বর্ণিল ঈদের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের মতো নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীরাও ক্ষণ গুনছেন ঈদুল ফিতরের। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এ উৎসবের জন্য আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি  মুসলিমরা এরই মধ্যে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।

ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসেবে সবাই নতুন পোশাকে নিজেকে সাজাতে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এ নিয়ে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। তরুণীদের কাছে ভারতীয় ও পাকিস্তানি পোশাকই বেশি আবেদন সৃষ্টি করছে। বাংলাদেশের মতো এখানেও ভারতের বিভিন্ন টিভি সিরিয়ালের নায়িকাদের নামে তৈরি পোশাক বেশ জনপ্রিয়। তরুণ-তরুণীরা অনলাইনে অর্ডার দিয়ে নিউইয়র্কের বিভিন্ন বাঙালি ফ্যাশন হাউস থেকে এসব পোশাক সংগ্রহ করছেন। কেউ কেউ আবার দেশ থেকে পরিচিতজনদের মাধ্যমে পছন্দের পোশাক আনিয়ে নিয়েছেন। আবার অনেকেই ছুটছেন স্থানীয় মার্কিন শপিং মলগুলোয়। তরুণদের মধ্যে হাল ফ্যাশনের পাঞ্জাবিই সবচেয়ে বেশি জনপ্রিয়। আর মা-বাবার হাত ধরে শিশুরা ছুটছে মার্কিন শপিং মলগুলোয়। বিউটিশিয়ানরাও পার করছেন ব্যস্ত সময়। সব মিলিয়ে বর্ণিল এক ঈদোৎসবের অপেক্ষাতেই আছেন প্রবাসী বাংলাদেশি মুসলিমরা।

আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল-হেরায় ঈদোৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল-হেরা মসজিদের ইমাম ড. রুহুল আমিন বলেন, ঈদ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে ঈদের দিন সকালে ঈদ জামাত, নামাজ আদায় শেষে মুসল্লিদের মধ্যে হালকা খাবার ও শিশুদের মধ্যে খেলনা বিতরণ। এ লক্ষ্যে বরাবরের মতো এবারও মসজিদের কর্তাব্যক্তিরা পার করছেন ব্যস্ত সময়।

আগের ধারাবাহিকতায় এ বছরও আল-তাকওয়া মসজিদের উদ্যোগে আরমুরি সেন্টারে বিশাল ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানান কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল ইসলাম বাবুল।

আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে বিভিন্ন জায়গায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে অনেক আগে থেকেই শোভা পাচ্ছে রমজান মাস ও ঈদের শুভেচ্ছা সংবলিত বিশাল হোর্ডিং। এবারই প্রথম আটলান্টিক সিটিতে সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দিতেই এ উদ্যোগ। এই শুভেচ্ছা হোর্ডিংয়ের মাধ্যমে শুধুমাত্র প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায় নয়, আটলান্টিক সিটিতে বসবাসরত অন্যান্য কমিউনিটির লোকজনদেরও শুভেচ্ছা জানানো হয়েছে। আটলান্টিক সিটির সুধীমহলে এ উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এ ধরনের প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বসে নেই অন্য ক্ষেত্রগুলোও। সব জায়গায় বিরাজ করছে উৎসবের আমেজ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশি মালিকানাধীন দেশি গ্রোসারি, ব্রাইটন গ্রোসারি, গার্ডেন স্টেট সুপার মার্ট গ্রোসারিতে রয়েছে সেমাই, কিশমিশ, গুড়সহ বাহারি পণ্যের সমাহার। ঈদ সামনে রেখে এসব দোকানে কেনাকাটা চলছে হরদম। এ বছর এসব পণ্যের দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলে জানান, গার্ডেন স্টেট সুপার মার্টের স্বত্বাধিকারী মো. আবুল হোসেন। সবকিছু মিলিয়ে বর্ণিল ঈদ উৎসবের অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী মুসলিম সম্প্রদায়।