বছরের প্রথম দিন জর্জিয়াতে করোনায় বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমেশ চন্দ্র সাহা
ছবি:সংগৃহীত

জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রমেশ চন্দ্র সাহা (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি স্থানীয় একটি নর্থ সাইড হাসপাতালে মারা গেছেন। করোনা শনাক্তের পর থেকেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার দুই মেয়ে ও স্ত্রী করোনা সংক্রমিত বলে জানা গেছে। তাঁরাও কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এখন তাঁরা বাসায় কোয়ারেন্টিন আছেন।

নোয়াখালী থেকে যুক্তরাষ্ট্রে আসা রমেশ চন্দ্র দীর্ঘদিন ধরে জর্জিয়া অঙ্গরাজ্যে বসবাস করছিলেন। বন্ধুসুলভ সদালাপী রমেশ চন্দ্র জর্জিয়ায় বাংলাদেশি বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

রমেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহসভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরে জর্জিয়া আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বছরের প্রথম প্রহরে রমেশ সাহার মৃত্যুতে শোকাহত বাংলাদেশি মার্কিনরা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

করোনার প্রথম ঢেউয়ে জর্জিয়ায় বাংলাদেশি মার্কিন বাগেরহাটের এক দম্পতি মাত্র এক দিনের ব্যবধানে মারা যান। এই অঙ্গরাজ্যে রমেশসহ এ পর্যন্ত তিন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জর্জিয়ায় বেশ কিছু বাংলাদেশি করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। গত বছর করোনাভাইরাসে প্রাদুর্ভাবের পর ১ জানুয়ারি পর্যন্ত জর্জিয়া অঙ্গরাজ্যে ৫৭ লাখ ৫ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৮৯ জনের।