বঙ্গ সম্মেলনে আসছেন পঞ্চকবির কন্যা ঋদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

বঙ্গ সম্মেলন (এনএবিসি) এবার ৫ থেকে ৭ জুলাই বাল্টিমোরে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আসছেন পঞ্চকবির কন্যা ও পঞ্চকবির গানের পথিকৃৎ ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতে আমেরিকায় প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (কাব)।

বঙ্গ সম্মেলনে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের এটি পঞ্চমবারের মতো আগমন। যে গান বাঙালি ভুলতে বসেছিল তাকে পুনর্জীবিত করেছেন তিনি। বিশেষ করে দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান বহির্বিশ্বে প্রচারের ক্ষেত্রে ঋদ্ধির ভূমিকা বিশেষভাবে উল্লেখ্য। ঋদ্ধি তাঁর গুরু শ্রীমতি মঞ্জু গুপ্তা, শ্রীমতি কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়ের পথ ধরে এই গানকে আবার জনসম্মুখে ফিরিয়ে এনেছেন।

এবার বঙ্গ সম্মেলনে কী গান গাইবেন—জানতে চাইলে সুদূর কলকাতা থেকে ফোনে পঞ্চকবির কন্যা জানালেন, ‘দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান তো গাইবই, সেই সঙ্গে এবার হিমাংশু দত্তের গান গাওয়ার আশা রাখি। নিশ্চয়ই এটা আমার জন্য অনন্য এক অভিজ্ঞতা হবে।’

গবেষণা ঋদ্ধির সংগীত চর্চার অন্যতম দিক। তিনি রবীন্দ্র-নজরুলসহ পঞ্চ কবির গান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের-প্রত্যেকের গানের কথা-সুর উঠে আসে ঋদ্ধির কণ্ঠে। এক সঙ্গে এই পঞ্চকবিকে নিয়ে ২০১১ সাল থেকে কাজ করছেন তিনি। এ কারণে বাংলাদেশের খ্যাতিমান অধ্যাপক ড. আনিসুজ্জামান তাঁর নাম দিয়েছেন ‘পঞ্চকবির কন্যা’।

ঋদ্ধির ক্যারিয়ারের শুরু হয়েছিল নাটকের গান দিয়ে। বাবা অধ্যাপক সত্যপ্রকাশ চট্টোপাধ্যায় আর মা স্কুলের প্রধান শিক্ষিকা রমা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান ঋদ্ধি লেখাপড়াতেও ছিলেন অসম্ভব মেধাবী। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। ইতিহাস বিষয়ে নিয়ে ভর্তি হন লেডি ব্রেবোর্ন কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন এরপর। ঋদ্ধির বাবা ফরিদপুরের আর মা রংপুরের মানুষ। সেই হিসেবে নিজেকে তিনি বাংলাদেশের মানুষ মনে করেন।