বন্ধুত্বের মিলনমেলা

একটি পত্রিকা হলো দেশের একটি আয়না। যে আয়নায় মানুষ সমাজের প্রতিচ্ছবি দেখে প্রতিদিন। আর প্রথম আলো হলো সেই ঝকঝকে, স্বচ্ছ, প্রথম সারির আয়না। লেখকেরা তাদের চমৎকার লেখনী দিয়ে, কর্মীরা তাদের শ্রম দিয়ে, সম্পাদকেরা তাদের মেধা দিয়ে প্রথম আলোকে পৌঁছে দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নিউইয়র্ক থেকে প্রকাশিত হচ্ছে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ। ১৯ মে ছিল দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আয়োজন করা হয় বন্ধু সমাবেশের। এই বন্ধু সমাবেশ ছিল যেন একটি গোলাপের বাগান। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন লেখক ও প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। তিনি তাঁর চমৎকার লেখনী দিয়ে যেমন পাঠকের মনে স্থান করে নিয়েছেন, তেমনি তার বিনয় ও নম্র আচরণ দিয়ে স্থান করে নিয়েছেন সবার হৃদয়ে। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন, কারও কোনো অসুবিধা হলো কিনা দেখার জন্য। আমি হল রুমে ঢোকার সঙ্গেই সঙ্গেই জিজ্ঞেস করলেন পার্কিং পেয়েছি কিনা, তারপর আমাকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দিলেন বহু গুণী মানুষের সঙ্গে। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও। তাঁকে আমি আগেও দেখেছি, তবে কথা হয়নি কখনো। তিনি এমন সহজ সাবলীলভাবে কথা বলছিলেন, যেন আমি তার খুব পরিচিত কেউ। মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কথা বলছি। আসলে একজন মানুষ যখন প্রতিষ্ঠা পায়, যত ওপরে উঠে বিনয় নামের বটবৃক্ষে পরিণত হয়।

বন্ধু সমাবেশে আরও পরিচিত হলাম লেখিকা, রিমি রুম্মান, মনিজা রহমান, শেলী জামান খান, রোমেনা লেইস, সোনিয়া কাদের, নারী পত্রিকার সম্পাদিকা পপি চৌধুরী, রওশন হক, কবি মনজুর কাদের, ইশতিয়াক রূপু, এইচ বি রিতা, রুপা খানম, আবদুস শহীদসহ আরও অনেকের সঙ্গে। আমি যেন তাদের অনেক দিনের পরিচিত এমনভাবেই কথা হচ্ছিল।
শেলী আপার সঙ্গেও অনেকক্ষণ কথা হলো, পপি আপা অনুরোধ করলেন নারী পত্রিকার জন্য লেখা পাঠাতে। কী বন্ধু সুলভ আচরণ প্রত্যেকের! সবাই গুণী ব্যক্তি। সবাই তাদের নিজ গুনে পরিচিত দেশে ও এখানে। তাদের লেখা আমি পড়েছি, কিন্তু সরাসরি এই প্রথম দেখা সবার সঙ্গে। চারপাশে সবার সঙ্গে সবার ভাব বিনিময় চলছে।
যার কথা না বললে নয়, তিনি হলেন ইব্রাহীম চৌধুরীর স্ত্রী, শান্ত চুপচাপ একেবারে নিটোল পদ্ম জলের মতো। নীরবে সবার খোঁজ নিচ্ছিলেন। আমার কাছে এসে বারবার জানতে চাইছিলেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। আমি অনেক দূর থেকে গিয়েছি, তাই এ ভাবনা বেশি ছিল এমন নয়। সবাই সবার প্রতি আন্তরিক, এটাই ছিল সবচেয়ে উপভোগ্য।

অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অভিনেতা টনি ডায়েস। চমৎকার বক্তব্য রেখেছেন ইব্রাহীম চৌধুরী, সম্পাদক মতিউর রহমান ও অন্য গণ্যমান্য ব্যক্তিরা। ইফতারের আয়োজন ছিল চমৎকার, পাশাপাশি ডিনারের ব্যবস্থা। বিভিন্ন রকম আইটেম দেখে মনে হচ্ছিল যেন দেশেই আছি। কোনো কিছুর কমতি ছিল না।
রাত যত বাড়ছিল আস্তে আস্তে যেন জমে উঠেছিল বন্ধু সমাবেশ। এই সমাবেশে নিউইয়র্কের সাহিত্য জগতের ও অন্যান্য পেশার স্বনামধন্য প্রায় সবাই উপস্থিত ছিলেন। এ এক অন্যরকম আনন্দ। আর ফাঁকে ফাঁকে সবাই সেলফি, গ্রুপ ছবি তুলছিলেন। আসলে বন্ধুত্ব এমনি। বন্ধুত্বে কোনো বয়সের ব্যবধান নেই, নেই কোনো অর্থের পরিধি। কিংবা বইয়ের কোনো অঙ্ক নয় যে হিসাব করে মিলিয়ে হয়। যখন একজন সহকর্মী অসুস্থ হয়ে কিংবা তার ব্যক্তিগত হতাশার কারণে মনের দরজা জানালা বন্ধ করে দেয়, সেই সময় অন্যজন এসে তার কাঁধে হাত রাখে তার অশান্ত মনকে সান্ত্বনার বাণী দিয়ে পরশ বুলিয়ে দেয়। তখন তাদের মাঝে গড়ে উঠে বন্ধুত্ব ।
বন্ধুত্ব এমন একটা শক্তিশালী শব্দ, যে শক্তিশালী শব্দটা খুব সহজে মানুষের সঙ্গে মানুষের দূরত্বের ব্যবধান কমিয়ে আনে। তাহলে বন্ধু সমাবেশ তো এত সুন্দরই হবে। সিনিয়র, জুনিয়র বলে কিছু ছিল না, সবাই প্রাণ খুলে আনন্দ করছে। এই আনন্দ বই পড়ে পাওয়া যায় না।
অনুষ্ঠান ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। প্রবাসে এই যান্ত্রিক জীবনে এমন বন্ধু সমাবেশ যেন মনের মধ্যে শান্তির পরশ বুলিয়ে যায়। বিশেষ করে, আমরা যারা নিউইয়র্কের বাইরে থাকি তাদের জন্য। সবার সঙ্গে যখন আনন্দে মেতে উঠলাম, ঘড়ির কাটা আমাকে জানিয়ে দিল সময় হয়েছে বিদায় নেওয়ার। রাত বাড়ছে, বিদায় নিলাম। রাস্তায় এসে দেখি হালকা বাতাস বইছে, আকাশে চাঁদ মামা।
নিউইয়র্ক থেকে গাড়ি হাইওয়ে উঠে সাই সাই করে ছুটে চলেছে, যেন চাঁদ মামাও আমাদের সঙ্গে সঙ্গে চলছে। গাড়ির জানালা খুলে দিয়ে প্রাণ ভরে নিশ্বাস নিলাম। আর তখন মনের মধ্যে ভেসে উঠেছে বন্ধু সমাবেশের বন্ধুদের প্রতিচ্ছবি। স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে এ বন্ধু সমাবেশ। প্রতি বছর এভাবেই বন্ধু সমাবেশ তার দ্যুতি ছড়িয়ে দিক সবার মাঝে—এই কামনা করি।
