বঙ্গবন্ধু চর্চার নতুন পথ দেখালেন লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের গ্রাম’ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে বক্তারা
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের গ্রাম’ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে বক্তারা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় প্রগ্রেসিভ ফোরামের উদ্যোগে ২৭ আগস্ট ড. নজরুল ইসলামের লেখা ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের গ্রাম’ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা-উত্তরকালে বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নত ভবিষ্যতের জন্য গ্রাম নিয়ে যে চিন্তা করেছিলেন তার ওপর ভিত্তি করে ড. নজরুল ইসলাম এই বইটি রচনা করেন।
প্রগ্রেসিভ ফোরাম, নিউইয়র্কের সহসভাপতি গিয়াসউদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি খোরশেদুল ইসলাম। তিনি লেখকের গ্রন্থের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, গ্রাম পরিষদের দ্বৈত ভূমিকা থাকবে। একদিকে তা স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন ধাপের ভূমিকা পালন করবে, অন্যদিকে তা সমবায় গ্রামের পরিচালনা পরিষদ হিসেবে কাজ করবে। সমবায় গ্রাম গ্রামের সুপ্ত সম্ভাবনার সর্বোত্তম বাস্তবায়নের পথ উন্মোচিত করবে।
খোরশেদ বলেন, সমাজতন্ত্রের সমবায়ে সাধারণত জমির ওপর ব্যক্তিগত মালিকানা থাকত না। ফলে নিট উৎপাদনের প্রায় পুরোটাই শ্রমের ভিত্তিতে বিতরণ হতো। বিপরীতে বঙ্গবন্ধুর সমবায়ে জমির ওপর ব্যক্তি মালিকানা অক্ষুণ্ন ছিল। এতে ফসলের তিন ভাগ হওয়ার কথা ছিল। এক ভাগ জমির মালিকানার ভিত্তিতে, এক ভাগ শ্রমের ভিত্তিতে আরেক ভাগ গ্রাম তহবিলের জন্য। এই তহবিল দ্বারা গ্রামের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনা হওয়ার কথা ছিল।
আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, গণমাধ্যমকর্মী নিনি ওয়াহেদ, ডা. জিয়া উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর ও লেখক আহমাদ মাযহার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ যে গ্রামের ওপরই প্রধানত নির্ভরশীল তা বঙ্গবন্ধু গভীরভাবে অনুভব করেছিলেন, অথচ তাঁর চিন্তার এ দিকটি নিয়ে আগে তেমন আলোচনা হয়নি। বাংলাদেশের গ্রাম বইয়ে ড. নজরুল এ দিকটি নিয়ে আলোচনা করে বঙ্গবন্ধু চর্চার নতুন পথ দেখালেন। গভীর গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে বাংলাদেশের গ্রাম বিষয়ক ইতিহাসের আলোকে তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন, এত বছর পরও বঙ্গবন্ধুর গ্রাম ভাবনা খুবই প্রাসঙ্গিক। তাঁরা মত প্রকাশ করেন, শুধু বঙ্গবন্ধুই নন, তাঁর পরবর্তী সরকারগুলোও গ্রাম নিয়ে ভেবেছে; সুতরাং বর্তমান পরিপ্রেক্ষিতে বইটির বিষয়বস্তু নিয়ে ব্যাপক আলোচনা আরও জরুরি। এমন একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তারিত ও
ব্যাপক আলোচনা হওয়া দরকার বলেও মন্তব্য করেন তাঁরা।
সভায় বক্তারা আরও বলেন, ড. নজরুল তাঁর বইটিতে বাংলাদেশের জন্য গ্রামভিত্তিক একটি গণমানুষের উন্নয়নে কার্যকর স্থানীয় সরকার কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বক্তারা গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো সৃষ্টির দাবিতে ব্যাপক জনমত সৃষ্টির জন্য বাংলাদেশে নীতিনির্ধারক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত লেখকের এই বইয়ের বিষয়বস্তু তুলে ধরার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনমতের ওপর গুরুত্ব দিতে আগ্রহী হবে এবং গ্রাম পর্যায়ে প্রাতিষ্ঠানিক কাঠামোতে যে শূন্যতা বিরাজ করছে তা পূরণে এগিয়ে আসবে।
আলোচনা শেষে উপস্থিত দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করেন মো. হারুন, আলীম উদ্দিন, ওবায়দুল্লাহ মামুন ও তাহমিনা শহীদ প্রমুখ।
অনুষ্ঠানে লেখক ড. নজরুল বলেন, বঙ্গবন্ধুর গ্রাম ভাবনার ভিত্তি নিয়ে দীর্ঘকালের গবেষণার আলোকে তাঁর মনে হয়েছে গ্রাম নিয়ে বঙ্গবন্ধুর ভাবনাকে আরও এগিয়ে নেওয়া জরুরি। বাংলাদেশে বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোগুলোর মতো যদি গ্রাম পর্যায়েও গ্রাম পরিষদ নামে আরেকটি স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলা হয়, সেটা বিত্তবানদের দখলে যাওয়ার সম্ভাবনা থাকলেও তা অন্যান্য কাঠামোগুলোর তুলনায় কম থাকবে। কারণ এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে একটি প্রতিষ্ঠান হবে। যদি কোনো প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকে, তাতে সাধারণ মানুষের অভিগম্যতা কম থাকে। সাধারণ মানুষের শক্তি হচ্ছে তার সংখ্যা আর এলিট শ্রেণি বা বিত্তবানদের শক্তি হচ্ছে অর্থ। আর অর্থ বেশি বলে তাদের পেশি শক্তি বেশি। গ্রাম পরিষদ নাগালের মধ্যে বলে সাধারণ মানুষের সংখ্যার শক্তি প্রকাশের সুযোগ থাকে। যার ফলে এই প্রতিষ্ঠান থেকে গ্রামের কৃষক, খেতমজুর, ভূমিহীনসহ দরিদ্র মানুষের উপকার হবে। তাই স্থানীয় সরকার কাঠামোগুলোর মধ্যে গ্রাম পরিষদ হলে সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি উপকৃত হবে।
ড. নজরুল মনে করেন, তিনি যে ধরনের কথা ভেবেছেন, সে ভাবনার আলোকে গৃহীত কোনো সিদ্ধান্ত ওপর থেকে চাপিয়ে না দিয়ে এ নিয়ে ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে আলোচনা হওয়া উচিত। সে জন্য তিনি তাঁর ভাবনাকে বই হিসেবে জনসাধারণের উদ্দেশে উপস্থাপন করেছেন। বঙ্গবন্ধুর গ্রাম-ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সাংগঠনিক আলোচনা করার জন্য তিনি রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান। বইটি নিয়ে আলোচনা আয়োজনের জন্য তিনি প্রগ্রেসিভ ফোরামকে ধন্যবাদ জানান।
ড. নজরুল ইসলাম বহু বছর ধরে রাষ্ট্র ব্যবস্থার আলোকে বাংলাদেশের গ্রামের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর নিয়ে গবেষণা করছেন। এ বিষয়ে ইংরেজি ও বাংলায় তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে।