বিজয়ের মাসে কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পেছনে উসকানিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ৫ ডিসেম্বর মৌলবাদীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আয়োজিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সম্মিলিত প্রতিবাদ সভায় বক্তারা এই দাবি জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের বিরুদ্ধে আয়োজিত অনলাইন প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সঞ্চালনা করেন স্বীকৃতি বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, অতীতে মৌলবাদীদের সঙ্গে বারবার সমঝোতা করা হয়েছে। এ কারণে তারা বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের সামনেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমরা আর সমঝোতা চাই না, আমরা ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশে এই মৌলবাদীদের উৎখাত চাই। এই মৌলবাদীদের বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাই।
সভায় বক্তারা ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, সংবিধানে ধর্ম ও ধর্মনিরপেক্ষতা নিয়ে সাংঘর্ষিক বিষয় রয়ে যাওয়ায় বারবার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আসুন আমরা দেশে–প্রবাসে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে নিয়ে মাঠে নামি, এই মৌলবাদীদের প্রতিহত করি, ধর্মের পবিত্রতা রক্ষা করি। দেশের সরকারি অনুদানে চলা সব ধর্মীয় ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা সব জেলা শহরের জিরো পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানান বক্তারা।
সভায় বক্তৃতা করেন মনসুর খান, মুক্তিযোদ্ধা মনির হোসেন, শহীদ সন্তান ফাহিম রেজা নূর, রাফায়েত চৌধুরী, ডা. আবদুল বাতেন, শহীদ সন্তান কবি হাসান আল আবদুল্লাহ, শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, ডা. ফেরদৌস খন্দকার, শেখ আতিকুল ইসলাম, গণজাগরণ মঞ্চের সংগঠক আল আমিন ও রওশন আরা প্রমুখ।