বন্ধুদের পুনর্মিলনীও বন্দুকধারীর টার্গেট!

তাঁরা এসেছিলেন ব্রাউনসভিলে পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ের জন্য। বেশ আনন্দমুখর পরিবেশ ছিল। কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে গেল। বন্দুকের গুলি ছুটতে থাকল যত্রতত্র। আতঙ্কিত মানুষেরা নাভিশ্বাসে ছুটল এদিক-সেদিক। এক সময় বন্দুকের আওয়াজ থামল, কিন্তু ততক্ষণে প্রাণ চলে গেছে একজনের; গুলি লেগে আহত হয়েছে আরও ১১ জন। প্রাণ হাতে ছুটতে গিয়ে আহত হয়েছে আরও অনেকে। ব্রুকলিনের ব্রাউনসভিলে ২৭ জুলাই ঘটেছে এ ঘটনা, যার রহস্য এখনো উন্মোচন করা যায়নি।
২৭ জুলাই ব্রাউনসভিলের ঘটনাকে অনেকে বন্দুক হামলা (মাস শুটিং) বলতে চাইলেও নিউইয়র্ক নগরের মেয়র এখনো একে বন্দুক হামলা বলতে নারাজ। তিনি আগে পুলিশের কাছ থেকে এ ঘটনার মোটিফ জানতে চেয়েছেন। তবে তাঁর এই অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে নিউইয়র্ক নগরজুড়ে। ব্রুকলিনের স্থানীয় কমিউনিটি নেতারা মেয়রের এমন অবস্থানকে ‘রাজনৈতিক’ বলেও আখ্যা দিয়েছেন।
ব্রাউনসভিল পার্কে এখানকার সাবেক ও বর্তমান বাসিন্দারা সমবেত হয়েছিলেন প্রতি বছরের মতো, নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের জন্য। কিন্তু অন্য বছরের চেয়ে এই বছর দিনটি এসেছিল ভিন্ন এক আবহ নিয়ে। শুরুটা ঠিকই ছিল। সবাই পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। কিন্তু হঠাৎ করেই এখানে যেন ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগে হওয়া বন্দুক হামলার বাস্তবতা হাজির হলো। নিউইয়র্ক টাইমস বলছে, ২৭ জুলাই ব্রাউনসভিলে হওয়া হামলার সঙ্গে অনেকেই ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগে হওয়া হামলার তুলনা টানছেন, যেখানে একজন উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীর হামলায় তিনজন নিহত হয়। যদিও মেয়র বিল ডি ব্লাজিও ঠিক এ ধরনের তুলনা টানতে রাজি নন। তিনি বলছেন, ‘বন্দুক হামলা অভিধাটি ভিন্ন ধরনের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য।
মেয়রের এই ভাষ্য নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। খোদ ব্রুকলিনের ডেমোক্র্যাট অ্যাসেম্বলিম্যান চার্লস ব্যারন বলেছেন, ‘নিজের প্রেসিডেন্ট প্রার্থিতার কথা বিবেচনা করে মেয়র হয়তো এমন বলছেন। কিন্তু এই ঘটনার গুরুত্ব যথাযথভাবে তুলে ধরাটা তাঁর রাজনৈতিক দায়ের মধ্যে পড়ে।
নগরীর পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস নিউইয়র্ক টাইমসকে বলেন, এই ঘটনাকে বন্দুক হামলা বলা হলে ব্রাউনসভিলে তুলনামূলক বেশি সহায়তা আসবে, যা কমিউনিটির কাছেই যাবে।
তবে এখনই মেয়র ঘটনাটিকে বন্দুক হামলা বলতে চাইছেন না। এ বিষয়ে মেয়রের মুখপাত্র ফ্রেডি গোল্ডস্টেইন বলেন, ‘মেয়র পুলিশ বিভাগকে ঘটনাটির মোটিভ নির্ধারণের দায়িত্ব দিয়েছেন। পুলিশের বক্তব্য পেলেই বোঝা যাবে যে, এটি বন্দুক হামলা ছিল কিনা।
ব্রাউনসভিলের হামলায় জেসন প্যাগান নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। প্যাগান ঘটনাস্থলে এসেছিলেন অন্যদের মতোই কুশল বিনিময়ের জন্য। এর মাত্র ছয় মাস আগে তিনি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন। ২০০৭ সালে তাঁর ছোট ভাই জর্জ মুরও গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফলে জেসন প্যাগানের তাঁর সঙ্গে বন্দুক হামলায় জড়িতদের ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে বলেও মনে করছে পুলিশ। এখন পর্যন্ত তারা অবশ্য হামলাকারীকে খুঁজে বের করতে পারেনি। হামলাকারীর সন্ধান দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলেও পুলিশ বিভাগ ঘোষণা করেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
হামলার সময় ঘটনাস্থলে ছিলেন ডমিনিক জেফারসন। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘সবাই এখানে এসেছিল নিজেদের বেঁচে থাকা ও কঠিন এ সময়ে পরস্পরের সঙ্গে শান্তির বার্তা বিনিময় করতে। বন্ধুত্ব ও সহমর্মিতাকে উদ্যাপন করতে।’ জেসন প্যাগান সম্পর্কে তিনি বলেন, ‘বন্দুক হামলার আগে আগে জেসন প্যাগানকে দুজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। তাদের একজনের হাতে বন্দুক ছিল। রাত ১১টার কিছু আগে বন্দুক হামলা শুরু হয়। প্রথমে দু-একটি গুলির আওয়াজ এবং পরে এক নাগাড়ে গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দে সবাই ছুটতে শুরু করলে বন্দুকধারী ছুটন্ত মানুষকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতেই অনেকে আহত হন।’
পুলিশ বলছে, ঘটনাস্থলে দুই ধরনের অস্ত্রের নমুনা পাওয়া গেছে। অর্থাৎ কেউ পাল্টা গুলি ছুড়েছিল। কিন্তু ঘটনা সম্পর্কে পুলিশ এখনো যথেষ্ট অন্ধকারে। তারা বলছে, ২১ থেকে ৫৫ বছর বয়সী আহত ব্যক্তিদের অধিকাংশেরই স্থানীয় বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে। এমনিতেই নিউইয়র্ক নগরীতে গড় অপরাধ হারের চেয়ে ব্রাউনসভিলে অপরাধের হার দ্বিগুণ।
এ বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ডারমট এফ শি বলেন, ‘অনেক ধরনের তথ্য আসছে বিভিন্ন দিক থেকে। তবে সব তথ্যই খুবই প্রাথমিক পর্যায়ের।’