বসন্তের রঙে রঙিন আটলান্টিক সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস ও বসন্তের রঙে ১৫ ফেব্রুয়ারি রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের মনপ্রাণ। সুদূর বাংলাদেশের বসন্ত সমীরণ হাজার হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে গেছে প্রবাসীদের মনে-প্রাণে।
ওই দিন নারীরা খোঁপায় ফুল দিয়ে বাসন্তী ও লাল রঙের শাড়িতে খুঁজে নেয় চিরায়ত বাঙালিয়ানা। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করে রুপাই। এরপর ভালোবাসার কথামালায় অংশ নেন—রেজাউল ইসলাম, কাঞ্চন বল, সুব্রত চৌধুরী, ফারুক তালুকদার, শামীমা বেগম, শহীদ, রওশন উদ্দীন, মো. সুমন চৌধুরী, সুমন মজুমদার, কাজী লিটন, লাকী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ শওকত শিমুল।
আমেরিকা-বাংলাদেশ কালচারের উদ্যোগে ‘বসন্ত বরণ ও ভালোবাসা দিবস’ উদ্‌যাপন উপলক্ষে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছিল প্রাণের এই আয়োজনের। অনুষ্ঠানে প্রবাসী বাচিক শিল্পী ও সংগীত শিল্পীদের সুললিত কণ্ঠ বসন্ত বন্দনা, ভালোবাসার কবিতা, গান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখে।
অনুষ্ঠানে প্রবাসীদের ভালোবাসার ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। এ ছাড়া কাজী লিটন স্বরচিত কবিতা পাঠ করেন। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শীলা আজিজ। সংগীতানুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশিরা ভালোবাসার নৈশভোজে অংশ নেয়।