বছরে ১০ হাজার আমেরিকান বন্দুকের গুলিতে মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর আমেরিকায় গড়ে ১০ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁদের কেউ আত্মহত্যা করেন, কেউ অন্যের ছোড়া গুলিতে নিহত হন। ১ অক্টোবর লাস ভেগাসে যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, তা একরকম নিয়মিতই বলা যায়। মৃতের সংখ্যা বিবেচনায়ই শুধু এ ধরনের হামলা আলোচনায় আসে। কিছুদিন বন্দুক বিক্রয় নিয়ন্ত্রণ আইন নিয়ে বিতর্ক চলে। তারপর আবার সব একই রকম।

এর আগে অরল্যান্ডো হামলায় ৪৯ জন নিহত হওয়ার পরও একই বিষয় আলোচনায় এসেছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। বরং চলতি বছর ওবামার সময় করা বন্দুক নিয়ন্ত্রণ আইনটিও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এখন লাস ভেগাসের হামলায় ৫৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হওয়ার পর বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আবারও জমে উঠেছে। যদিও এসব আলোচনার কোনো সুনির্দিষ্ট পথ বাতলে দেওয়ার সক্ষমতা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে।
আমেরিকার রয়েছে এক অদ্ভুত ‘বন্দুক সংস্কৃতি’। দেশটির মানুষের একটি বড় অংশেরই নিজের কাছে বন্দুক রাখা নিয়ে রয়েছে ব্যাপক পক্ষপাত। অনেকেই এটিকে নিজেদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। বিশ্বের আর কোথাও এমন সংস্কৃতি দেখা যায় না।
ন্যাশনাল ইনস্টিটিউট অব জাস্টিসের (এনআইজে) ২০০৯ সালের তথ্যমতে, আমেরিকার বেসামরিক মানুষের হাতে রয়েছে আনুমানিক ৩১০ মিলিয়ন (৩১ কোটি) বন্দুক। এ ক্ষেত্রে এর পরের অবস্থানে ভারত থাকলেও এর সঙ্গে আমেরিকার তুলনা চলে না। কারণ, সব মিলিয়ে ভারতে বেসামরিক মানুষের হাতে ৪৬ মিলিয়ন বন্দুক রয়েছে। আর সুইজারল্যান্ডভিত্তিক স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্যমতে, সারা বিশ্বে বেসামরিক মানুষের হাতে থাকা অস্ত্রের পরিমাণ ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি। অর্থাৎ সারা বিশ্বে বেসামরিক মানুষের কাছে থাকা অস্ত্রের প্রায় অর্ধেকই রয়েছে আমেরিকায়। বলার অপেক্ষা রাখে না, এসবই বৈধ অস্ত্রের হিসাব, তা-ও আবার প্রায় এক দশক আগের। সংঘাতপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে বেসামরিক মানুষের হাতে থাকা সব অস্ত্রের হদিস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে এসএএস।

আরেক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপের তথ্য বলছে, আমেরিকার প্রতি দশ জনে চারজনের কাছেই অস্ত্র রয়েছে। আর ৪৮ শতাংশই বেড়ে উঠেছেন এমন ঘর ও পরিবেশে, যেখানে ছিল অস্ত্রের মজুত। এসব অস্ত্রধারী বেসামরিক মানুষের আবার ৬৬ শতাংশের কাছে রয়েছে একাধিক বন্দুক। আর জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের এক-তৃতীয়াংশই জানিয়েছেন, তাঁরা অস্ত্র ছাড়া বেঁচে থাকাটা কল্পনাই করতে পারেন না। মাথাপিছু হিসাবে আমেরিকায় ৮৯ শতাংশ মানুষের হাতে বন্দুক রয়েছে। এর পরেই রয়েছে ইয়েমেন। মাথাপিছু হিসাবে দেশটির ৫৫ শতাংশ মানুষের হাতে অস্ত্র রয়েছে। এখানে ইয়েমেনের গৃহযুদ্ধ পরিস্থিতির বিষয়টি মনে রাখা প্রয়োজন।
