বর্ণিল জীবনের ঋদ্ধ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো দেখা না হলেও কাফি খান নামটি আমার অপরিচিত ছিল না। তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা সিনেমার প্রথম দিককার নায়ক ছিলেন। ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাস শুরুর পর নামটি আরও বেশি শুনতে পেতাম। তিনি ভয়েস অব আমেরিকায় কাজ করতেন বলে এই এলাকার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। মাঝেমধ্যে দীর্ঘদেহী এই ব্যক্তিকে দেখেছি। কিন্তু নিজে খর্বাকৃতির বলে পরিচিত হওয়া দূরে থাক, কাছে যাওয়ারও সাহস করিনি।
বছর পাঁচেক আগে এক কবির বই পরিচিতি অনুষ্ঠানে তাঁকে আবার খুব কাছ থেকে দেখলাম। হলভর্তি মানুষের সবাইকে ছাড়িয়ে তালগাছের মতো দাঁড়ানো, কিন্তু দু হাতে ধরা একটি লাঠিতে ভর দিয়ে। কপাল ও ভ্রুর নিচে সামান্য কুঁচকানো, চোখে পুরু ফ্রেমের চশমা এবং নাকের নিচে সূক্ষ্ম একটি গোঁফরেখার নিচে ঠোঁট দুটোতে এক চিলতে হাসি। আদুরে, দুষ্ট বালকের হাসি, ইংরেজিতে যাকে মিশ্চিভিয়াস বলা হয়, অনেকটা তেমনি। যেন কাজটি করে ফেলে সে নিজেই খুব উপভোগ করছে। কিন্তু তাঁর সেই হাসিতে আরও ছিল এক প্রাজ্ঞ ব্যক্তির প্রশ্রয় ও স্নেহ। এই দুইয়ের মিশ্রণই তাঁর প্রতি আমার আকর্ষণ বাড়িয়ে দিল।
এগিয়ে গিয়ে পরিচয় দিলাম। সাহস করে নিজের প্রকাশিত একটি বইও হাতে ধরিয়ে দিলাম। এখন মনে নেই। কিন্তু কীভাবে যেন খবর পেয়েছিলাম বইটি তাঁর ভালো লেগেছিল। তাঁর মতো স্বনামধন্য ব্যক্তির কাছে ভুঁইফোড়ের মতো গজানো আমার লেখা ভালো লেগেছে জেনে আত্মহারা আমি তাঁর ভক্ত বনে গেলাম। তিনিও আমাকে তাঁর স্নেহবঞ্চিত করলেন না। আনুষ্ঠানিকভাবে আমার পরের বইটির মোড়ক উন্মোচন করতে রাজি হলেন। অবাক করে দিয়ে বইটির রিভিউতে ‘বাংলা সাহিত্যের অঙ্গনে দ্যুতিমান নতুন এক তারকার আবির্ভাব হয়েছে’ বলে ‘নির্দ্বিধায়’ মন্তব্যও করে বসলেন! সত্যিকার অর্থেই যেন পৃথিবীর গুটিকয় ভাগ্যবানের একজন হয়ে গেলাম। স্বয়ং সৃষ্টিকর্তাই যেখানে নিজ প্রশংসা শুনতে পছন্দ করেন, সেখানে আমি কোন ছার? বাংলা ভাষায় তাঁর দখল দেখেও আমি আশ্চর্য হয়ে গেলাম। আরও বেশি আশ্চর্য হয়েছিলাম এত বয়সেও ফেসবুকে শুদ্ধ বানানে বাংলা টাইপ করে যাওয়ার ক্ষমতা দেখে।
দেড় বছর আগে অপরিচিত এক ব্যক্তি থেকে কাফি ভাই ও কামরুন ভাবির ছবি সংবলিত সুন্দর একটি নিমন্ত্রণপত্র পেয়েছিলাম। কাফি ভাইয়ের নব্বইতম ও কামরুন ভাবির পঁচাশিতম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের। নিতান্ত ঘরোয়া ও পারিবারিক সেই অনুষ্ঠানে আমার মতো ‘বহিরাগতের’ নিমন্ত্রণ পাওয়াটা অকল্পনীয় ব্যাপার ছিল। ব্যস্ততার কারণে আমি তা গ্রহণ করতে পারিনি। নিমন্ত্রণপত্রটি সেঁটে রেখেছিলাম রেফ্রিজারেটরের দরজায়। উদ্দেশ্য, শিগগিরই তাঁদের দেখতে যাওয়ার কথা যেন ভুলে না যাই। কিন্তু সেই সময়টি আজও বের করতে পারিনি বলে মাঝেমধ্যেই ফোন করে ক্ষমা চাই।
তাঁর স্বাস্থ্যের সমস্যার কথা আগেই শোনা ছিল। কিন্তু বয়স বা স্বাস্থ্য নিয়ে একদিনও তিনি কোনো অভিযোগ করতেন না। দুঃখ, কষ্ট বা রোগ তাঁর শব্দভান্ডারে আছে বলে কখনো মনে হয়নি। ফোন করলেই শুনতে পাই তাঁর প্রাণোচ্ছল হাসি। মনে হয়, ২৫ বছর বয়সের কোনো যুবকের সঙ্গে কথা বলছি। গত ৯ সেপ্টেম্বর ফোন করেছিলাম। স্বাভাবিক সুখী স্বরে কাফি ভাই জানালেন, মাস দু-এক আগে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এখন সেটি তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে কেমোথেরাপি। কাফি ভাইয়ের স্বরে এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত ভাব নেই। দুঃসংবাদটি শুনে আমি ‘দুঃখিত’ বললাম। তিনি হাসতে হাসতে বললেন, ‘আরে দুঃখিত কেন? আমি তো দুঃখ পাচ্ছি না, এ তো জীবনেরই অংশ!’ জিজ্ঞেস করলাম, কথা বলতে অসুবিধা হচ্ছে কিনা? আবার সেই প্রাণ মাতানো হাসি। বললেন, ‘মোটেই না। বাসায় তো একা, কথা বলতে বরং ভালোই লাগে।’ শুনে আমি তাঁর জীবন সম্পর্কে অনেক প্রশ্ন করলাম, তিনিও ঘণ্টাধিক সময় ধরে উত্তর দিয়ে গেলেন। নিজের জীবন নিয়ে বললেন, অথচ সেখানে নেই ‘আমিত্বের’ বাড়াবাড়ি। বরাবরের মতোই নিজেকে মহান করার কোনো চেষ্টা সেখানে নেই।
প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আজাদ কোথাও লিখেছিলেন, ‘বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের কলমে ফেরেশতার আত্মজীবনীর মতো।’ একইভাবে নিজেকে আমরা প্রায়ই অতিমানবের আসনে বসিয়ে দিই। কিন্তু কাফি খান সেই দলভুক্ত নন। পারতপক্ষে কোনো ইংরেজির শরণ না নিয়ে শুদ্ধ বাংলায় কথা বলেন তিনি। টনটনে স্মৃতি। কোনো ঘটনা, সময় ও ব্যক্তির নাম স্মরণে বেগ পেতে হয়নি তাঁর। এই আলাপ থেকে তাঁর বর্ণাঢ্য জীবন সম্পর্কে যা জেনেছি, তা শুধু আমার কাছেই নয়, সবার জন্যই অনেক মূল্যবান।
কাফি খানের জন্ম ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। সার্টিফিকেট অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১ মে ১৯২৯। রেওয়াজ অনুযায়ী এক বছরের হিসাব নেই। অর্থাৎ আসল জন্মসাল ১৯২৮। গ্রামের স্কুলে প্রাইমারি ও সেকেন্ডারি পড়াশোনা করেছেন। বারাসত গভর্নমেন্ট হাইস্কুল থেকে পাস করেন ম্যাট্রিক। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ড. এনামুল হক। তারপর কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করে বিকম-এ ভর্তি হন। সেটি ছিল ১৯৪৬ সাল; অস্থির সময়। সরকারের লেবার কমিশনার অফিসে টি-গার্ডেন সার্ভে অফিসের ইনভেস্টিগেটর হিসেবে চাকরি নিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা এবং এর ফলে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। ফলে তখনই তিনি ঢাকায় চলে আসেন বড় ভাইয়ের সঙ্গে। পরিবারের বাকি সবাই থেকে যান ভারতে।
তখন ঢাকা শুধু একটি ছোটখাটো জেলা সদর। পেট চালানোর জন্য সরকারের রাজস্ব বিভাগে কেরানির চাকরি নিলেন। ঢাকায় সে সময় বিনোদনমূলক সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড ছিল না। দেশভাগের পর হিন্দুরা চলে যাওয়ায় সাংস্কৃতিক জগতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছিল। কাফি খানের আবৃত্তির দিকে ঝোঁক ছিল। স্কুলে বাংলার এক বদলি শিক্ষক গতানুগতিক কবিতা পাঠের বদলে রবীন্দ্রনাথের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করে শুনিয়ে আবৃত্তির প্রতি তাঁর আগ্রহ জাগিয়ে তুলেছিলেন। গত ২৩ নভেম্বর বিছানায় আধা শোয়া অবস্থায় কাফি ভাই সেই কবিতার পুরোটি আমাকে আবৃত্তি করে শোনালেন। কলেজে এসে রপ্ত করা রবীন্দ্রনাথের ‘শাজাহান’ কবিতাও আবৃত্তি করে শোনালেন আমাকে। সারা শরীরে ক্যানসার নিয়ে কেমো চিকিৎসারত অবস্থায়ও কী চমৎকার ও সম্মোহনী গলার স্বর তাঁর! স্কুলের সেই রপ্ত করা জ্ঞান নিয়ে ১৯৫১ সালে পাকিস্তান রেডিওর ঢাকা শাখায় ‘ড্রামা ভয়েস’ হিসেবে বেতার-নাটকে কণ্ঠদান শুরু করলেন।
কলকাতায় পড়াশোনার সময় সেখানকার স্থায়ী মঞ্চ বা থিয়েটারের খবরাখবর তাঁর জানা ছিল। বললেন, সে যুগে যে চার-পাঁচটা থিয়েটার হলের মধ্যে প্রতিযোগিতা চলত তার মধ্যে রংমহল, স্টার থিয়েটার, শ্রীরংগম, মিনার্ভা ও নাট্য নিকেতন উল্লেখযোগ্য। এগুলোর মধ্যমণি ছিলেন ডাকসাইটে অভিনয়শিল্পী—রংমহলে অহীন্দ্র চৌধুরী, স্টারে মহেন্দ্র গুপ্ত, শ্রীরংগমে শিশির ভাদুড়ী, মিনার্ভায় ছবি বিশ্বাস ও নাট্য নিকেতনে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে অহীন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, দুর্গাদাস প্রমুখ অভিনেতা চলচ্চিত্রেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
ঢাকায় বেতারনাটকে অংশগ্রহণের পাশাপাশি কাফি খান তরুণ শরফুল আলম, কাজী নূর-উস-সোবহান, শেখ মুহিতুল হকসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি শৌখিন নাট্যগোষ্ঠী গড়ে তুললেন। লক্ষ্য, মঞ্চাভিনয়কে জনপ্রিয় করে তোলা এবং কলকাতার মতো স্থায়ী একটি মঞ্চ গড়ে তোলা। নাটকের রিহার্সেল ও মঞ্চায়নের খরচ মেটানো হতো চাঁদা তুলে। এ কাজে সহযোগিতা করতেন হাবিবুল হক (তদানীন্তন মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিনের একান্ত সচিব), বি এ খান, পুলিশ কর্মকর্তা আশরাফুল হক, খলিল আহমেদ (অভিনেতা বুলবুল আহমেদের বাবা ও সরকারের ডেপুটি সেক্রেটারি) প্রমুখ।
এই নাট্যগোষ্ঠীর প্রথম মঞ্চনাটক ছিল বিধায়ক ভট্টাচার্যের ‘নার্সিং হোম’। এর পর একে একে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কালিন্দী’, ‘দুই পুরুষ’, ‘শাজাহান’, অধ্যাপক নূরুল মোমেনের ‘যদি এমন হতো’ ও ১৯৫৬ সালে শরৎচন্দ্রের ‘দেবদাস’। সে সময় ঢাকায় রক্ষণশীল মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে নারী চরিত্রে অভিনয়ের জন্য কাউকে পাওয়া খুব সহজ ছিল না। সৌভাগ্যবশত এগিয়ে এসেছিল কয়েকটি পরিবার। ‘নার্সিং হোম’ নাটকে অভিনয় করেছিলেন রেডিও পাকিস্তান ঢাকার তদানীন্তন মহাপরিচালক জয়নাল আবেদিন সাহেবের স্ত্রী নূরুন্নাহার, শ্যালিকা ক্কমর আখতার, বি এ খানের মেয়ে মমতাজ লিলি খান এবং মনিমুন্নেছা নামে এক কলেজছাত্রী। নাটকগুলোর নির্দেশনায় ছিলেন শরফুল আলম। ১৯৫৬ সালে কাজী নূর-উস-সোবহানের নির্দেশনায় ‘রক্তের ডাক’ নামে একটি নাটকও মঞ্চস্থ হয়েছিল নারায়ণগঞ্জের একটি সিনেমা হলে। দেবদাস নাটকটির নামভূমিকায় অভিনয় করেছিলেন কাফি খান। পার্বতীর ভূমিকায় শরফুল আলমের স্ত্রী মাসুদা আলম। তাঁরা দুজনেই এখন প্রয়াত। ছেলেদের হলের নাটকে মেয়েদের অভিনয় করার রেওয়াজ ছিল না। ফলে জগন্নাথ কলেজ হলের পক্ষ থেকে ১৯৫২ সালে কার্জন হলে মঞ্চায়িত ও কাফি খান অভিনীত ‘বিশ বছর আগে’ নাটকে মেক আপ দিয়ে ছেলেদের মেয়ে চরিত্রে অভিনয় করানো হয়েছিল। অন্যান্য যেসব স্থানে তাঁরা নাটক মঞ্চায়ন করতেন তার মধ্যে মাহবুব আলি ইনস্টিটিউট ছিল উল্লেখযোগ্য।
ঢাকায় বহু পরিশ্রম করে ‘মুখ ও মুখোশ’ নামে প্রথম বাংলা সিনেমাটি তৈরি করেছিলেন আব্দুল জব্বার খান। এরপরই ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এফডিসি) প্রথম তলার নির্মাণকাজ সম্পন্ন হয়। সেই সময়ে নাজিমুদ্দিন রোডে রেডিও অফিসের পাশেই ছিল ‘আবন মিয়ার রেস্টুরেন্ট’। সেখানে রেডিওর শিল্পী-কলাকুশলীরা বসে আড্ডা দিতেন। তাঁদের মধ্যে থাকতেন বিনোদনমূলক সাপ্তাহিক ‘চিত্রালী’ পত্রিকা সম্পাদক এস এম পারভেজ। তরুণ কবি সৈয়দ শামসুল হকও সেই আড্ডার নিয়মিত সদস্য ছিলেন। সবাই মিলে ঠিক করলেন একটি সিনেমা তাঁরা বানাবেন। সেই মতে ১৯৫৬ সালে এফডিসিতে প্রথম একটি বাংলা ছবি নির্মিত হলো। সৈয়দ শামসুল হকের কাহিনি নিয়ে ‘মাটির পাহাড়’। পরিচালক এস এম পারভেজ, নায়ক কাফি খান, দুই নায়িকা সুলতানা জামান ও রওশন আরা।
রাজস্ব বোর্ডের চাকরিতে যুবক কাফি খানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহকর্মী ও ঊর্ধ্বতনরা সহযোগিতা করতেন। তারপরও বাংলা সিনেমার জন্মলগ্নে নায়ক চরিত্রের জন্য যে সময় দেওয়ার প্রয়োজন হতো, তা তাঁর পক্ষে দেওয়া দুরূহ ছিল। ‘মাটির পাহাড়’-এর পর সিনেমায় ছোটখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকলেন। ‘পাকিস্তান অবজারভার’ পত্রিকা সম্পাদক ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’, মহীউদ্দিনের ‘তোমার-আমার’, খান আতাউর রহমানের প্রথম ছবি ‘অনেক দিনের চেনা’ ও পরের ‘রাজা সন্ন্যাসী’, কাফি খান অভিনীত তেমনি কয়েকটি সিনেমা। পরে তিনি আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’ ও ‘সীমানা পেরিয়ে’, এবং আরও পরে সুভাষ দত্তের ‘আকাঙ্ক্ষা’ ছবিতেও অভিনয় করেছেন।
রেডিও শিল্পী হিসেবে কাজের সূত্রে তিনি রেডিও-নাটক বিভাগের প্রযোজক সাঈদ সিদ্দিকির সান্নিধ্যে আসেন। তিনি ছিলেন নামজাদা নাট্যকার ও গীতিকার। পাকিস্তান রেডিও ছেড়ে সিদ্দিকি পরে ঢাকায় ইউনাইটেড স্টেটস ইনফরমেশন এজেন্সির (ইউএসআইএ) রেডিও সেকশনে একটি রেকর্ডিং স্টুডিওর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে কাজ করছিলেন। তিনি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকায় (ভোয়া) যোগদানের