বর্ণবাদ উসকে দেওয়া নেতাদের প্রত্যাখ্যানের ডাক ওবামার

যেসব নেতা বর্ণবাদকে উসকে দেন বা স্বাভাবিক বিষয় বলে মনে করেন তাদের বর্জন করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কারও নাম উচ্চারণ না করলেও তাঁর এই মন্তব্য যে বর্ণবাদের সমর্থক আর অভিবাসী বিদ্বেষী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
টেক্সাস ও ওহাইওতে নির্বিচার গুলিতে ৩১ জন নিহত হওয়ার বেশ অনেকটা সময় পর প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শেষ পর্যন্ত গতকাল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব ও বর্ণবিদ্বেষের নিন্দা করেছেন।
ক্ষমতায় থাকার সময় বারাক ওবামা অস্ত্রের মালিকানা নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিলেও নানামুখী বাধার কারণে শেষ পর্যন্ত সফল হননি। ২০১৫ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, অস্ত্র নিরাপত্তা আইন নিয়ে ‘কমনসেন্সের’ ঘাটতির কারণে তিনি সফল হননি। আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে এটাই তাঁর সবচেয়ে বড় অসন্তুষ্টি।
ওবামা বলেন, ‘আমাদের যে নেতাদের কথা ভয়ের আবহ সৃষ্টি করে, বর্ণবাদকে উসকে দেয়; আমাদের মতো নয় বলে যারা অন্যদের হুমকি দেয়, অভিবাসীসহ অন্যদের জীবন হুমকির মুখে ফেলে, মানুষকে মানুষের মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করে কিংবা মনে করে যুক্তরাষ্ট্র শুধু এক ধরনের মানুষের দেশ হবে; আমাদের উচিত প্রবলভাবে তাদের প্রত্যাখ্যান করা।’ তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি ও জনজীবনে এ ধরনের বিষয়ের কোনো স্থান নেই। প্রতিটি বর্ণ ও বিশ্বাসের শুভ বুদ্ধিসম্পন্ন সংখ্যাগরিষ্ঠ মানুষের, রাজনৈতিক দলের স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে এ কথা জানিয়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়।’
গত শনিবার সকালে টেক্সাসে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হন। তার ১৩ ঘণ্টা পর ওহাইওর ডেটনে গোলাগুলিতে বন্দুকধারীসহ ৯ জন নিহত হন।
এই হামলার ঘটনা নিয়ে অনেকে মনে করেন, টেক্সাসের ঘটনাটির পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী বাগাড়ম্বর একটি ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্প মেক্সিকান বহিরাগতদের কঠোর ভাষায় সমালোচনা করছেন। তাঁদের মাদক পাচারকারী, খুনি ও ধর্ষক হিসেবে বর্ণনা করছেন। যে আড়াই হাজার শব্দের ইশতেহার বন্দুকধারী যুবকটির লেখা বলে ধারণা করা হচ্ছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি রয়েছে। তবে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃত্ব থেকে এই গুলিবর্ষণের ঘটনার জন্য ট্রাম্প কোনোভাবে দায়ী নয় বলে দাবি করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পের বর্ণবিদ্বেষী ও অভিবাসনবিরোধী অবস্থানকে দায়ী করছেন।
টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বেটো ও’রুরক কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, ‘এই ঘটনার জন্য ট্রাম্প কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারেন না।’ আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী পিট বুটিজিয়েজ বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ট্রাম্প শ্বেত শ্রেষ্ঠত্ববাদ শুধু অনুমোদনই করেন না, তাকে উৎসাহও দেন।’ এরই ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন সাবেক প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা।