বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের যুদ্ধাপরাধীদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ চৌধুরী, আশরাফুজ্জামান খান ও এম এ জব্বারকে অবিলম্বে বাংলাদেশে হস্তান্তরের দাবি জানিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর মানববন্ধন
রাশেদ চৌধুরী, আশরাফুজ্জামান খান ও এম এ জব্বারকে অবিলম্বে বাংলাদেশে হস্তান্তরের দাবি জানিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর মানববন্ধন

বঙ্গবন্ধুর ঘাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী এবং একাত্তরের ঘাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আশরাফুজ্জামান খান ও এম এ জব্বারকে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। ১৩ আগস্ট বিকেলে নিউইয়র্কের জ্যামাইকায় সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আত্মগোপন করে আছেন। অন্যদিকে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী হত্যার নায়ক আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও রাজাকার এম এ জব্বারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। উভয়েই আত্মগোপন করে আছেন যুক্তরাষ্ট্রে। এই দুই ঘাতকের একজন আশরাফুজ্জামান খানের বাড়ির সামনে অর্থাৎ কুইন্সের জ্যামাইকায় ইকনা মসজিদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র শাখা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক লিগ, বঙ্গমাতা পরিষদ, ওয়ার্কার্স পার্টি, প্রগ্রেসিভ ফোরাম, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ল’ সোসাইটি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রাশেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিতাংশু গুহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও শহীদ সাংবাদিক সিরাজ্জুদ্দীন হোসেনের ছেলে ফাহিম রেজা নুর, যুক্তরাষ্ট্র শাখা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ, শহীদ পরিবারের সদস্য ওবায়দুল্লাহ মামুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদ হাসান মানিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, নিউইয়র্ক মহানগর শাখা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ হোসেন সিরাজী, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল বারী, প্রচার সম্পাদক শুভ রায়, যুক্তরাষ্ট্র শাখা বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, গণজাগরণ মঞ্চের নেতা মুজাহিদ আনসারী ও গোপাল সান্যাল, প্রগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল আলম, যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, বাংলাদেশ ল’ সোসাইটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক এ টি এম মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘ঘাতকদের শাস্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এই ঢিলেমি আমরা বরদাশত করতে পারি না। অবিলম্বে মানবতাবিরোধী অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।’ তাঁরা বলেন, ‘যুক্তরাষ্ট্রে পলাতক ঘাতকদের ফিরিয়ে নিতে সরকার নাকি ল’ ফার্ম ভাড়া করেছে। এক বছর আগে এমন তথ্য প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আজ অবধি এর কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এই দণ্ডিত ঘাতকেরা যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ ও পরে নাগরিকত্ব গ্রহণের সময় নিশ্চয়ই উল্লেখ করেনি যে, তাঁরা জাতির পিতাকে হত্যা করেছেন কিংবা একাত্তরে ৩০ লাখ বাঙালির নিধনযজ্ঞে জড়িত ছিলেন। এই মিথ্যার জন্যই ওদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের সঙ্গে এ নিয়ে দেন-দরবার করতে হবে।
বক্তারা জাতিসংঘ, হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের সামনে এই ঘাতকদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে বড় ধরনের সমাবেশের আহ্বান জানান।
সমাবেশে ঘাতকদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনেককে কর্মসূচিতে যোগ দিতে চায়। তাঁরা একাত্তরের স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর ঘাতকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। নিউইয়র্ক পুলিশের তিনটি গাড়িসহ কয়েক ডজন কর্মকর্তা সমাবেশের নিরাপত্তায় মোতায়েন ছিলেন।
সমাবেশ চলাকালেই আশরাফুজ্জামানের প্রতিষ্ঠিত মসজিদে আসর নামাজের জামায়াত হয়। পরে মুসল্লিদের অনেকে বাইরে এসে তাঁরা অতীত অপকর্মের তথ্য জেনে বিস্ময় প্রকাশ করেন। এসব মুসল্লির অধিকাংশই পাকিস্তান, ভারত ও বাংলাদেশের। বিক্ষোভকারীরা মুসল্লিগণের প্রতি অনুরোধ জানান, তাঁকে যেন অবিলম্বে মসজিদ থেকে বের করে দেওয়া হয়।