বব ডিলানের নোবেল পাওয়া নিয়ে বিভক্ত লেখক সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তিপ্রতিম মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলানের সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে লেখকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সাহিত্যে এবারের নোবেল পুরস্কার জিতেছেন ডিলান।

‘মার্কিন যুক্তরাষ্ট্রের মহান সংগীত-ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য’ বব ডিলানকে সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে নোবেল কমিটি।

তবে বব ডিলানের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে লেখকদের মধ্যে প্রতিক্রিয়াটা মিশ্র। কেউ কেউ নোবেল কমিটির সিদ্ধান্তের সমালোচনা করলেও কেউবা করেছেন প্রশংসা।

নোবেল কমিটির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি ঔপন্যাসিক পিয়ের আসুলিঁ। 

ঔপন্যাসিক আসুলিঁ বলেন, ‘নোবেল কমিটির এই সিদ্ধান্ত লেখকদের প্রতি অবমাননাকর। আমি ডিলানকে পছন্দ করি। কিন্তু তাঁর সাহিত্যকর্ম কোথায়?’

স্কটিশ ঔপন্যাসিক আরভিন ওয়েলসও এক টুইটার বার্তায় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

অন্যদিকে বব ডিলানের নোবেল জয়ে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি উচ্ছ্বসিত। তিনি টুইটারে লিখেছেন, ‘অসাধারণ বাছাই। সংগীত ও কাব্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।’

ষাটের দশকের খ্যাতনামা সংগীতশিল্পী ম্যারিয়ান ফেইথফুলও আপ্লুত হয়েছেন ডিলানের অর্জনে। ফেইথফুল বলেন, বন্ধু ডিলানের জন্য তিনি খুবই গর্বিত।

বব ডিলানকে নোবেল পুরস্কার দেওয়ার প্রশংসা করেছেন তাঁর একসময়কার ঘনিষ্ঠ সহযোগী ও প্রেমিকা এবং লোকসংগীতশিল্পী জোয়ান বায়েজ। তিনি বলেছেন, এই পুরস্কার পাওয়ার মাধ্যমে রক কিংবদন্তি ডিলান ‘অমরত্ব’ অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেলেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাহিত্যে নোবেল পাওয়ার জন্য যা প্রয়োজন, বিদ্রোহী, নিঃসঙ্গ এবং অননুমেয় এই শিল্পী-গীতিকারের মধ্যে তার সবই আছে।’