ুর ক্যানসারে মারা গেছে। এই বকুলই তার জীবনে পূর্ণতা এনেছিল। সুখ আর ভালোবাসা দিয়ে কানায় কানায় ভরে তুলেছিল। ৩৫ বছরের বিবাহিত জীবনে বেলাল সাহেব কীভাবে তিলে তিলে বকুল নির্ভর হয়েছিলেন তা নিজেও জানেন না। প্রচণ্ড রাগী আর জেদি মানুষটা বকুলের কাছে আত্মসমর্পণ করেছিলেন বাধ্য হয়ে। কিন্তু সেই বুকুলই তাকে মাত্র ছয় মাসের নোটিশে একলা ফেলে পরপারে পাড়ি জমিয়েছে। বেলাল সাহেব সেদিনের পর থেকে বুঝেছিলেন একলা হয়ে যাওয়ার রূঢ়তা। বেলাল সাহেবের স্ত্রীর খুব ইচ্ছা ছিল পছন্দের এই বাড়িটায় তার নাম লেখা থাকুক শ্বেত পাথরের টুকরোয়। মনের এই বাসনার কথা তিনি স্বামীকে জানিয়ে ছিলেন। কিন্তু তত দিনে দেরি হয়ে গেছে, বকুলকে নিয়ে জীবন-মৃত্যুর মাঝে টানাটানিতে সেই বাসনা পূরণ হয়নি। গত বছরেই বেলাল সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি স্ত্রীর ফেলে যাওয়া ইচ্ছাটা সমাপ্ত করবেন। কিন্তু স্ত্রীর কোন নামটা দেবেন তিনি? বকুলের ভালো নাম জেবুন্নেসা, এই ভালো নাম দিয়ে কোনো কাব্যিক মনোভাব আসে না। বরং বকুল নামটাই অনেক সুন্দর। শুধু বকুল? নাকি সঙ্গে আরেকটু কিছু? এই যেমন ‘বকুল কথা’ অথবা ‘বকুল বাসনা’? বেলাল সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেই হয়। তাদেরও তো মা, মায়ের নাম কীভাবে বাড়ির দেয়ালে শোভা পাবে তা সম্পর্কে তাদেরও মতামত দরকার। বড় ছেলে সজীবের কথা মনে হলো প্রথম। অনেক দিন তার সঙ্গে এ রকম সামান্য ব্যাপার নিয়ে কথা হয় না। তবুও ফোন দিলেন তিনি।
—আচ্ছা তোমার মা একটা ইচ্ছের কথা বলেছিলেন মনে আছে তোমাদের?
—আব্বা আপনি কোন ইচ্ছের কথা বলছেন? মা তো অনেক কিছুই চাইতেন।
ফোনের অপর প্রান্ত থেকে বড় ছেলের উষ্ণ মেজাজ টের পেলেন বেলাল সাহেব। তবুও সংযত গলায় বললেন, ‘তোমার মায়ের চাহিদা খুব একটা ছিল না বড় খোকা। উনি চেয়েছিলেন আমাদের এই বাড়িটার গায়ে তার নামের একটা নেমপ্লেট থাকুক।’
—মা যখন চেয়েছিলেন তখন অবশ্যই থাকবে নেমপ্লেট, আপনি একটা বানিয়ে বড় গেটের পাশে লাগিয়ে দেন।
—সে তো অবশ্যই করব, কিন্তু আমার কথাটা অন্যখানে খোকা। নামটা কী হবে? বকুল কথা নাকি বকুল বাসনা?
—আব্বা আপনি এই সামান্য একটা ব্যাপার নিয়ে আমাকে ফোন করেছেন? যা হয় একটা দিয়ে দেন, কথা না বাসনা তা দিয়ে কী যায় আসে? আমাকে একটু পরেই একটা মিটিংয়ে বসতে হবে, আমি বরং রাতে ফোন দেব আপনাকে।
বেলাল সাহেব মুচকি হাসলেন। আজকে রাতের ফোন কোন রাতে গড়াবে তা তিনি ভালোই জানেন। ছোট ছেলের ওখানে এখন বিকেল, ওকে ফোন করে দেখা যাক।
—বাবু, তোমার মায়ের সেই কথাটা মনে আছে? সেই যে বাড়ির নামকরণের ব্যাপারটা?
—আব্বা মনে আছে, তুমি এখনো করোনি কাজটা?
—করব করব ভাবছি। কিন্তু কোন নামটা ব্যবহার করব সেই ধন্দের মধ্যে আছি। এ জন্যই ফোন দিলাম তোমাকে।
—একটা কাজ করলে কেমন হয়? নীপা তো একটু সাহিত্যমনা টাইপের, ও তোমাকে একটা সুইটেবল আইডিয়া দিতে পারবে। নীপাকে বলব আজকে রাতেই তোমাকে যেন ফোন দেয়।
বেলাল সাহেব কিছুটা আশ্বস্ত হন সাজিদের কথায়। তার ছোট বউমা বেশ আলাদা ধাঁচের। আর কেউ না রাখুক নীপা নিয়ম করে যোগাযোগ রাখে শ্বশুরের সঙ্গে। বকুলের সঙ্গে নীপার দেখা হয়ে যাওয়া হয়নি। নীপাকে চেনানোর আগেই বকুল এই পৃথিবী ছেড়েছে। মাঝে মাঝে বেলাল সাহেব ফিসফিস করে বলেন, ‘জানো বকুল, ছোট বউমা ঠিক তোমার মতো। নরম ব্যবহার আর মায়া ভরা মন। তুমি বেঁচে থাকলে তোমার সঙ্গে ওর খুব ভাব হতো বুঝলে?’
