বন্দুকধারীর গুলিতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি ট্যাটুর দোকানের বাইরে স্থানীয় পুলিশের অবস্থান। গত সোমবার এই এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, গত সোমবার বিকেল পাঁচটার দিকে ডেনভার, লেকউডসহ অন্তত চারটি স্থানে এ হামলা চালানো হয়। প্রথমে ডেনভারে ওই বন্দুকধারীর গুলিতে দুজন নারী ও এক পুরুষ নিহত হন। এ সময় এক পুরুষ বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।

পুলিশ আরও বলেছে, এরপর ওই বন্দুকধারী পার্শ্ববর্তী লেকউডে গিয়ে গুলি চালান। সেখানে এক ব্যক্তি নিহত ও একজন আহত হন। আগের হামলার ঘটনা থেকে বন্দুকধারী সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ। কিন্তু বন্দুকধারী ব্যক্তি আবারও তাঁর অবস্থান বদলে ফেলেন।

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমিও বলেছেন, বন্দুকধারীর অবস্থান শনাক্ত করার পর তাঁর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। একপর্যায়ে ওই অস্ত্রধারী ব্যক্তি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। দুই পক্ষের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

আহত পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন রোমিও। তবে হামলাকারীর উদ্দেশ্য ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ বলেছে, এ ঘটনায় একটি তদন্ত চলছে।