বর্ণবাদী মন্তব্যকারীর পদোন্নতিতে ফায়ার সার্ভিস কর্মীদের বিক্ষোভ

নিউইয়র্কের ভলকান সোসাইটির ফায়ার সার্ভিস বিভাগের জরুরি চিকিৎসাকর্মী (ইএমটি) জোসফ ক্যাসানোর পদোন্নতিতে ক্ষুব্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্ণবাদী বিভিন্ন টুইটার পোস্ট সত্ত্বেও তাঁর এই পদোন্নতির প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করছেন। মেয়র বিল ডি ব্লাজিওকে তাঁরা জোসেফের পদোন্নতির আদেশটি সাময়িক স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
জোসেফ ক্যাসানো ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে পদোন্নতি পেতে যাচ্ছেন। তাঁর এ পদোন্নতিকে ‘স্বজনপ্রীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন ভলকান সোসাইটির ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের এই অবস্থানের প্রতি সমর্থন রয়েছে ব্রুকলিন সিটি কাউন্সিলম্যান লরি কাম্বো ও ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস।
ফায়ার সার্ভিস বিভাগের সাবেক কমিশনার স্যাল ক্যাসানোর ছেলে জোসেফ ক্যাসানোর বয়স এখন ২৮ বছর। চার বছর আগে ইএমটি হিসেবে এমনকি চাকরি হারাতে বসেছিলেন সে সময় তাঁর কিছু টুইটার পোস্টের জন্য। সেই সব পোস্টে তিনি বেশ কিছু বর্ণবাদী মন্তব্য করেছিলেন। আর এই বিষয়টিকেই সামনে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের মতে, একজন ফায়ার সার্ভিসের কর্মীর যে নৈতিক শক্তি থাকা দরকার, তা জোসেফের নেই।
এ বিষয়ে ভলকান সোসাইটির প্রেসিডেন্ট রেজিনা উইলসন নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘জোসেফ ক্যাসানোর কোনো কাজেই এর প্রমাণ নেই যে তিনি নিউইয়র্ক শহরের একজন ফায়ার সার্ভিসের কর্মী হতে পারেন। ইএমটি হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালনের সময় তিনি মানুষের প্রতি তাঁর ভালোবাসার কোনো স্বাক্ষর রাখতে পারেননি। কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে আমাদের সবার এই শক্তিটিই মূল।’
জোসেফ কীভাবে আবার ফিরে এসেছেন, তাঁর গল্পটি মেয়র পুরোপুরি জানেন না বলে মনে করছেন ভলকান সোসাইটির সংশ্লিষ্টরা। ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস বলেন, ‘পুরো পদ্ধতি জালিয়াতিপূর্ণ। এতে পদস্থদের হস্তক্ষেপ রয়েছে। এ কাজের জন্য তাঁকে এর আগে কখনো বিবেচনা করা হয়নি। অথচ শাস্তির বদলে তাঁকে এখন পদোন্নতি দেওয়া হচ্ছে।’
২০১৩ সালে ইএমটির দায়িত্ব পালনের সময় জোসেফ ক্যাসানো তাঁর টুইটার পোস্টে বেশ কিছু নোংরা পোস্ট করেছিলেন। সেখানে দরিদ্র ও তাঁর কাছে চিকিৎসা সহায়তা নিতে আসা রোগীদের সম্পর্কে অবমাননাকর বিভিন্ন মন্তব্য ছিল। একই সঙ্গে নারী, কৃষ্ণাঙ্গ ও ইহুদিদের হেয় করে বিভিন্ন পোস্টও করেছিলেন তিনি।
ইহুদিদের নিয়ে তাঁর এক টুইটার পোস্টে বলা হয়েছিল, ‘আমি ইহুদিদের ততটাই পছন্দ করি, যতটা করতেন হিটলার।’ এ ছাড়া কৃষ্ণাঙ্গ নারীসহ বিভিন্ন মানুষের প্রতি সরাসরি অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। এর মধ্যে এমনকি মার্টিন লুথার কিংও রয়েছেন। আর তাঁকে নিয়ে তিনি মন্তব্যটি করেন লুথার কিং দিবসেই। ফলে সব মহলেই তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। কিন্তু এর শাস্তি হিসেবে তাঁকে সে সময় বরখাস্ত করার বদলে পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল। আর এটিই তাঁকে গত বছর আবারও ইএমটি পদে আবেদনের সুযোগ করে দেয়। এরপর তিনি ফায়ার সার্ভিসের কর্মী পদের জন্য পরীক্ষা দেন। তাতে ভালো করেই এখন তিনি ওই পদে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু অন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে জোসেফের বক্তব্য, ‘চার বছর আগে আমি কিছু ভুল করেছিলাম। সে সময় আমি না বুঝেই বোকার মতো উল্টোপাল্টা কথা বলেছি। এরপর আমি কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে গিয়েছি। অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। এখনো আমি সেই সব পোস্টের জন্য এবং সেগুলোর কারণে আহত হয়েছেন এমন সবার কাছে অনুতপ্ত। আমি তাঁদের সবার কাছেই ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে নিউইয়র্ক ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র বলেন, এর আগেও বহু মানুষ বিভিন্ন অপরাধের কারণে ফায়ার সার্ভিস থেকে অপসারিত হয়েছেন। কিন্তু তাঁদের দ্বিতীয় সুযোগও দেওয়া হয়েছে।