বর্ণিল আয়োজনে শিকাগোতে ঈদ পুনর্মিলনী ও বনভোজন

শিকাগোর চার্লস পার্কে ১০ সেপ্টেম্বর বসেছিল সর্বস্তরের বাংলাদেশিদের মিলনমেলা। কোনো সাংগঠনিক আয়োজন ছাড়াই প্রাণের আহ্বানে জড়ো হয়েছিলেন একদল বাংলাদেশি। আকি ভাস্কর ও ডা. নাজনীনের নেতৃত্বে এই ঈদ পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন করা হয়।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সপরিবারে বনভোজনে অংশ নেন। অন্যতম আয়োজক মাহমুদ খায়ের বলেন, ঈদ পুনর্মিলনী ও বনভোজনে প্রায় ৩০০ জন বাংলাদেশি অংশ নিয়েছেন। সকাল সাড়ে ১০টা নাগাদ নদী তীরের বিশাল ছাউনি জনসমাগমে পূর্ণ হয়ে যায়। শিকাগোর উত্তর পশ্চিম ও অন্যান্য অঞ্চল থেকে এসে সেখানে জড়ো হন সবাই। মেতে ওঠেন খোশগল্পে।

বনভোজনে সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকেলে হালকা খাবার পরিবেশন করা হয়। অনেকে স্বপ্রণোদিত হয়ে খাবার নিয়ে এসেছিলেন। যাঁরা খাবার নিয়ে এসেছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অন্যতম আয়োজক ইকবাল আনোয়ার ও রাহাত বারী। বিশেষ করে মিষ্টি ও হালুয়া তৈরির জন্য সুবর্ণা ইসলাম এবং সজল আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রায় ৩০০ প্রবাসীর জন্য ভর্তা বানানোয় ধন্যবাদ জানানো হয় পুণ্যা হামিদকে। দীপা লোপা ও টিনার তৈরি নাশতাও প্রশংসিত হয় সবার কাছে।
দুপুরের খাবারের মূল আকর্ষণ ছিল ফওজিয়া খায়ের ও মেরী কবিরের রান্না করা কোরবানির মাংস। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল ছোটদের ও বড়দের ক্রীড়া প্রতিযোগিতা। সবশেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সূর্যাস্ত পর্যন্ত চলে বনভোজনের এই আয়োজন।