আমন্ত্রণ পেয়ে কাফি খানকে ঢাকার চাকরিটি নেওয়ার আমন্ত্রণ জানান। সেই অনুযায়ী ১৯৬১ সাল থেকে কাফি খান ইউএসআইএর রেডিও প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে কাজ শুরু করেন। এই দায়িত্বে তিনি আমেরিকান সাহিত্যিকদের লেখা বাংলায় অনূদিত ছোটগল্পের ১১-মিনিটের রেডিও-নাট্যরূপ দিতেন। সেগুলো ওয়াশিংটন ডিসিতে ‘ভোয়া’র বাংলা বিভাগ থেকে প্রচার করা হতো। একইভাবে তাঁর পাঠানো ঢাকার শিল্পীদের গাওয়া গানও ‘ভোয়া’ থেকে বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য প্রচার করা হতো।
ভোয়াতে সাঈদ সিদ্দিকির মেয়াদ শেষ হলে কাফি খান ১৯৬৬ সালের সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁর স্থলাভিষিক্ত হলেন। কাফি খান বাসা নিলেন মেরিল্যান্ডের অক্সন হিলে ভোয়ার অন্যসব বাঙালির প্রতিবেশী হয়ে। সে সময় পূর্ব পাকিস্তান ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের জন্য ভোয়ার বাংলা বিভাগে দুটি অংশ ছিল। পূর্ব পাকিস্তান অংশে তখন আরও ছিলেন ইশতিয়াক আহমেদ, শরফুল আলম, এবং খণ্ডকালীন কর্মী জাকিয়া খান। পশ্চিমবঙ্গ অংশে ছিলেন রমেন পাইন, কামনাশীষ চক্রবর্তী, প্রসূন মিত্র ও বেচু বন্দ্যোপাধ্যায়। ১৯৭১ সালের পর দুটি অংশ এক হয়ে যায়।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে কাফি খান তাতে জড়িয়ে পড়েন। ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন দেশটির মন্ত্রী আগা শাহির ভাই আগা হিলালি। কিন্তু দূতাবাসে তাঁর নিচের বেশ কয়েকটি পদেই ছিলেন বাঙালি অফিসার। তাঁরা ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর শামস কিবরিয়া, ইনফরমেশন মিনিস্টার এনায়েত করিম, ইকোনমিক কাউন্সিলর আবুল মাল আবদুল মুহিত ও ডক্টর আশরাফুজ্জামান। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে সেসব বাঙালিদের সঙ্গে কাফি খান আলোচনা করলেন। তাঁদের প্রথম সভাটি অনুষ্ঠিত হলো গোপনে আবুল মাল আবদুল মুহিতের বাসায়। দূতাবাসের বাঙালিরা তখনো পাকিস্তান সরকারের অধীনে চাকরিরত। সভার কথাটি জানাজানি হলে মুহিত তাঁর বাসায় আর সভা করতে রাজি হলেন না। এপ্রিলের শেষ নাগাদ দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হলো কাফি খানের অক্সন হিলের বাসায়। আমেরিকায় বাংলাদেশের মুখপত্র হয়ে কাজ করার উদ্দেশ্যে সেদিনই আনুষ্ঠানিকভাবে জন্ম নিল ‘বাংলাদেশ লিগ অব আমেরিকা’ নামে একটি প্রতিষ্ঠানের। কাফি খান হলেন এর অর্থসচিব। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তখনকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহসিন সিদ্দীককে।
