বছরের প্রথম সাহিত্য আসরজুড়েই ছিলেন শওকত আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য একাডেমির বছরের প্রথম আসরে নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি কবি ও লেখকেরা
সাহিত্য একাডেমির বছরের প্রথম আসরে নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি কবি ও লেখকেরা

জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার সম্মেলন কক্ষে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য একাডেমির নতুন বছরের প্রথম নিয়মিত মাসিক সাহিত্য আসর। ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আয়োজিত জমজমাট ৮৬তম আসর পরিচালনায় ছিলেন সাহিত্য একাডেমি, নিউইয়র্কের পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাহিত্য একাডেমির এবারের আসরে ঘুরেফিরে সবার কথায় গভীর ভালোবাসায় উঠে এসেছেন শওকত আলী। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই পর্বে কবি তমিজ উদ্দীন লোদী বলেন, ‘কথা সাহিত্যে হাতে গোনা কয়েকজনের নাম বলতে গেলে শওকত আলীর নাম উল্লেখযোগ্য। তিনি প্রান্তিক মানুষের কথা বলতেন। নিপীড়িত, নিষ্পেষিত মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশা, বেঁচে থাকার সংগ্রামের কথা বলতেন। সাদা চোখে তিনি জীবনকে দেখেছেন বাস্তবতার কঠিন নিরিখে। শওকত আলী ছিলেন নিভৃতচারী, অন্তর্মুখী। বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত এই গুণীজন তাঁর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।’ তিনি সবাইকে শওকত আলীর লেখা পড়ার আহ্বান জানান।
লেখা পাঠের মাঝে মাঝে আলোচনায় অংশ নেন ফেরদৌস সাজেদীন, মোহাম্মদ ফজলুর রহমান, হুসাইন কবির, সাজেদা চৌধুরী পরাগ, কাজী আতীক, হুসনেয়ারা বেগম প্রমুখ। এবারের আসরে নিজেদের লেখা কবিতা, ছড়া আবৃত্তি করেন সোনিয়া কাদের, মঞ্জুর কাদের, লিয়াকত আলী, শাহ আলম দুলাল, মনিজা রহমান, শাহীন ইবনে দেলওয়ার, এ বি এম সালেহ উদ্দীন, পলি শাহানা, সুরিত বড়ুয়া, রিমি রুম্মান, মাকসুদা আহমেদ, মোহাম্মদ আলী বাবুল, উইলি মুক্তি, ওয়াহেদ হোসেন, কামরুন নাহার রীতা, সবিতা দাস, আবু সায়িদ রতন, আহম্মেদ হোসেন বাবু, সালেহীন সাজু, আবুল বাশার, আলম সিদ্দিকী, আল আমিন বাবু, জাকির হোসেন মিয়া, লুৎফা শাহানা, আনোয়ার সেলিম, জুঁই ইসলাম প্রমুখ।
সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমীন, শিল্পী শহীদ উদ্দীন, রাহাত কাজী শিউলি, শামস চৌধুরী, সৈয়দ আহমেদ জুয়েদ, মোহাম্মদ নাসিরউল্লাহ, পারভীন পিয়া, দিপু, ফজলে রাব্বী প্রমুখ। কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘গল্প, কবিতায় সাহিত্য একাডেমির ঘরটি পবিত্র থেকে পবিত্রতর হয়ে উঠেছে। ভিনদেশে রবীন্দ্রনাথকে তুলে ধরে কাস্টমারের কাছে আত্মপরিচয় দেওয়াসহ তাঁর জীবনের বাস্তব দুটি ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, ভবিষ্যতে সাহিত্য একাডেমির মাধ্যমে
বিদেশের মাটিতে বাংলাদেশিরা গর্ব সহকারে নিজেদের পরিচয় তুলে ধরতে সক্ষম হবেন।’
সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘নেশাজাত দ্রব্যের প্রতি কোনো টান ছিল না। কিন্তু এখন সাহিত্য একাডেমিকে মনে হয় একটি নেশা দ্রব্য। সাহিত্য একাডেমির প্রতি প্রবল টান অনুভব করি।’ শওকত আলীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাঁর বাণীতে আলোচনার সময় শওকত আলী নিজের লেখা নিয়ে কোনো কথা বলেননি। তাঁর আলোচনায় উঠে এসেছে সাধারণ শ্রমজীবী মানুষদের কথা। যারা নিজেদের কথা বলতে পারেন না, দাবি আদায় করতে পারেন না। লেখকদের উচিত তাঁদের কথা লেখা।’
কবি কাজী আতীক তাঁর লেখা পাঠের আগে বলেন, সাহিত্য একাডেমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই পরিকল্পনাগুলোর কথা জানিয়ে দেওয়া হবে। অধ্যাপিকা হুসনে আরা বলেন, ‘সাহিত্য রচনা করতে না পারলেও সাহিত্যপ্রেমীদের ভালোবাসি, তাই বারবার পরিচালকের আহ্বানে সাহিত্য একাডেমিতে চলে আসি।’ কবি হোসাইন কবির বলেন, ‘৩৬ জনের আবৃত্তি শুনেছি, চারজনের বক্তব্য শুনে মনে হলো এটি একটি বড় কর্মযজ্ঞের জায়গা। ভবিষ্যতে সাহিত্য একাডেমির সঙ্গে কাজ করতে চাই।’ দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের মেয়ে সাদিয়া চোধুরী পরাগ কথা সাহিত্যিক শওকত আলীকে স্মরণ করে বলেন, উত্তরের খেপ বারবার কাঁদায়, বারবার ভাবায়। তাঁর সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল।
গীতিকার ইশতিয়াক রুপু বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত সাহিত্য একাডেমির অনুষ্ঠানসূচি দেখে অনেকেই অনুষ্ঠানে আসেন।’ তাঁর কথার রেষ ধরে পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘অন্যান্য প্রচারমাধ্যমেও যদি সাহিত্য একাডেমির অনুষ্ঠানের ঘোষণা প্রকাশ করেন তাহলে আরও অনেকেই সাহিত্য একাডেমির অনুষ্ঠানে আসতে পারবেন।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কবি সোনিয়া কাদির, ছড়াকার মনজুর কাদের, কবি আনোয়ার সেলিম, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লেখক কামাল হোসেন মিঠু, কবি মোহাম্মদ আলী বাবুল প্রমুখ। চমৎকার আবৃত্তি করেন কবি আহমেদ হোসেন বাবু ও আবৃত্তিকার পারভীন সুলতানা। প্রাবন্ধিক শামসাদ হুসাম অন্য কবির একটি কবিতা আবৃত্তি করেন।
এ ছাড়া বুদ্ধদেব বসুকে নিয়ে কবি শহীদ কাদরীর লেখা তথ্যসম্মৃদ্ধ একটি প্রবন্ধ পাঠ করেন কবি পত্নী নীরা কাদরী। সবাইকে ধন্যবাদ ও আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।