আর গণবন্দুক হামলার প্রসঙ্গ এলে আমেরিকা এককথায় অপ্রতিদ্বন্দ্বী। ১ অক্টোবরের আগে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনাটি ঘটে অরল্যান্ডোয় ২০১৬ সালে, যেখানে নিহত হয়েছিল ৪৯ জন। এর আগে ২০১২ সালে কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় নিহত হয় ২৬ জন। এর মধ্যে ২০ জনই ছিল শিশু। আর ২০০৭ সালে ভার্জিনিয়া টেকে চালানো বন্দুক হামলায় নিহত হয়েছিল ৩২ জন। মনে রাখা প্রয়োজন, এসবই বন্দুক হামলার বড় ঘটনা। এসব ঘটনার ফাঁক-ফোকরে ছোটখাটো অনেক ঘটনা রয়েছে।
বড় ধরনের বন্দুক হামলার ঘটনাগুলো অবধারিতভাবেই সামনে নিয়ে আসে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে ধ্রুপদি বিতর্কটিকে, যেমনটা এনেছিল স্যান্ডি হুক স্কুল। সে সময় বিতর্কটি বেশ জমে ওঠে। তখনকার ওবামা প্রশাসন কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে অবস্থান নেয়। কিন্তু শেষ পর্যন্ত মানসিকভাবে অসুস্থ ব্যক্তির কাছে বন্দুক বিক্রয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেই সে প্রচেষ্টায় ক্ষান্ত দিতে হয়, যা মাত্র কয়েক মাস আগে তুলে নেওয়া হয়।
বন্দুক হামলার পর বিদ্যমান আইনকে কঠোর করার দাবিটি হচ্ছে বিতর্কের একটি দিক। অবিশ্বাস্য হলেও সত্য, বন্দুক হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটলে এ আইন আরও নমনীয় করার দাবিটিও একই সঙ্গে উচ্চারিত হয়। লাস ভেগাসের ঘটনার পরও তা ঘটছে। এ ক্ষেত্রে আত্মরক্ষার্থে নিজের কাছে বন্দুক রাখা ও তা বহন করাকে অধিকার হিসেবে বর্ণনা করা হয়। যদিও পিউ রিসার্চ সেন্টারের গবেষণার তথ্যমতে, প্রতিবছর বন্দুকের গুলিতে নিহত ব্যক্তিদের ৫০ শতাংশেরও বেশি আত্মহত্যার ঘটনা।
এ ধরনের সহিংসতার বিপরীতে কঠোর বন্দুক আইনের কার্যকারিতা বিশ্বজুড়েই প্রমাণিত। ১৯৮৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় চারটি বড় গণবন্দুক হামলার ঘটনা ঘটলে বেসামরিক মানুষের হাতে বন্দুকের মালিকানার বিরুদ্ধে দেশটিতে জনমত গড়ে ওঠে। সে সময় দেশটির পার্লামেন্ট বন্দুক বিক্রয়ের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে একটি আইন করে। এরপর থেকে অস্ট্রেলিয়ায় বড় ধরনের কোনো বন্দুক হামলার ঘটনা আর ঘটেনি। তবে অস্ট্রেলিয়ার মতো কোনো সমাধানে পৌঁছানো আমেরিকার পক্ষে কঠিন। কারণ, ১৯৯৬ সালে অস্ট্রেলীয় সরকারের আহ্বানে ৬০ হাজার রাইফেল জমা দিয়ে অর্থ ফেরত নেন সংশ্লিষ্ট অস্ত্রের মালিকেরা। আমেরিকায় এটি করতে গেলে ফেরত নিতে হবে প্রায় ৯০ মিলিয়ন অস্ত্র, যার অর্থমূল্য হবে কয়েক বিলিয়ন ডলার।
