বন্ধু দেশ খুঁজছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের জন্য এখন সহযোগী দেশ খুঁজছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো পরীক্ষিত মিত্রদের সাড়া পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা আইএসবিরোধী অভিযানের জন্য ২৫-৩০টি দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তাঁরা মনে করছেন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সবার আগে এগিয়ে আসবে। তবে ২০০৩ সালে ইরাক অভিযানে অংশ নেওয়া অনেক মিত্র এখনো সেই ঘটনার তিক্ত স্মৃতি বয়ে বেড়াচ্ছে বলে নতুন অভিযানে তাদের অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।
আইএসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়ে অবদান রাখতে যুক্তরাজ্য সম্মত হয়েছে বলে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর বেরোয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট বলেছে, ওয়াশিংটনের কাছ থেকে কোনো অনুরোধ পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের একজন মুখপাত্র সম্ভাব্য সামরিক অভিযানে অংশ নেওয়ার বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
গত বছর সিরিয়ায় বাশার আল-আসাদ বাহিনীর বিরুদ্ধে অভিযানের পক্ষে ফ্রান্স অনেক তৎপর ছিল। তবে যুক্তরাষ্ট্র প্রথম দিকে তোড়জোড় করেও শেষ মুহূর্তে পিছু হটায় তারা বিরক্ত। দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘গত বছর যা ঘটেছে, তার পর এখন যদি আমেরিকানরা কিছু করতে চায়, তাহলে আমরা কোনো কিছু করার আগে শক্ত নিশ্চয়তা চাইব।’ আর জার্মানি গত বুধবার বলেছে, তারা আইএসের হুমকি প্রশ্নে আলোচনায় যুক্ত থাকলেও সামরিক অভিযানে অংশ নেবে না।
মিত্রদের মধ্যে এমন মনোভাবের প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, ‘আমরা সহযোগীদের কাছে জানতে চাইছি, তারা কীভাবে অবদান রাখতে পারে। অবদান মানবিক, সামরিক, গোয়েন্দা বা কূটনৈতিক নানাভাবেই হতে পারে।’
তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র একাই পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।