বন্ধুত্বের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্ততে বুয়েটের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৮০ জনের বেশি শিক্ষার্থী ও তঁাদের পরিবার, সব মিলিয়ে শ তিনেকের মতো মানুষ এতে অংশ নেন
ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্ততে বুয়েটের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৮০ জনের বেশি শিক্ষার্থী ও তঁাদের পরিবার, সব মিলিয়ে শ তিনেকের মতো মানুষ এতে অংশ নেন

১৯৯০ সালে এইচএসসি পাস করলেও বুয়েটে আমাদের ক্লাস শুরু হয় ১৯৯২ সালের শেষের দিকে। ভাবতে অবাক লাগে আজ থেকে ২৫ বছর আগে ক্যাম্পাসে পা দিয়েছিলাম আমরা একঝাঁক তরুণ-তরুণী। চোখে অনেক স্বপ্ন নিয়ে। তারপর কেটে গেছে এতগুলো বছর।
জীবনের দাবিতে আমরা সবাই আজ ছড়িয়ে পড়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেউ দেশে, কেউ বিদেশে। স্ব স্ব ক্ষেত্রে সবাই কম-বেশি সুপ্রতিষ্ঠিত। দীর্ঘ সময়ের হাত ধরে আমাদের সবার জীবনে এসেছে কত-না পরিবর্তন। কেউ বাবা হয়েছেন, কেউ বা মা। জীবনের ঝড়ঝাপটাও কম যায়নি। নানান চড়াই-উতরাই পেরিয়ে, প্রতিনিয়ত বাস্তবতার মধ্য দিয়ে যেতে যেতে ২৫ বছর আগের স্বপ্নের কাজল ফিকে হয়ে গিয়েছে সেই কবে, তার জায়গায় এসেছে কঠিন বাস্তব ছবি। জীবনে এসেছে নানাবিধ দায়িত্ব।
নির্ঝঞ্ঝাট ও ভাবনাহীন জীবনকে ছুটি দিতে হয়েছে অনেক আগেই। কঠিন বাস্তবের গোলকধাঁধায় পড়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগও কমে গেছে অনেক বেশি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর পরই যেন জীবনের এক অথই সাগরে পড়ে গেছি আমরা সবাই। চাকরি, উচ্চশিক্ষা, কারও কারও প্রবাসজীবন, বিয়ে, সংসার—সবই জীবনের একেকটি বিরাট ধাপ। আর সেই ধাপ পেরোতে গিয়ে কখন যেন ছিটকে পড়েছেন বন্ধুরা কে কোথায়। তারপর একটু থিতু হয়ে বসতেই দেখা গেল কেটে গেছে অনেক বছর। কে কোথায় আছে জানা নেই। কার কী অবস্থা জানা নেই। সময়ের দূরত্ব বা মানচিত্রের দূরত্ব এক ধরনের মানসিক দূরত্ব বা সংকোচও তৈরি করে।
তবে সুখের খবর যে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এসে আমাদের অনেকটা বাঁচিয়ে দিয়েছে। ফেসবুকের সুবাদে পুরোনো বন্ধুদের খুঁজে পাওয়া, তাঁদের ছবি দেখা, বর্তমান অবস্থার খোঁজ-খবর নেওয়া অনেকটাই সম্ভব। তাই পুরোনো সম্পর্কগুলো আমরা কিছুটা হলেও ঝালিয়ে নিতে পেরেছি। যোগাযোগ বাড়তে বাড়তে এক সময় আমাদের সবার মধ্যেই একটা ইচ্ছা তীব্র হলো, সেটা হলো সবাই আবার একসঙ্গে হওয়ার। সেই আগের মতো।
যেহেতু উত্তর আমেরিকাতে আমাদের ক্লাসের অনেকে থাকেন, তাই এখানেই আমরা মিলিত হওয়ার পরিকল্পনা করি। প্রায় পাঁচ-ছয় মাসের প্রস্তুতি শেষে জুলাই মাসের ১৪-১৬ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্ততে বুয়েটের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রায় ৮০ জনের বেশি শিক্ষার্থী ও তাদের পরিবার, সব মিলিয়ে শতিনেকের মতো মানুষ এতে অংশ নেন।
এই অপূর্ব মিলনমেলায় আমরা প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে গিয়েছিলাম আমাদের ২৫ বছর আগের ভাবনাহীন জীবনে। প্রাক্তন শিক্ষার্থীরা ও তাদের পরিবার আয়োজন করেন দুই পর্বের দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের সবগুলো উপস্থাপনাই দর্শকদের প্রবল বিনোদন দিয়েছে। এ ছাড়া এসেছিল আমাদের সময়ের জনপ্রিয় ব্যান্ড উইনিং। তাদের গানের ছন্দের তালে তালে সবাই হয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণী। শেষ দিনে আমরা সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের নিকটবর্তী একটি বিচে পিকনিকের আয়োজন করেছিলাম। আমাদের বিনোদন দিতে এসেছিলেন বুয়েটের প্রাক্তন ছাত্র জনপ্রিয় কৌতুকশিল্পী নাভিদ ভাই।
চোখের নিমেষে কেটে গেল তিনটি দিন। মনে হচ্ছিল আমাদের একটুও পরিবর্তন হয়নি। এমনকি আমাদের বন্ধুত্বেরও কোনো পরিবর্তন হয়নি। অসম্ভবকে সম্ভব করে সময়ের রথকে উল্টোদিকে হাঁটিয়েছিলাম আমরা। আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম, কত দ্রুত আমাদের ভবিষ্যৎ প্রজন্মও মিলে মিশে গেছে নিজেদের মধ্যে। যেন কতকালের চেনা বন্ধু একে অপরের। বন্ধুত্বের স্রোত প্রবাহিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুত্বের ২৫ বছর পূর্ণ হলো আমাদের। সেই সঙ্গে যেন আরও বেশি শক্তিশালী হয়েছে বন্ধুত্বের এই বন্ধন। আমাদের এই বন্ধন অটুট থাকুক আজীবন।
তামান্না ইসলাম: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।