বঙ্গবন্ধুর দেখানো পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিরা
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখিয়ে যাওয়া পথেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। যার মোহনীয় আহ্বানে বাংলার মানুষ রক্ত দিয়ে দেশ পেয়েছে। এ দেশের অগ্রযাত্রার পরতে পরতে জাতির পিতার নাম উচ্চারিত হতে থাকবে। ১৫ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
যথাযোগ্য মর্যাদায় ওই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে নিউইয়র্ক কনস্যুলেট অফিস। সকালে কনস্যুলেট ভবনে কনসাল জেনারেল মো. শামীম আহসানের জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতির পিতা, তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ’সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র সফররত গাজীপুর-২ আসনের সাংসদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবু জাহির, জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বক্তৃতা করেন।
কনসাল জেনারেল মো. শামীম আহসান তাঁর স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তাঁর নেতৃত্বস্থানীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান। জনপ্রিয় গণসংগীত শিল্পী ফকির আলমগীর, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, প্রবাসী বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিগণ, কনস্যুলেট জেনারেল ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।