বন্দুক হামলার সময় স্ত্রীকে এসএমএস করেন ওমর মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলার সময় স্ত্রী নূর সালমানের সঙ্গে খুদে বার্তা বিনিময় করেছিলেন আফগান-বংশোদ্ভূত মার্কিন যুবক ওমর মতিন। হামলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালানোর পর ওমর তিন ঘণ্টা নাইট ক্লাবের বাথরুমে আটকে ছিলেন। এ সময় স্ত্রীর সঙ্গে তাঁর খুদে বার্তা বিনিময় হয় বলে মার্কিন তদন্ত সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে মার্কিন কর্তৃপক্ষ ওমরের বাবা সিদ্দিক মতিন এবং স্ত্রী নূর সালমানের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
গত শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের জনপ্রিয় নাইট ক্লাবে ‘পালস’-এ ভয়াবহ হামলায় ৪৯ জন নিহত এবং ৫৩ জন আহত হন।
সিএনএন জানিয়েছে, ২৯ বছর বয়সী ওমর গত শনিবার গভীর রাতে হামলার সময় একটি টেলিভিশন চ্যানেলেও ফোন করেন।
খুদে বার্তায় স্ত্রীর সঙ্গে ওমর মতিনের কী কথা হয়েছিল, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি এই সিএনএন। তবে এর আগে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নূর সালমান এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তিনি মুঠোফোনে যোগাযোগের সময় স্বামীকে হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি আগে থেকে স্বামী ওমরের হামলার পরিকল্পনা জানতেন কি না এবং জানা থাকলে তা গোপন করেছেন কি না, এফবিআই তা খতিয়ে দেখছে।
বিবিসি অনলাইনের খবরে এর আগে বলা হয়েছিল, হামলার সময় বা আগে ওমর ফেসবুকে ‘পাশ্চাত্যের নোংরামির’ তীব্র নিন্দা করেন। ঘটনার পরপরই তাঁর বাবা বলেছিলেন, ফ্লোরিডার মায়ামি শহরে দুজন পুরুষকে চুমু খেতে দেখে খুব ক্ষুব্ধ হয়েছিলেন তাঁর ছেলে।
ঘটনার সময় জরুরি নম্বর ৯১১-তে ফোন করে ওমর মতিন আইএসের প্রতি আনুগত্যও প্রকাশ করেছিলেন। তবে মার্কিন গোয়েন্দা ও শীর্ষ কর্তৃপক্ষের ধারণা, ওমর বাইরের সাংগঠনিক সাহায্য পাননি, বরং সম্ভবত নিজে থেকেই উগ্রপন্থায় দীক্ষিত হয়ে এ ঘটনা ঘটান।
এদিকে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার ওপর বিধিনিষেধ আরও কঠোর করার জন্য কংগ্রেসের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্লোরিডায় বন্দুক হামলায় হতাহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করার পর এ আহ্বান জানান তিনি।
বন্দুক হামলায় হতাহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করার পর ওবামা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাকে জিজ্ঞেস করেছেন, কেন একের পর এমন ঘটনা ঘটে চলেছে।’ মার্কিন প্রেসিডেন্ট এ সময় বলেন, সমকামী ও ভিন্ন লিঙ্গের মানুষের (এলজিবিটি) প্রতি দেশে-বিদেশে চলা ‘বৈষম্য’ অবশ্যই মোকাবিলা করতে হবে।
ওবামা ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অরল্যান্ডো শহরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনও করেন।