রয়েছে সামাজিক সম্মতির বিষয়ও। আমেরিকায় এ-বিষয়ক বিতর্কের কেন্দ্রে সব সময়ই রয়েছে সহিংসতা বন্ধে কঠোর নাকি নমনীয় বন্দুক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তার প্রশ্নটি। অর্থাৎ সহিংসতার মাত্রা যা-ই হোক না কেন, আমেরিকানরা ঐতিহাসিকভাবেই এ প্রশ্নের উত্তর নিয়ে সংশয়াচ্ছন্ন। নমনীয় বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষাবলম্বনকারী ব্যক্তিরা একে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করছেন। কিন্তু এর পেছনে দ্বিদলীয় রাজনীতির সমীকরণ, রিপাবলিকান রাজনীতিতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) প্রভাব, অস্ত্র উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তথাকথিত বন্দুক সংস্কৃতির যে যথেষ্ট ভূমিকা রয়েছে, তা চোখ বন্ধ করেই বলা যায়।
ফলে লাস ভেগাসের ঘটনায় কংগ্রেসের নেতাদের মধ্যে শুরু হওয়া তোড়জোড় কিংবা ‘সত্যিকারের পদক্ষেপ’ গ্রহণের যে দাবি উঠেছে, তার খুব একটা আশা দেখছেন না বিশ্লেষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর প্রতিবেদনে এবারের প্রচেষ্টায় ‘বাম্প স্টকস’ নিষিদ্ধ করতে পারলেই তা বড় অর্জন হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, এ বিশেষ সরঞ্জাম দিয়ে সেমি অটোমেটিক রাইফেলকে সম্পূর্ণ অটোমেটিক রাইফেলে রূপান্তর করা যায়। এনআরএ বাম্প স্টকসের বিক্রি বাড়াতে বিশেষ প্রচার চালায়। এমনকি এ ক্ষেত্রে সংস্থাটি বিশেষ ছাড়ও দিয়ে থাকে।
এ ক্ষেত্রে এনআরএ বন্দুক রাখার অধিকারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা রক্ষণশীল ধারণাটিই ব্যবহার করে। অস্ত্র আইনের অন্তঃসারশূন্যতা প্রমাণে সংস্থাটির প্রচারও এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। স্যান্ডি হুক স্কুলের ঘটনার কিছুদিন পর ২০১৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড্যান কাহান একটি গবেষণা করেন। সামাজিক সমস্যা নিয়ে হওয়া বিভিন্ন বিতর্ক কেন শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত ফল আনতে পারে না, তা নিরূপণ করাই ছিল এর লক্ষ্য। দুটি ধাপে গবেষণাটি করা হয়। প্রথম ধাপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে গাণিতিক ও যুক্তিবোধের দিক থেকে এগিয়ে থাকা অংশটিকে চিহ্নিত করা হয়। এরপরই সামনে হাজির করা হয় বন্দুক আইন কঠোর করলে সহিংসতা কমবে কি না, এ প্রশ্নটি। কিন্তু এ পর্যায়ে যুক্তিবোধসম্পন্ন মানুষকে দেখা যায় বোধবুদ্ধি হারাতে। অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রায় সবাই নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকেই এর উত্তর হাজির করেন। অর্থাৎ বুদ্ধি বিবেচনায় যত উন্নতই হোক না কেন, সামাজিক সংকটের সমাধান খুঁজতে গিয়ে মানুষ একধরনের গোত্র সংস্কৃতিরই ধারক হয়ে ওঠে শেষ পর্যন্ত। আর এটিই আমেরিকার বন্দুক আইন নিয়ে বিতর্কটিকে অনিঃশেষ এক বাগ্‌যুদ্ধে পরিণত করেছে।
তবে কংগ্রেসে সব মিলিয়ে শেষ পর্যন্ত একটি বন্দুক নিয়ন্ত্রণ আইন এবার হয়েও যেতে পারে। কারণ, বর্তমান আমেরিকায় এমন কোনো আইনের অস্তিত্ব আদৌ নেই। এ ক্ষেত্রে যেকোনো পদক্ষেপ নিয়েই ‘বিরাট কিছু করা হয়েছে’ প্রতীয়মান করে কংগ্রেসের সামনে ‘নায়ক’ বনে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অনেক বিতর্কের ভিড়ে কোনো ‘সুনির্দিষ্ট প্রস্তাবের অনুপস্থিতি’ই এর সবচেয়ে বড় কারণ।