বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও নওগাঁ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল। ২৩ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশন নিউইয়র্ক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মত ব্যক্ত করেন।

জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্তোরাঁয় আয়োজিত এ আলোচনা সভা ও নৈশভোজে প্রধান অতিথি ছিলেন ইকবাল শাহরিয়ার রাসেল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান। আর পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ প্রামাণিক। অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে মো. ইকবাল শাহরিয়ার বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার, এনজিও ও সাধারণ মানুষ সমন্বিতভাবে কাজ করেছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সফলভাবে এ কঠিন পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে। নওগাঁ জেলার যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসার উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্যদের ধন্যবাদ প্রাপ্য। এ উন্নয়নকে টেকসই করতে হলে সরকার, ব্যবসায়ী, জনগণ ও প্রশাসনের মধ্যে সমন্বয় প্রয়োজন। এ জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকঋণ ও সার্বিক পরামর্শসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু হেনা মো. তৌফিক হাসান, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজল হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক নেপাল চন্দ্র, প্রচার সম্পাদক তপু আহমেদ খাঁন, সহ-কোষাধ্যক্ষ ময়নুল হক টুটুল, নারী বিষয়ক সম্পাদক নাফিসা নূর সাথী, সমাজকল্যাণ সম্পাদক রুবেল হোসেন, আপ্যায়ন সম্পাদক তূষার কান্তি, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব, আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সাইদুর রহমান, রাজীব আহসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।