বব ডিলান 'অশিষ্ট ও উদ্ধত'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বব ডিলান
বব ডিলান

সাহিত্যে এ বছরের নোবেলজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকে এ বিষয়ে পুরোপুরি নীরব থাকায় বিখ্যাত মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলানকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এবার এই দলে যোগ দিয়েছেন খোদ সুইডিশ একাডেমির সদস্য ও লেখক পার ওয়াস্টবার্গ। নোবেলজয়ীর এই আচরণকে তিনি ‘শিষ্টাচারহীনতা ও ঔদ্ধত্য’ বলে অভিহিত করেছেন।
সুইডেনের এসভিটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইডেনের নোবেল কমিটির সদস্য পার ওয়াস্টবার্গ বলেন, ‘এটা অশিষ্ট ও ঔদ্ধত্য আচরণ’।
১৩ অক্টোবর বব ডিলানকে সাহিত্যে এবারের নোবেলজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনি এ ব্যাপারে তাঁর কোনো প্রতিক্রিয়া জানাননি। লাস ভেগাসে তাঁর একটি কনসার্ট ছিল। সবাই ধারণা করেছিলেন, ওই অনুষ্ঠানে তিনি হয়তো নোবেলপ্রাপ্তির অনুভূতি জানাবেন। তবে সবাইকে হতাশ হতে হয়েছে। কারণ, তিনি ওই কনসার্টে হাজির হয়ে নিজের মতো গান গেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নোবেলের ব্যাপারে কুলুপ এঁটে ছিলেন।
প্রতিবছরের ১০ ডিসেম্বর শান্তিতে নোবেলজয়ী ছাড়া অন্য নোবেলজয়ীরা আমন্ত্রিত হয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে রাজা ষোড়শ কার্লের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত সুধীদের উদ্দেশে তাঁরা বক্তব্য দেন। সেই আয়োজনে বব ডিলান হাজির হবেন কি না, তা এখনো নোবেল একাডেমি তাঁর কাছ থেকে নিশ্চিত হতে পারেনি। এটাকে ‘নজিরবিহীন’ ঘটনা বলে মন্তব্য করেন পার ওয়াস্টবার্গ।