বছরে ১২ সপ্তাহের সবেতন ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সঙ্গে বাড়তি কিছু সময় কাটানোর ইচ্ছা সবারই থাকে। কিন্তু ইচ্ছা থাকলেও তা বাস্তবায়নের সুযোগ খুব কমই পান চাকরিজীবীরা। ভয় থাকে চাকরি হারানোর কিংবা বেতন কাটা পড়ার। এই যখন বাস্তবতা তখন নিউইয়র্কের চাকরিজীবীদের জন্য বছরে আট সপ্তাহের সবেতন ছুটির সুযোগ তৈরি হওয়াটা বিশেষ কিছুই। কারণ এ ছুটির জন্য চাকরি হারানোর ভয় নেই, নেই বেতন কাটা পড়ার শঙ্কা। এটাকেই বলা হচ্ছে পেইড ফ্যামিলি লিভ, নিউইয়র্কে যা কার্যকর হচ্ছে আগামী বছরের জানুয়ারি থেকেই। শুরুতে এ ছুটির পরিসর বছরে আট সপ্তাহ হলেও ২০২১ সাল নাগাদ এর ব্যাপ্তি বেড়ে দাঁড়াবে ১২ সপ্তাহে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো অনেক আগেই এ সম্পর্কিত একটি বিল পাস করিয়েছেন। নিউইয়র্ক স্টেট ওয়ার্কার্স কমপেনসেশন বোর্ড এ সবেতন ছুটির জন্য ভর্তুকি দেবে। এরই মধ্যে সরকারি তথ্য বিবরণীতে দেওয়া

হয়েছে এ-বিষয়ক ঘোষণা। এখন বিষয়টি সম্পর্কে সবাইকে অবহিত করতে চলছে প্রচার কার্যক্রম।

চাকরিজীবীরা তো পেলেন তাদের কাঙ্ক্ষিত পেইড ফ্যামিলি লিভ। কিন্তু চাকরিদাতাদের কী হবে? এ জন্যও ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের দীর্ঘ এ ছুটির সময় চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো ক্ষতি পুষিয়ে নিতে পারবে বিমার মাধ্যমে। এরই মধ্যে এ লক্ষ্যে নতুন একটি স্কিম নিয়ে কাজ শুরু করেছে বিমা কোম্পানিগুলো। এই স্কিমে বছরে ৩২ হাজার ডলার বেতন পাওয়া একজন কর্মীর জন্য বছরে মাত্র ৮৭ ডলারের প্রিমিয়াম দিতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকে। আর বার্ষিক ৬৭ হাজার ডলারের বেশি বেতন পাওয়া কর্মীর বিপরীতে সপ্তাহে ১ দশমিক ৬৭ ডলার হারে প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে চাকরিজীবীদেরও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ‘১ জানুয়ারি থেকে প্রায় প্রতিটি বেসরকারি চাকরিজীবী পরিশোধিত ছুটির যোগ্য হবেন’। এই পরিশোধিত ছুটি প্রাথমিকভাবে আট সপ্তাহের হলেও, ২০২১ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে বছরে ১২ সপ্তাহে। এই হিসাবে প্রতি মাসে অন্তত এক সপ্তাহের সবেতন ছুটি পাবেন কর্মচারীরা। একই সঙ্গে এই ছুটি কাটিয়ে আসার আগ পর্যন্ত কোনো কর্মচারীকে চাকরিচ্যুত না করা ও তার স্বাস্থ্যবিমা সুবিধা বলবৎ রাখার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে। এই নিয়ম বাস্তবায়নে এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দিতে শুরু করেছে রাজ্যের শ্রম অধিদপ্তর।
গভর্নর অ্যান্ড্রু কুমো ২০১৬ সালে নিউইয়র্কে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিল পাস করানোর পরপরই এই সবেতন ছুটির বিল নিয়ে কাজ শুরু করেন। এ ক্ষেত্রে শ্রমিক ইউনিয়নগুলোর চাপের পাশাপাশি কাজ করেছে কুমোর ব্যক্তিগত আবেগও। বিলটি উত্থাপনের সময় কুমো বলেছিলেন, ‘বাবার শেষ সময়টাতে আমার উচিত ছিল তাঁর সঙ্গে কিছুটা সময় কাটানো। কিন্তু আমি পারিনি। কারণ আমার ছুটি নেওয়ার সাধ্য ছিল না সে সময়। ছুটি নিলে চাকরি হারানোর ভয় ছিল। অথচ আমার পরিবার আমার জীবিকার চেয়ে বেশি মূল্যবান। মৃত্যুশয্যায় বাবা আমাকে পাশে চেয়েছিলেন।’
এই সবকিছু বিবেচনা করেই এ সবেতন ছুটির বিলটি তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নবাগত সন্তানকে সময় দেওয়া, নিকটাত্মীয়ের শুস্রুসা বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনে দীর্ঘদিন পরিবার বিচ্ছিন্ন থাকা সামরিক কর্মচারীদের পরিবারকে সময় দেওয়ার জন্য বিশেষভাবে এ ছুটি দেওয়া হবে।
কিছু বিধিবদ্ধ নিয়ম অন্তর্ভুক্ত হয়েছে বিলটিতে। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, গড়ে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করেন এমন কর্মীরা কোনো প্রতিষ্ঠানে ২৬ সপ্তাহ কাজ করলেই এই সবেতন ছুটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আর গড়ে ২০ ঘণ্টার কম কাজ করেন, এমন কর্মীরা ১৭৫ দিন পর এ ছুটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আর যারা একাধিক প্রতিষ্ঠানে কর্মরত, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে একই সময়ে এ ছুটি নিতে হবে। শুধু তা-ই নয়, এ ছুটির প্রাপ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর নাগরিক স্ট্যাটাস বা অভিবাসনগত বৈধতা আছে কি নেই, তা বিবেচ্য হবে না। তবে ছুটি নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীকে এক মাস আগে নিজ প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে আগে থেকে না জানিয়েও এ ছুটি নেওয়া যাবে। সে ক্ষেত্রে পরিস্থিতির ব্যাখ্যা দিতে হবে কর্মীকে।
প্রসঙ্গত, ধনী দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকাতেই জাতীয়ভাবে কোনো পেইড ফ্যামিলি লিভের ব্যবস্থা নেই। ফলে অঙ্গরাজ্যগুলো পৃথকভাবে এটি বাস্তবায়নের চেষ্টা করছে। এরই মধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় এই বৈতনিক ছুটির ব্যবস্থা চালু করা হয়েছে। এখন এই তালিকায় যুক্ত হচ্ছে নিউইয়র্ক। জানুয়ারির শুরুতেই এটি চালুর পর নিউইয়র্কের প্রায় সাত মিলিয়ন চাকরিজীবী এই সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।