বদলে যেতে পারে বর্তমান বিশ্বব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম ও যুদ্ধের মতো কূটনীতিতেও স্থায়ী মিত্র বলে কেউ নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কথাটি প্রমাণে যেন উঠে-পড়ে লেগেছে। আমেরিকার চিরায়ত শত্রু রাশিয়াকে আগেই কাছে টেনে নিয়েছেন ট্রাম্প। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। শুধু দেশের ভেতরে নয়, আমেরিকার দীর্ঘদিনের পশ্চিমা মিত্রদেশগুলোও এতে মহাবিরক্ত। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থায় আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একই লাইন অনুসরণ করে এসেছে। ফলে এই ঘোলা জল কোথায় গিয়ে ঠেকবে তা বলার সময় এখনো আসেনি।
ন্যাটো ও জি-৭ এর বৈঠকে যোগ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ইউরোপীয় মিত্রদের আবার চটিয়ে দিয়েছেন। ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে এই জোটের সহযোগী দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়ানোর কথা বলেছেন। অর্থাৎ ন্যাটো জোটের ব্যয় নির্বাহের জন্য তারা যেন আরও বেশি করে চাঁদা দেয়। বন্ধুদের তিনি জানিয়ে দিয়েছেন, আমেরিকান জনগণ ও করদাতাদের অর্থ এভাবে ব্যয় করাটা আদৌ ভালো দেখায় না। সিসিলিতে উন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠকে নিয়ন্ত্রিত বাণিজ্য, জাতীয়তাবাদ, বহুত্ববাদ থেকে সরে আসা, জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্প যে অভিমত দিয়েছেন তার সঙ্গে একমত হননি ইউরোপের কোনো নেতা। এ ছাড়া ‘মারমুখী’ রাশিয়াকে ঠেকাতে আমেরিকার যে ভূমিকা পালনের দরকার ছিল তা না পেয়ে হতাশ তাঁরা। তাঁরা আরও হতাশ এ কারণে যে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের ‘ধোঁয়াশা’পূর্ণ মনোভাব।
ইউরোপীয় মিত্রদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে খেপেছেন জার্মানির ওপর। জার্মানির কেন উদ্বৃত্ত বাণিজ্য থাকবে? কেন তারা মেক্সিকোতে গাড়ি তৈরি করে আমেরিকায় রপ্তানি করে? এত দিন পর হঠাৎ করে বলায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের আমেরিকার ওপর আর আস্থা রাখতে পারছে না ইউরোপ। তাকে তার ভাগ্য নিজেকেই গড়তে হবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী সদস্য জার্মানির সরকারপ্রধানের মুখে এ কথা অনেক গুরুত্ব বহন করে। ‘ঘরপোড়া গরু’র মতো জার্মানি প্রথম নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছে। এ ব্যাপারে পাশে পেয়েছে ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে।
মিউনিখে এক নির্বাচনী সমাবেশে ম্যার্কেল বলেন, ‘অন্যদের ওপর পুরোপুরি আস্থা রাখার দিন শেষ হয়ে গেছে। গত কয়েক দিনে আমি এটা বুঝেছি। ইউরোপীয়দের নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে।’ একদিকে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, অন্যদিকে ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার এত দিনকার অনুসরণ করা পথ থেকে সরে আসা, এরপর রাশিয়া আতঙ্ক—সব মিলিয়ে পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে।
ইউরোপ তো তার মতো করে ব্যবস্থা করে নেবে। কিন্তু ট্রাম্পের আমেরিকা তার এত দিনকার বন্ধুদের যে অনাস্থা অর্জন করছে তা ঘোচাবে কীভাবে? ন্যাটোয় আমেরিকার সাবেক প্রতিনিধি ইভো এইচ ডাডলার বলেছেন, আমেরিকা নেতৃত্ব দিত, ইউরোপ তাকে অনুসরণ করত—এই যুগের বোধ হয় ইতি ঘটছে। আর সত্যিই যদি তা ঘটে তাহলে ভবিষ্যতের নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত মিলছে এর মধ্য দিয়ে।