বন্দুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রে ৩ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে গতকাল রোববার বন্দুকধারীদের গোলাগুলিতে তিন পুলিশ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ সময় এক হামলাকারীও নিহত হয়। আরও দুই হামলাকারী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন হামলাকারী মুখোশ পরা অবস্থায় হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। পালিয়ে যাওয়া হামলাকারীরা কালো পোশাক কিংবা সেনাবাহিনীর পোশাক পরে ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।

ইস্ট ব্যাটন রুজের পুলিশ কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে খবর আসে, এক ব্যক্তি সশস্ত্র অবস্থায় ব্যাটন রুজ শহরের এয়ারলাইনস হাইওয়ে ধরে হাঁটছে। এ খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। তখন বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি করে। এতে ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মধ্যে তিনজন মারা যান। বাকি পুলিশ সদস্যদের সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত ব্যক্তিরা ব্যাটন রুজ পুলিশ বিভাগ এবং ইস্ট ব্যাটন রুজ প্যারিশ শেরিফ দপ্তরে কর্মরত ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে রোবট ব্যবহার করে বিস্ফোরক অনুসন্ধান করে। পুরো এলাকার রাস্তা বন্ধ করে হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়। স্থানীয় মানুষদের বাসার বাইরে না বেরোতে পরামর্শ দেওয়া হয়।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস এক টুইটার বার্তায় বলেন, ‘এটা আমাদের ওপর অবর্ণনীয় ও অন্যায় হামলা। হামলা এমন সময় হলো, যখন আমাদের ঐক্য খুবই জরুরি।’

সম্প্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় নিরস্ত্র দুই কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক নিহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ চলার সময় ডালাসে এক কৃষ্ণাঙ্গ সাবেক সেনাসদস্যের গুলিতে নিহত হন পুলিশের পাঁচ শ্বেতাঙ্গ সদস্য। আহত হন কয়েকজন। এসব ঘটনার রেশ না কাটতেই পুলিশের ওপর নতুন করে হামলা হলো।

এ মাসের শুরুর দিকে ব্যাটন রুজে পুলিশের গুলিতে অ্যাল্টন স্টারলিং নামের এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই পুলিশের ওপর হামলার বিশ্বাসযোগ্য হুমকি নিয়ে চিন্তিত ছিল পুলিশ।