বর্ধিত বেকার ভাতা বন্ধ হচ্ছে
বর্ধিত বেকার ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। নিয়মিত বেকার ভাতার সঙ্গে পাওয়া অতিরিক্ত ৩০০ ডলারের ফেডারেল ভাতার মেয়াদ শেষ হচ্ছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৭০ লাখের বেশি মানুষের সাপ্তাহিক এ আয় আর থাকছে না। বেকার ভাতার মেয়াদ বাড়ানো হবে কিনা, এ নিয়ে হোয়াইট হাউস থেকেও নিশ্চিত কিছু বলা হয়নি। করোনার ডেলটা ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদারনৈতিক মহল থেকে কর্মজীবীদের দেওয়া বেকার ভাতা এবং অতিরিক্ত ফেডারেল ভাতার মেয়াদ বাড়ানোর দাবি জানানো হচ্ছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, এখন পর্যন্ত বেকার ভাতার মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বাড়ানো হবে কিনা, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কংগ্রেসে এ নিয়ে নতুন করে আইন প্রণয়ন না করা হলে বেকার ভাতা প্রাপ্তির মেয়াদ বাড়ছে বলে মনে হচ্ছে না।
রক্ষণশীল আইনপ্রণেতাদের সঙ্গে ডেমোক্রেটিক দলের কিছু আইনপ্রণেতাও বেকার ভাতার বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সিনেটর জো মানচিন বলেছেন, তিনি বেকার ভাতার মেয়াদ বাড়ানো নিয়ে ক্লান্ত হয়ে উঠেছেন। আমেরিকার শ্রমবাজারে ৯০ লাখের বেশি কর্ম খালি পরে আছে উল্লেখ করে সিনেটর মানচিন বলেন, অর্থনীতি এখন শক্তিশালী হয়ে উঠেছে। পুরো যুক্তরাষ্ট্রে কাজের বাজারে এখন কর্ম সংকট চলছে বলে তিনি বলেন।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে নতুন ৯ লাখ ৯৪ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ থেকে ৫ দশমিক ৪ শতাংশে নেমেছে। যদিও বিভিন্ন গাত্রবর্ণের লোকজনের মধ্যে কর্মসংস্থানের হার ভিন্ন বলে মার্কিন সমাজে বেকারত্বের সঙ্গে বিরাজমান বর্ণবৈষম্যকে দায়ী করা হচ্ছে।
শ্বেতাঙ্গ আমেরিকানদের মধ্যে বেকারত্বের হার জুলাই মাসে ৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। একই সময়ে কৃষ্ণাঙ্গ লোকজনের মধ্যে বেকারত্ব নেমেছে ৯ দশমিক ২ শতাংশ থেকে ৮ দশমিক ২ শতাংশে। হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে জুলাই মাসে বেকারত্বের হার ৭ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ৬ শতাংশে নেমেছে।
উদারনৈতিক নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকে বর্ণ বৈষম্যের জাঁতাকলে পড়ে কর্মহীন হয়ে পরা লোকজনের জন্য বেকার ভাতার মেয়াদ বাড়ানোর দাবি জানানো হচ্ছে।
ন্যাশনাল এমপ্লয়মেন্ট প্রজেক্ট নামের নাগরিক সংগঠনের কর্মকর্তা জেনা গেরই বলেছেন, কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক কর্মজীবীদের জন্য মহামারির এ সময়ে বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি করা খুবই জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সর্বত্র নতুন করে ডেলটা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহু লোকজনের কাজে যোগদান এখনো ঝুঁকিপূর্ণ।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০২০ সালের মার্চ মাসে ফেডারেল অনুদানে বর্ধিত বেকার ভাতা চালু করা হয়েছিল। প্রথমে সপ্তাহে নিয়মিত বেকার ভাতার সঙ্গে ৪০০ ডলার দেওয়া হয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সপ্তাহে ৩০০ ডলার করে ফেডারেল বেকার ভাতা প্রদানের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছিলেন।