সাহিত্যে নোবেলজয়ী গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলান আগামী এপ্রিলে সুইডেনে সংগীত পরিবেশন করবেন। এর ফলে সুইডেনে বক্তব্য দেওয়ার কিংবা যে ভাষণটি তিনি নোবেল ভোজসভায় লিখে পাঠিয়েছেন, তা সেখানে পড়ে শোনানোর জন্য তাঁর একটি সুযোগ তৈরি হলো। নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৭০ হাজার ডলার। বিখ্যাত এই মার্কিন গায়ক ও কবি ওই অর্থ পাবেন কি পাবেন না, তা এ বিষয়টির ওপরই নির্ভর করছে।
নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, পুরস্কার নেওয়ার জন্য বব ডিলানকে একটি ভাষণ দিতে হবে এবং তা হতে হবে ১০ ডিসেম্বর থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে। তবে ওই ভাষণ স্টকহোমেই দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।
বব ডিলানের ওয়েবসাইট বলছে, তিনি আগামী ১ ও ২ এপ্রিল স্টকহোমে এবং ৯ এপ্রিল সুইডেনের লুন্দ শহরে সংগীত পরিবেশন করবেন। এক বিবৃতিতে সুইডিশ একাডেমি বলেছে, স্টকহোমে সম্ভাব্য সংগীত পরিবেশনার সময় ভাষণ দেওয়া বব ডিলানের জন্য হবে এক ‘উৎকৃষ্ট সুযোগ’।
মিডিয়াবিমুখ বব ডিলান ১০ ডিসেম্বরে নোবেল ভোজসভায় পুরস্কার নিতে যাননি। নোবেল কমিটিকে জানিয়ে দেন তাঁর এই অপারগতার কথা। তবে সশরীরে হাজির না হলেও ধন্যবাদসংবলিত একটি ভাষণ পাঠিয়ে দেন তিনি, যেটি পড়ে শোনান সুইডেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আজিজা রাজি। কিন্তু সেখানে ডিলানের অনুপস্থিতি এখনো এক আলোচিত বিষয়।
সাহিত্যে নোবেল পুরস্কার দেয় যারা, সেই সুইডিশ একাডেমির সদস্য সারা দানিয়াস বলেন, তিনি আশা করছেন যে বব ডিলানের জন্য কোনো একটা ব্যবস্থা করা হবে।
গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পাওয়ার পর দীর্ঘ সময় বব ডিলানের নিশ্চুপ থাকার বিষয়টি সুইডিশ একাডেমিকে হতাশ করে। সুইডিশ একাডেমির সদস্য পার ওয়েস্তবারি বলেন, ‘তাঁর (ডিলানের) ভাষণ দেওয়া উচিত। এটি তাঁর জন্য সুযোগ।’ উল্লেখ্য, ডিলানের নোবেল পাওয়ার ঘোষণা আসার দু সপ্তাহেরও বেশি সময় তিনি এ বিষয়ে কিছুই না বলায় এই ওয়েস্তবারিই তাঁকে ‘অভদ্র’ ও ‘উদ্ধত’ বলেছিলেন।
গতকাল সোমবার কনসার্টের একটি আয়োজক দল এপ্রিলে সুইডেনে ডিলানের সংগীত পরিবেশনার কথা জানায়।