যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে তখন হিমেল হাওয়ার ছড়াছড়ি। তুষারপাতে সেখানকার একটি বাড়ি সম্পূর্ণ ঢাকা পড়ে গিয়েছিল। সেই ছবি নিয়েই যত আলোচনা।
লেক অন্টারিওর তীরে অবস্থিত বাড়িটি যখন কনকনে বাতাসে বিদ্ধ হচ্ছিল, স্থানীয় একজন আলোকচিত্রী সেই ছবি তুলে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে পোস্ট করেন। পুরো বাড়িটিকে বরফাবৃত দেখে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না ছবিগুলো আসল কি না। জন কুকো নামের ওই আলোকচিত্রী বলেন, অনেকে ওই ছবি দেখে ভেবেছে তিনি বোধ হয় জায়গাটায় কোনো ধরনের ফেনা ছড়িয়ে দিয়ে তারপর আলোকচিত্র নিয়েছেন। তাঁদের মন্তব্য পড়ে সে রকমই মনে হয়।
কুকো তাঁর ছবিগুলো বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পরে জায়গাটার ভিডিওচিত্র অনলাইনে প্রকাশ করেছেন। তিনি একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে বরফঢাকা বাড়িটির খবর পেয়েছিলেন। ছবি তোলার জন্য সেখানে সূর্যোদয়ের আগেই পৌঁছানো জরুরি ছিল। বলা বাহুল্য, কুকো এই অভিযানে সফল হয়েছেন।
নিউইয়র্কে গত সপ্তাহে ওই হিমশীতল বায়ুপ্রবাহ হয়েছিল। তখন সেখানকার হাজার দশেক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এ অবস্থা কোথাও কোথাও পরের দু-তিন দিন পর্যন্ত ছিল। নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ রকম হবে বলে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ আগেই আভাস দিয়েছিল। তারা গত দু-দিন পর্যন্ত নিউইয়র্ক সিটিতে ১০ থেকে ২০ ইঞ্চি তুষারপাতের সতর্কবার্তা দিয়েছে।