বর্ণমালা স্কুলের জন্য নতুন স্থান বরাদ্দ
প্রবাসে বাংলা শিক্ষা ও আমাদের সংস্কৃতির চর্চার অন্যতম প্রতিষ্ঠান ভার্জিনিয়ার বর্ণমালা স্কুল। ২০১৪ সালে প্রতিষ্ঠিত বর্ণমালা স্কুলের কার্যক্রম এখন থেকে প্রিন্স ইউরিয়া কাউন্টির ১৪০০ জি স্ট্রিট, উডব্রিজ, ভিএ-২২১৯১ ঠিকানায় পরিচালিত হবে। প্রতি শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ঠিকানায় স্কুলের কার্যক্রম পরিচালিত হবে। ১৪ আগস্ট প্রিন্স কাউন্টির এক সভায় বর্ণমালা স্কুলের জন্য এই বরাদ্দ দেওয়া হয়।
প্রতিষ্ঠার পর থেকে উডব্রিজের বাংলাদেশি কমিউনিটির শিশুদের সম্পূর্ণ বিনা মূল্যে বাংলা শিক্ষা দিয়ে আসছে বর্ণমালা স্কুল। দেশজ সংস্কৃতির সঙ্গে প্রবাসী প্রজন্মের যোগসূত্র সৃষ্টির লক্ষ্যে নাচ ও গানের চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বর্ণমালা স্কুল। স্কুলের উপদেষ্টা পরিষদ, স্কুল পরিচালনা কমিটি, ডেটা গ্রুপ, কমনওয়েলথ মর্টগেজ, অভিভাবক, স্বেচ্ছাসেবী শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিশুদের অক্লান্ত পরিশ্রমে বর্ণমালা স্কুল প্রবাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠছে।
বর্ণমালা স্কুলের কার্যক্রম সম্পর্কে আগ্রহীদের বিস্তারিত জানার জন্য [email protected]এ যোগাযোগ ও www.bornomalaschool.org ওয়েবসাইটে দেখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নাজনীন আখতার অনুরোধ জানিয়েছেন।