বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ

আমেরিকায় জরুরি অবস্থার কথা বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে। ১৭ মার্চ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্য কর্মকর্তা–কর্মচারীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কেক কেটে বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ উদ্যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল। অনুষ্ঠানে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ঢাকা পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আমেরিকার পোস্টাল বিভাগ (ইউএসপিএস) এদিন বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ করে। কনসাল জেনারেল ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের আঞ্চলিক পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশের উদ্বোধন করেন। এ সময় তিনি আমেরিকার পোস্টাল বিভাগ কর্তৃপক্ষের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।