আমেরিকান স্ত্রী থাকায় ড. জিল্লুর রহমান খানকে পরিবারসহ ঢাকা ত্যাগের অনুমতি দিয়েছিল পাকিস্তানিরা। দুজনেই আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ক্যালিফোর্নিয়া পৌঁছে তিনি কাফি খানকে ফোনে জানান, স্ত্রীসহ এসে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীর বিবরণ দিয়ে ওয়াশিংটন ডিসিতে লবি করতে চান। সেই অনুযায়ী এক সন্তানসহ স্বামী-স্ত্রী এসে উঠলেন কাফি খানের বাসায়। মাত্র দুটি বেডরুমের সেই বাসায় স্ত্রীসহ কাফি খানের চারটি সন্তানের সঙ্গে আরও চারজন গাদাগাদি করে থাকা শুরু করলেন। কাফি ভাই মার্গারেট ও জিল্লুর খানকে সঙ্গে নিয়ে ক্যাপিটল হিলের ভেতরে বিভিন্ন সিনেটর ও কংগ্রেসম্যানের অফিসে গিয়ে প্রত্যক্ষদর্শীর দৃষ্টিতে পাকিস্তানি ধ্বংসযজ্ঞের বিবরণ দিয়ে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে অনুরোধ করেন। তাঁরা পাল্টা প্রশ্ন করেন, অবস্থা যদি এতই খারাপ, তবে দূতাবাসের বাঙালি অফিসার ও কর্মচারীরা এখনো পাকিস্তানের পক্ষে কাজ করছে কেন? উল্লেখ্য, একাত্তরের আগস্টের আগে দূতাবাসের কোনো বাঙালি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রত্যাখ্যান করেননি।
বাংলাদেশের পতাকাকে ব্যাজ বানিয়ে, কাঁধে লাগিয়ে কাফি খান কর্মস্থলে বীরদর্পে দাপিয়ে বেড়াতেন এবং পাকিস্তানের বিপক্ষে কথা বলতেন। তাতে বিরক্ত হয়ে উর্দু বিভাগের অনেক প্রভাবশালী তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করেন। তখন ভোয়া প্রশাসন কাফি খানকে সতর্ক করে দেয়। এমনকি একাত্তরে বাংলাদেশের হয়ে কাজ করার খেসারত হিসেবেই ১৯৭৩ সালে চাকরির মেয়াদ বাড়ানো হয়নি বলে মনে করেন তিনি।
ওই সময় ঢাকায় ফিরে ফ্রি-ল্যান্সার হিসেবে কিছুদিন কাজ করেন। এরপর প্রথমে ইন্টারস্প্যান নামের বিজ্ঞাপনী সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং পরে ওরিওল নামে আরেকটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন। এমন সময় ১৯৭৭ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একান্ত সচিব থেকে ফোন আসে। কাফি খান বঙ্গভবনে গেলেন। প্রেসিডেন্ট জানালেন, তিনি এখন দেশ গড়ায় সচেষ্ট। কাফি খানেরও উচিত তাঁকে সহযোগিতা করা। আবার দেখা হবে বলে প্রেসিডেন্ট তাঁকে বিদায় জানালেন। কিন্তু ঠিক কেন তাঁকে ডাকা হয়েছিল তা বোঝা গেল না।
দু-তিন মাস পর প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা শামসুল হুদা চৌধুরীর কাছ থেকে ফোন এল। রেডিও পাকিস্তানে থাকার সময়ই তাঁদের সুসম্পর্ক। তিনিই জানালেন যে, প্রেসিডেন্ট চান কাফি খান তাঁর প্রেসসচিব হোক। কিন্তু আড়াই হাজার টাকা বেতনের প্রস্তাবটি ছিল তাঁর তৎকালীন তিন হাজার টাকা বেতনের চেয়ে কম। তা ছাড়া পদটি ছিল তাঁর তখনকার অবস্থানের চেয়ে পদমর্যাদায় কম। ফলে কাফি খান শুরুতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। পরে অবশ্য যুগ্ম সচিবের মর্যাদা ও মোট তিন হাজার টাকা বেতনে রাজি হন তিনি। এর সাড়ে তিন বছরের মাথায় জিয়াউর রহমান নিহত হন। ভোয়ার পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার প্রস্তাবও এল। ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবার ওয়াশিংটন ডিসিতে ফিরে এলেন। ১৯৯৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসরে যান।