বন্দুক-সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার নিউইয়র্কের শিক্ষার্থীরা
বন্দুক সন্ত্রাস থেকে বেঁচে যাওয়া কিশোরী আলায়াহ ইস্টমোন্ড আমেরিকাব্যাপী আওয়াজ তুলেছে সর্বনাশা বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে। গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ঘটে যাওয়া বন্দুক হামলায় এক গুলিবিদ্ধ সহপাঠীকে বাঁচাতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হয় আলায়াহ। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায় সে। সেদিনের হামলায় ১৭ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। চোখের সামনে ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনা আলায়াহকে এখনো তাড়া করে ফেরে। এর পর আরও বেশ কয়েকটি স্কুলে হয়েছে বন্দুক হামলার ঘটনা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নেমেছে আন্দোলনে। কিন্তু কোনো কিছুতেই কোনো সুরাহা হয়নি। কিন্তু আমেরিকার শিক্ষার্থীরা হাল ছাড়েনি এখনো। সর্বশেষ ৩ জুন নিউইয়র্কে বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
৩ জুন আমেরিকার বিভিন্ন স্কুলে হওয়া বন্দুক সন্ত্রাসের বিপক্ষে নিউইয়র্ক নগরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিপ এনওয়াইসি কলেজের শিক্ষার্থী রেমন কনট্রেরাসের নেতৃত্বে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ব্রুকলিন ব্রিজ অভিমুখী এই শোভাযাত্রা
কোরিয়ান ওয়ার ভেটারেন প্লাজা থেকে শুরু হয়ে লোয়ার ম্যানহাটনের ফলি স্কয়ারে আয়োজিত সমাবেশে গিয়ে যোগ দেয়।
সমাবেশে নিউইয়র্কের শিক্ষার্থী রেমন কনট্রেরাস বিশেষভাবে গত ১৪ ফেব্রুয়ারির ভয়াবহ বন্দুক হামলার ঘটনা স্মরণ করেন। মার্জরি স্টোনম্যান হাইস্কুলে হওয়া ওই হামলার পর আমেরিকাজুড়ে হওয়া বিদ্যালয় বর্জন আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন রেমন কনট্রেরাস। এই আন্দোলনের কথা উল্লেখ করে রেমন বলেন, এটি অবশ্যই সবাইকে আশাবাদী করে, যখন আমরা দেখি ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলের একজন শিক্ষার্থী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পুরো আমেরিকার সামনে তুলে আনছে। প্রাণসংহারী এই বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও নিরাপত্তার দাবিতে আরও বেশি সোচ্চার হতে হবে সবাইকে।
সমাবেশে বিশেষভাবে উঠে আসে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে হামলাকারীর প্রসঙ্গটি। নিকোলাস ক্রুজ নামের ১৯ বছর বয়সী ওই কিশোর হামলাকারী ছিল ওই স্কুলেরই শিক্ষার্থী। আচরণগত সমস্যার কারণে তাকে স্কুলটি থেকে বহিষ্কারও করা হয়েছিল। ওই কিশোরই বন্দুক হাতে ফিরে আসে মার্জরি স্টোনম্যান স্কুলে ভালোবাসা দিবসে। এই নজিরবিহীন হামলার জন্য তার মানসিক অস্থিরতাকে দায়ী করা হয়। বলা হয়, ড্রপ আউট হওয়ার কারণে নিকোলাস ক্রুজ বন্ধুহীন হয়ে যায়। এ ছাড়া ছিল প্রণয়ঘটিত হতাশাও। ওই স্কুলের ভিক্টোরিয়া অলিভেরা নামের এক শিক্ষার্থীর ভাষ্যমতে, প্রেমিকার সঙ্গে বাজে ব্যবহার করায় সম্পর্ক ভেঙে যায় নিকোলাস ক্রুজের। আর এটি তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। বিশেষজ্ঞেরাও এটিকে তার মাঝে প্রতিশোধ স্পৃহা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
নিকোলাসের কজন পুরোনো বন্ধু জানান, তাকে প্রায়ই নিজ বাড়ির পেছনে প্রচলিত কিছু অস্ত্র হাতে অনুশীলন করতে দেখা যেত। এ ছাড়া ডেনিয়েল নামের তার এক সহপাঠী জানায়, ইনস্ট্রাগ্রামে নিকোলাসকে রাইফেলসহ ছবি পোস্ট করতে দেখা গেছে। এসব বিবেচনায় কিশোরী আলায়াহ নিকোলাসকে মনে করছেন আমেরিকান সমাজে বিদ্যমান বিরূপ পরিস্থিতির ফল, যা নিয়ে সমাজবিদ ও রাজনীতিবিদদের কেউ গুরুত্ব দিয়ে ভাবছেন না।
কিন্তু আমেরিকার শিক্ষার্থীরা ঠিকই বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। প্রতি বছর ঘটে যাওয়া এ ধরনের মর্মান্তিক ও পৈশাচিক বন্দুক সন্ত্রাসের বিপক্ষে বর্ণ-ধর্ম বাছবিচার না করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর বিভিন্ন দিক থেকে মানসিক পীড়ন দিনদিন বাড়ছে। এতে তাদের অনেকেই তীব্র অস্থিরতায় ভুগছে, যা এমনকি ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের পথকে প্রশস্ত করছে। অথচ নিরাপত্তার সব প্রকরণ নিয়ে আলোচনা চললেও এই বিষয়টির দিকে না অভিভাবক না সরকার কেউই গুরুত্ব দিচ্ছে না। আর এদিকে একজন শিক্ষার্থীর হাতে আরেকজন শিক্ষার্থী বিনা কারণেই মারা পড়ছে। এটি এক বিরাট ব্যাধি হিসেবে দেখা দিয়েছে আমেরিকায়, যার পেছনের কারণ হিসেবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক পরিবেশ সবকিছুই কোনো না কোনো মাত্রায় দায়ী। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আন্দোলন চালানোর পাশাপাশি বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের পরিসরেই সচেতনতা গড়ে তুলতে হবে।