বঙ্গবন্ধু বইমেলায় শিশুদের অন্যরকম একটি দিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের ইতিহাস জানার মধ্য দিয়ে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি শিশুরা অন্যরকম একটি দিন কাটাল। ২২ সেপ্টেম্বর সকালে বাবা-মায়ের হাত ধরে জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ আসে শিশু-কিশোররা। এই স্কুলেই বঙ্গবন্ধু বইমেলা ২০১৯-এর আয়োজন করে মুজিব বর্ষ উদ্যাপন পরিষদ যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ফেরদৌস খন্দকারের উদ্যোগে শিশুদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এতে প্রথমে বঙ্গবন্ধুর জীবনীর ওপর ইংরেজি ভাষায় নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি পরিচালনা করেন ফেরদৌস খন্দকার। এতে কণ্ঠ দেন বিশিষ্ট বাচিক শিল্পী রাহাত মুকতাদির। এরপরই শিশুদের সামনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন বক্তারা। পরে সেসব তথ্যের ওপর শিশুরা কুইজে অংশ নেয়। ছিল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। পুরো আয়োজনে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মঞ্জুর কাদেরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বেলাল বেগ, কৌশিক আহমেদ, ফেরদৌস খন্দকার, শামীম আল আমিন, মিশুক সেলিম, শিবলি সাদিক, টিপু আলম, খালেদ শরফুদ্দিন, আবু সায়ীদ, শামস চৌধুরী ও ইশতিয়াক রুপু।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘প্রবাসে এটি সত্যিই ব্যতিক্রমী একটি আয়োজন। শিশুদের অংশগ্রহণ ও তারা যেভাবে নিজেদের মধ্যে বঙ্গবন্ধুকে, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করেছে, তাতে সত্যিই আমি আনন্দিত।’

মেহের আফরোজ শাওন প্রবাসে শিশুদের চমৎকার বেড়ে ওঠার পেছনে তাদের বাবা-মাকে কৃতিত্ব দেন। তিনি বলেন, ‘তারা যেভাবে বাংলা উচ্চারণে কবিতা আবৃত্তি করল, তাতে আমি মুগ্ধ হয়েছি।’
এমন আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ফেরদৌস খন্দকার বলেন, ‘শিশুদের কাছে বাংলাদেশের সঠিক ও তথ্যনির্ভর ইতিহাস তুলে ধরতে হবে। তাদের জানাতে হবে জাতির পিতার কথা। তারা যেখানেই থাকুন। প্রবাসে বেড়ে ওঠা শিশুরা যেহেতু অনেকে বাংলা পড়তে পারে না, তাদেরকে ইংরেজিতেই জানাতে হবে। সম্ভব হলে শেখাতে হবে প্রিয় মাতৃভাষা বাংলাও। এমন চিন্তা থেকেই বঙ্গবন্ধু বইমেলায় নতুন এ সংযোজন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্কে ২০ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের বইমেলা শেষ হয়েছে। বিপুল পাঠক সমাগম, সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছিল গোটা মেলাপ্রাঙ্গণ। তবে তার আগে ডাইভার্সিটি প্লাজায় একটি উদ্বোধনী সমাবেশ হয়। বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। এ সময় রাজনীতিবিদ, শিক্ষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয় গোটা এলাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে সামনে রেখে নিউইয়র্কের এই বইমেলা অসাধারণ একটি উদ্যোগ। বঙ্গবন্ধু নিজে একজন সুলেখক ছিলেন। তাঁর “কারাগারের রোজনামচা” এবং “অসমাপ্ত আত্মজীবনী” পড়লেই আমরা সেটা বুঝতে পারি। বঙ্গবন্ধু লেখকদের খুব ভালোবাসতেন। তিনি ছিলেন সবার মানুষ। তাই সবার অংশগ্রহণে এই মেলাকে সফল করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বিরোধিতা করেছিল। আজ সেই মাটিতেই জাতির পিতার স্মরণে বইমেলা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ অনেকে। অনুষ্ঠানে শিবলি সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলার আহ্বায়ক আবু রায়হান। এ ছাড়া বক্তব্য রাখেন মুজিব বর্ষ উদ্যাপন পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক মিশুক সেলিম ও সদস্যসচিব নুরুল আমিন। লেখকদের মধ্যে শামীম আল আমিন, পপি চৌধুরী, জুলি রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
পরে ডাইভার্সিটি প্লাজা থেকে একটি শোভাযাত্রা পিএস ৬৯ স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শ্রদ্ধা জানানো হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি। আলোচনা অনুষ্ঠানের পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলা উপলক্ষে গোটা স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। বিভিন্ন স্টলে বই সাজিয়ে বসেন প্রকাশকেরা। বইপ্রেমীরাও ছুটে আসেন মেলায়।