বঙ্গবন্ধু হত্যায় জড়িত সবার বিচার হবে

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচার বাংলার মাটিতে হবে। এটা শুধু সময়ের ব্যাপার।
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
নিউইয়র্কের একটি পার্টি হলে রাত ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বালন, কালো ব্যাজ ধারণ করে আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু জাহির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
প্রধান অতিথি আবদুস সোবহান গোলাপ প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় সেদিন যারা সহযোগিতা করেছিলেন সেই সব আত্মস্বীকৃত খুনি, যারা বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে নিয়ে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আবু জাহির ও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, মহিউদ্দীন দেওয়ান ,আবদুর হাসিব মামুন, এনাম, কাজী কয়েস, মাসুদুল হাসান, মুজাহিদুল ইসলাম, সামছুল আবেদিন, আবদুল হামিদ, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, ওলি হোসেন, জহির আলী, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, হুমায়ূন চৌধুরী, এ কে আলমগীর, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কবির আলী, মোহাম্মদ হাসনাত, জেড এ জয়, আল আমিন আকন, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজসহ দলের নেতা-কর্মীরা।