ওই রাতেই নীপার ফোন এল। ‘হ্যালো আব্বা, আপনি আমাকে খুঁজছিলেন?’
—হ্যাঁ বউমা, তোমার শাশুড়ির নাম কী দেব শ্বেত পাথরের প্লেটে বুঝে পাচ্ছি না। তুমি আমাকে একটা উপায় বলে দাও তো।
—আব্বা আমার কাছে মনে হয় ‘বকুল কথা’ দেওয়াটাই ভালো হবে। মা অনেক কথাই তো আপনাকে বলে যেতে পারেননি সময়ের অভাবে। এই একটা কথা বলে গিয়েছিলেন, এটাই না হয় বাড়ির গায়ে খোদাই করা থাকুক?
—এই তো! তুমি এক্কেবারে আমার মনের কথাটাই ধরেছ বউমা। আমিও এটাই চাচ্ছিলাম। কিন্তু কেউ আমাকে একটু ধরিয়ে দিচ্ছিল না ব্যাপারটা। বুড়ো হলে যা হয় আর কী!
—আব্বা, আপনি ভেবে দেখেন তারপর নেমপ্লেটের অর্ডার দেন।
—না না, এটাই ফাইনাল। তুমি এখন কোথায়? চারদিকে আওয়াজ।
—আমি বাচ্চাদের স্কুলে দিয়ে কাজে যাচ্ছি, রাস্তার আওয়াজ আব্বা।
—তাহলে এখন রেখে দিচ্ছি বউমা। তুমি সাবধানে ড্রাইভ করো, ভালো থাকো তোমরা।
বেলাল সাহেব খুশিতে ঘরময় পায়চারি করলেন। এবার তিনি রাশেদকে বলবেন কাজটা করে দিতে। নীপা বড্ড ভালো মেয়ে, ওর মধ্যে বকুলের একটা ছাপ দেখতে পান, এমন মেয়েরা সংসারের জন্য লক্ষ্মী হয়ে আসে। নীপাকে তিনি পছন্দ করে ঘরে আনেননি বটে কিন্তু হাজার মাইল দূরে থেকেও এই নীপাই তাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। সাজিদ আর নীপা থাকে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে। গাছপালা ঘেরা বাগানের মধ্যে সাজানো নিপাট একটা সংসার তাদের। দুবছর আগে বেলাল সাহেব ছোট ছেলের কাছে ছিলেন চার মাসের মতো। এতেই তার দম বন্ধের মতো অবস্থা। ছেলের সঙ্গে চেঁচামেচি করে ঢাকায় ফিরেছিলেন শেষমেশ। যেন বকুলের কাছে ফিরেছিলেন তিনি। তখনই বুঝেছিলেন এই বাড়ি ছেড়ে আর কোথাও থাকা সম্ভব না, বকুলের ছোঁয়া আছে এই বাড়ির সব আসবাবপত্রে। বকুলের ছেড়ে যাওয়া নিশ্বাস এখনো ঘুরপাক খায় সারা বাড়িতে।
উত্তেজনায় বেলাল সাহেবের ঘুম এল না অনেক রাত পর্যন্ত। বকুলের ইচ্ছাটা পূরণ হবে তাহলে এবার! কাল-পরশুর মধ্যেই তিনি মিস্ত্রি এনে নেমপ্লেট লাগিয়ে ফেলবেন মেইন গেটের পাশে কলিং বেলের ওপর। বকুলের ইচ্ছা ছিল গেটের পাশে দিয়ে মাধবীলতার ঝাড় উঠে যাবে, সেটাও হবে। এই বর্ষাতেই উনি মাধবীলতার চারা আনাবেন মোহসিনকে দিয়ে। রাত অনেক হয়েছে, তবুও বেলাল সাহেবের ঘুম নেই চোখে। একগাদা ওষুধ খাওয়ার জন্য তাকে ঘন ঘন বাথরুমে যেতে হয়। ঠান্ডা মেঝেতে পা ফেলে বাথরুমে গেলেন, অসাবধান হওয়া যাবে না একটুও।
রাত প্রায় দুইটা বেজে গেছে, বেলাল সাহেব জানালার পাশে এসে দাঁড়ালেন। বাইরে আম গাছের পাতা বন্ধ জানালার কাচে আছড়ে পড়েছে। বকুলের লাগানো সেই আমের চারা এখন দোতলার জানালা ছাড়িয়েছে। হয়তো এই গরমেই মুকুল আসবে। বাইরের মৃদু আলো এসে পড়েছে ওয়ার্ডরোবের ওপরে, ওখানেই নেমপ্লেটটা রাখা। বেলাল সাহেব আবারও পাথরের পাতলা টুকরোটা নিজের হাড্ডিসার আঙুল দিয়ে ছুঁয়ে দেখলেন। মুখ নামিয়ে দেখতে লাগলেন খুঁটিয়ে খুঁটিয়ে। হিম ঠান্ডা সাদা পাথরের ওপরে কালো শালের মতো খোদাই করা বকুলের নাম, ঠিক যেন বকুলের মুখ! আজ থেকে ৪৫ বছর আগে বেলাল সাহেব বকুলকে প্রথম দেখেছিলেন বিয়ের রাতে। ফুলের মতো সুবাস মেখে মুখে ঘোমটা টেনে বসেছিলেন। আর তাই তো জেবুন্নেসার বদলে তিনি বকুল নামটাই বেশি ভালোবেসেছিলেন। সেই রাতে জেনুন্নেসার কাছে যেতেই বেলাল সাহেব বকুল ফুলের সুবাস পেয়েছিলেন। সেই সুবাস আজও ফিকে হয়নি, এখনো আশ্চর্যজনক ভাবে ঘরময় ছড়ানো।