বসন্তের দোলা লেগেছে সুদূর আমেরিকায়ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্তের সাজে এক প্রবাসী বাংলাদেশি নারী
বসন্তের সাজে এক প্রবাসী বাংলাদেশি নারী

আজি দখিন-দুয়ার খোলা/এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো...। বাংলার প্রকৃতিকে রাঙিয়ে দিতে ফাগুনের সঙ্গে হাত ধরাধরি করে এসেছে বসন্ত। এসেছে শূন্য হৃদয় ভরিয়ে দিতে। মনের গহিন কোণে অতি সূক্ষ্ম যে পুলক, সে তো কেবল বসন্তই জাগাতে পারে! এই বসন্ত কুসুমকোমল প্রেমের। কাছে আসার। প্রিয়জনের স্পর্শ নিয়ে বাঁচার সুখ বসন্ত।
অনাদিকাল ধরে বাঙালির মন রাঙিয়ে দিয়ে যাচ্ছে বসন্ত। তাইতো কবি সুভাষ মুখোপাধ্যায়ের অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসরিত হয়-ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত...। এই বসন্তে ভীষণ আকুলি-বিকুলি করে ওঠে মন। বুকে নতুন করে জাগে ভালোবাসার বোধ। ভালো লাগা ভালোবাসার সৌরভ ছড়ানো ছাড়াও মিলনের বার্তা দেয় বসন্ত।
সুদূর আমেরিকার আটলান্টিক সিটিতে প্রকৃতির নিয়মে এখানে এখন বসন্ত ঋতু না হলেও প্রবাসী বাংলাদেশিদের মনোজগতে বাংলার ঋতুবৈচিত্র্যের আবহে বসন্ত ঠিকই এসে দরজায় কড়া নাড়ে, গণমাধ্যমের কল্যাণে বসন্ত বরণের সরাসরি অনুষ্ঠানে মজে। নিজেকে রাঙিয়ে তোলে বসন্ত সাজে, দুধের স্বাদ ঘোলে মেটানোর সে কী প্রাণান্তকর চেষ্টা। ভালো লাগা, ভালোবাসার সৌরভ বিলোয় প্রিয়জনদের মাঝে।
নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্য বসন্ত নিয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, গণমাধ্যমের কল্যাণে এই সুদূর প্রবাসে বসে বসন্ত উৎসবের সরাসরি অনুষ্ঠান দেখে নস্টালজিক হয়ে পড়ি, হৃদয়ে লাগে দোলা। সেই দোলায় দুলতে দুলতে বসন্তের ভালো লাগার রেণু গায়ে মেখে নিজেকে সাজিয়ে তুলি বসন্ত সাজে, আর বসন্তের রং বিলোয় প্রিয়জনের মাঝে।
সংস্কৃতিসেবী নুরুন বেগমের বসন্ত অনুভূতি একটু ভিন্ন রকম। তিনি বলেন, সুদূর প্রবাসে যদিও দেশের বসন্তের আমেজটা পাই না, তবু বসন্ত এলেই মনকে রাঙাতে কবির ভাষায় কবিতার লাইন আওড়াই—‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।’
কবি কাজী লিটন তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাব্যময়তার আশ্রয় নিয়ে বললেন,যুক্তরাষ্ট্রের প্রকৃতিতে এই সময় বাংলাদেশের বসন্ত ফুল না ফুটলেও বসন্তের ছোঁয়ায় হৃদয় বাগিচায় বসন্তের যে ফুল ফোটে,সেই ফুলটাই আলতো করে পরিয়ে দিই প্রিয়তমার এলোকেশে,তাকেও বসন্ত রঙে রাঙাতে ।
বিউটিশিয়ান অনন্যা সরকার তাঁর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে—এ দেশের প্রকৃতিতে দেশের বসন্তের ছোঁয়া না মিললেও বসন্ত এলে হৃদয় বাগিচায় ঠিকই বসন্তের ফুল ফোটে, প্রেমের কোকিল কুহু কুহু ডাকে। আর সেই আবেশ ভাগাভাগি করে নিই প্রিয়জনের সঙ্গে।
সংস্কৃতিপ্রেমী বিউটি সরকার বলেন, ‘মননের সংস্কৃতির পরিচর্যাই বসন্তের চেতনা। প্রবাসের ভিন্ন সংস্কৃতিতে দেশের সুস্থ সংস্কৃতির পরিচর্যা করাই হচ্ছে আমার কাছে বসন্তের চেতনা, সেই চেতনা যেন সব প্রবাসী অন্তরে ধারণ ও লালন-পালন করে।’
সংস্কৃতিসেবী শারদ চক্রবর্তী বলেন, ‘প্রবাস জীবনে অবচেতন মনে বসন্ত ঠিকই দোলা দেয়, আর তখন খুব নস্টালজিয়ায় ভুগি। বসন্ত সাজে নিজেকে সাজিয়ে বসন্তের আমেজটুকু পেতে চেষ্টা করি, আর এভাবেই বসন্তকে বরণ করি।’