বঙ্গবন্ধু বইমেলা ২০-২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধু বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্র

মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্র নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বইমেলা’র আয়োজন করছে। আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রি ছাড়াও থাকবে সংশ্লিষ্ট নানা ধরনের বই। থাকবে বাংলাদেশবিষয়ক নানা প্রতিযোগিতা, আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেস্তোরাঁয় ৬ আগস্ট সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক ও মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ তথ্য জানান। এ সময় মেলার কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সদস্যসচিব নুরুল আমিন বাবু।
পরিষদের আহ্বায়ক মিশুক সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মেলা বিষয়ে বক্তব্য রাখেন মেলা কমিটির উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ নাথ রায়, উপদেষ্টা মুজিব বিন হক, আহ্বায়ক আবু রায়হানসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে বিশ্বব্যাপী তুলে ধরা, বঙ্গবন্ধু পাঠাগার স্থাপন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং নিউইয়র্কের পাবলিক স্কুল ও লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’
এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, মেলা চলাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন। সে সময় তিনি ও তাঁর সঙ্গে আসা মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। বাংলাদেশ থেকে কোনো অনুদান এনে নয়, বরং প্রবাসের বিশিষ্টজনদের সহযোগিতায় এ মেলার ব্যয় বহন করা হবে। এ জন্য তাঁরা সবার সহযোগিতাও কামনা করেন।