বর্ণিল আয়োজনে প্রসফেক্ট পার্কে সিএমবিবিএর বনভোজন

ব্রুকলিন প্রসপেক্ট পার্কে বসেছিল পেশাজীবী সংগঠন ‘ব্রুকলিন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) সাবেক, বর্তমান কর্মকর্তা, তাঁদের পরিবারে সদস্য ও কমিউনিটির নেতাদের মিলনমেলা। প্রবাসের নানা ব্যস্ততার মধ্যে ব্রুকলিন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিবিএ) আয়োজন করেছিল এই বনভোজনের। সিএমবিবিএ ও তাঁদের পরিবারের দুই শতাধিক মানুষ এতে অংশ নেয়।
ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রেনে নিয়ে সবাই বেলা ১২টার দিকে গন্তব্যে পৌঁছে। তখন পার্কের নির্ধারিত স্পট পরিণত হয় মিলনমেলায়। একই দেশের অনেক মানুষকে একসঙ্গে পেয়ে আনন্দে মেতে উঠেন সবাই, খোশ গল্পে মেতে থাকতে দেখা যায় অনেককে। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পার্কজুড়ে। নয়ন ভরে দেখে নেন প্রাকৃতিক বুকে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এরই মধ্যে আয়োজকেরা বনভোজনকে কয়েক পর্বে ভাগ করে নেন।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বনভোজনে উদ্বোধন করেন স্থানীয় অ্যাসেম্বলি সদস্য ক্যারল। এরপর সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বনভোজন উপ কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাহাবের পরিচালনায় এতে বক্তৃতা করেন আহ্বায়ক খন্দকার এ এইচ জগলু, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, কমিউনিটি নেতা লুৎফল করিম ও আবদুল কাদের মিয়া। বিভিন্ন ভাগে সাজানো অনুষ্ঠানগুলো ছিল প্রাণবন্ত। আয়োজকদের চেষ্টা ছিল সবার কাছে উপভোগ্য ও স্বতঃস্ফূর্ত করে তোলা। বলা যায় সে প্রচেষ্টা সফলই হয়েছে।
গ্রিন হাউস ও আবদুল্লাহ রেস্টুরেন্টের পরিবেশনায় সবাইকে দুপুরের খাবার দেওয়া হয়। এরপরই ছিল বিভিন্ন ইভেন্ট খেলাধুলা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বনভোজনে সিএমবিবিএর সদস্য ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু খালেকুজ্জামান, মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, প্রকৌশলী ফারুক ওয়াদুদ, সিপিএ ফরহাদ, প্রকৌশলী আহসানুল হক, আহসান হাবীব, ফরহাদ হোসন, আবুল খায়ের, আবু আহমেদ, জাকিয়া, হানিফ, সাইদুর, জামিরুল ইসলাম, ফারুক ইকবালসহ আরও অনেকে।
ব্রুকলিনের বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি মূলধারায় বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ২০০৫ সালে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, ইনক (সিএমবিবিএ) গঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর প্রথম আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রয়াত আবদুর রব। পরে ২০০৬ সালে সিএমবিবিএর আহ্বায়কের দায়িত্ব পালন করেন আবুল হাসান মহিউদ্দিন। সংগঠনটির প্রথম ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কমিটি গঠিত হয় ২০০৬ সালে। দুই বছরের (২০০৬-২০০৭) জন্য গঠিত এই কমিটির সভাপতি ছিলেন ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান।
এরপর ২০০৮-২০০৯ সালের কার্যকরী পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক সরোয়ার বি সালাম ও সাধারণ সম্পাদক ছিলেন আবুল হাসান মহিউদ্দিন, ২০১০-২০১১ সালের কমিটির সভাপতি ছিলেন আবদুর রব চৌধুরী ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বিশাল আবির (২০১০ সালের ১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত) ও আমির হোসেন রানা (২৯ এপ্রিল থেকে ১ মে ২০১০) এবং রফিকুল ইসলাম পাটোয়ারী (২ মে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত)।
২০১২ সালে থেকে দুই সেশন ফখরুল হক সভাপতি, মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী কামাল উদ্দিন। বনভোজনে সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় ব্যবসায়ীদের কল্যাণে দীর্ঘ এক যুগ সিএমবিবিএ কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় মূলধারার সঙ্গেও সম্পর্ক জোরদার করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। তিনি কমিউনিটির কল্যাণে সিএমবিবিএর কাজ আরও সুসংগঠিত করার আহ্বান জানান।