বন্ধ হচ্ছে ম্যানহাটনের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘ক্লাব-২১’
নিউইয়র্ক নগরের অভিজাত রেস্তোরাঁ ‘ক্লাব-২১’ বন্ধ হচ্ছে। ম্যানহাটনের ওয়েস্ট ৫২ স্ট্রিটের এ রেস্তোরাঁ গত ৯০ বছর ধরে অভিজাত লোকেদের পদচারণায় মুখরিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থকে শুরু করে যুক্তরাষ্ট্র ও এর বাইরের সেলিব্রেটিদেরও প্রিয় গন্তব্য ছিল ক্লাব-২১। কিন্তু এ ক্লাব আর থাকছে না। ১১ ডিসেম্বর নিউইয়র্কের শ্রম বিভাগে করা আবেদনে এ ক্লাব বন্ধ করার কথা জানানো হয়েছে।
করোনা মহামারির শুরুর দিকেই নিউইয়র্কের পরিস্থিতি নাজুক হয়। দীর্ঘ লকডাউনের পর জুলাই মাস থেকে লকডাউন কিছুটা শিথিল করা হলেও আবার নতুন করে এ সপ্তাহ থেকে ইনপারসন ডাইনিং বন্ধ করা হচ্ছে।
নিউইয়র্কে এরই মধ্যে বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। যারা এত দিন টিকে থাকার চেষ্টা করেছে, তাদেরও এখন নতুন করে ভাবতে হচ্ছে। ম্যানহাটনের সারি সারি রেস্তোরাঁর মধ্যে প্রতি ব্লকেই দরজা স্থায়ীভাবে বন্ধের নোটিশ ঝোলানো হচ্ছে।
ক্লাব-২১ রেস্তোরাঁটি ২০২১ সালের মার্চ মাস থেকে তাদের সব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। ক্লাব-২১ এর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই খাতের ব্যবসা-বাণিজ্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে—এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
নিউইয়র্কে পর্যটন বাণিজ্য বলতে কিছু নেই এখন। পৃথিবীর নানা প্রান্ত থকে লোকজনের ছুটে আসার মৌসুম চলে যাচ্ছে। করোনার টিকা দেওয়া শুরু হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সে পর্যন্ত ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন। এ কারণে অনেক ব্যবসায়ীর মতো ক্লাব-২১-কেও এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
কোভিড-১৯ এ পর্যন্ত নিউইয়র্কের প্রায় ৪০ হাজার মানুষই শুধু মারা যায়নি, মুখ থুবড়ে পড়েছে এখানকার অর্থনীতি। হাজার হাজার চেনামুখ যেমন চলে গেছে চিরতরে, তেমনি ঐতিহ্য ও উৎসবের এ নগরের বহু চেনা প্রতিষ্ঠানও হারিয়ে যাচ্ছে। এ তালিকায় নতুন সংযোজন হলো ক্লাব-২১।