
যুক্তরাষ্ট্রে আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় প্রচণ্ড ব্যস্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নেভাদা অঙ্গরাজ্যের রিনোতে গত শনিবার এমনই এক প্রচারসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। ভিড়ের মধ্যে হঠাৎ কেউ একজন ‘বন্দুক, বন্দুক!’ বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নিলেন গোয়েন্দারা।
তবে কিছু পরই ভয়টা মিথ্যা প্রমাণিত হলো। মঞ্চে আবার ফিরে এলেন ট্রাম্প। জানা গেল, তাঁর ওই প্রচারসভায় এক ব্যক্তি ‘ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকানরা’ বোঝানো একটা প্রতীক ধরে ছিলেন। তা দেখেই কেউ একজন চিৎকার করে উঠেছিলেন। প্রতীকধারী অস্টিন ক্রাইটস নামের ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করেন গোয়েন্দারা।
মঞ্চে ফিরেই ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারণা তাঁর জন্য কখনোই সহজ ছিল না। তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এ সময়। সেই সঙ্গে গোয়েন্দাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁরা বিস্ময়কর। তাঁদের যোগ্যতার সঠিক মূল্যায়ন হওয়া উচিত।
সন্দেহভাজন অস্টিন ক্রাইটসকে এবং সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে পরে নিশ্চিত করেছেন গোয়েন্দারা। ঘটনার পর অস্টিন সাংবাদিকদের বলেন, ‘কেউ আমার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমি এখানকার মানুষদের বলছি, আমার কাছে কোনো বন্দুক নেই। আমার কাছে শুধু একটা প্রতীক আছে।’
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে প্রার্থিতার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপদের আশঙ্কায় ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো।
রিনোর প্রচারসভায় পরে ট্রাম্প বলেন, প্রচারণার এই শেষ মুহূর্তে তিনি ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো চষে বেড়াবেন। এর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও মিনেসোটা উল্লেখযোগ্য। ১৯৭২ সালের পর এসব অঙ্গরাজ্যে রিপাবলিকানরা বিজয়ী হতে পারেননি।
শুধু ট্রাম্পই নয়, প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার পর থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সফরসূচিতেও হঠাৎ পরিবর্তন আনা হচ্ছে। ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা রয়েছে এমন কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক জনমত জরিপগুলোয় হিলারির জনপ্রিয়তায় ভাটা পড়তে দেখা গেছে। আর এই বিষয়টিকেই জয় নিশ্চিতের সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প শিবির।
এদিকে ফ্লোরিডায় প্রচারণা শেষ করে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মার্কিন সংগীতশিল্পী কেটি পেরিকে নিয়ে এক প্রচারসভায় হাজির হয়েছিলেন হিলারি। সেখানে তিনি উপস্থিত জনতার কাছে ভোট চেয়ে বলেন, ‘আপনাদের সন্তান এবং নাতি-নাতনিরা যখন প্রশ্ন করবে, ২০১৬ সালের নির্বাচনে তোমরা কী করেছ? আমি নিশ্চিত করতে চাই, আপনারা সে সময় বলবেন, “আমি ভালোর পক্ষে এবং শক্তিশালী আর সুন্দর আমেরিকার জন্য ভোট দিয়েছি”।’
মঞ্চে উঠে সংগীত পরিবেশনের পর কেটি পেরি বলেন, মঙ্গলবার মজা হবে, তবে বুধবার হবে আরও ভালো।
এদিকে যুক্তরাষ্ট্রে চার কোটির বেশি আগাম ভোট পড়ার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, আগাম ভোটদাতাদের মধ্যে লাতিনদের সংখ্যাই বেশি। ফ্লোরিডা, অ্যারিজোনা ও নেভাদায় এ ধরনের ভোট পড়ার হার বেশি। বিশ্লেষকেরা বলছেন, আগাম ভোটের কারণে নেভাদায় ৮ নভেম্বর ভোট শুরুর আগেই যথেষ্ট এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা।