
আমেরিকার সুপ্রিম কোর্ট ১৬ এপ্রিল সেশন্স বনাম দিমায়া মামলার এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, আমেরিকায় বৈধভাবে বসবাসরত অনাগরিকদের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে দণ্ডিত হলেই আমেরিকা থেকে বহিষ্কারে ফেডারেল আইনটি অস্পষ্ট ও সংবিধানসম্মত নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসন যেভাবে অনাগরিক ও অভিবাসীদের ধরে ধরে বহিষ্কার করছে, তাতে ছেদ পড়তে পারে। দশকের পর দশক ধরে অনাগরিকদের ছোট-খাট অপরাধেই বাড়ি-ঘর ছেড়ে দেশত্যাগের মতো গুরুতর শাস্তি পেতে হয়েছে বা এখনো হচ্ছে। এই রায় সেসব ভুক্তভোগীর সঙ্গে রাষ্ট্রের আচরণ ন্যায়সম্মত নয়; এই সত্যটিই সামনে নিয়ে আসছে।
সুপ্রিম কোর্টের এই রায় সর্বসম্মতভাবে আসেনি। নয়জন বিচারপতির মধ্যে ৫-৪ ভোটে বিভক্ত এই রায়ে বলা হয়েছে, দোষী সাব্যস্ত অনাগরিকদের আমেরিকা থেকে বহিষ্কারের ক্ষেত্রে যে আইন এত দিন ধরে ব্যবহার হচ্ছে, তার কিছু অংশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অস্পষ্ট। আইনটিকে অবৈধ ঘোষণার এই যুগান্তকারী রায়ে উদারপন্থী ও রক্ষণশীল বিচারপতিদের রায়ে ৪-৪ সমতায় অনিশ্চয়তা তৈরি হলে নবনিযুক্ত বিচারপতি নিল এম গরসাচ উদারপন্থী বিচারকদের দলে যোগ দেন। ফলে ৫-৪ ব্যবধানে বহিষ্কার আইনকে অবৈধ ঘোষণা করতে সক্ষম হয় আদালত।
সর্বোচ্চ আদালতের এই রায়ের পর অনাগরিকদের বহিষ্কারে মার্কিন প্রশাসনের ক্ষমতা খর্ব হতে পারে বলে অনেকে বিশ্লেষণে জানাচ্ছেন। ছোট-খাট অপরাধ করলেই যে আমেরিকা থেকে বের করে দেওয়ার ধুম উঠেছিল ট্রাম্প প্রশাসনে, সুপ্রিম কোর্টের এই রায়ে তার রাশ টেনে ধরা যাবে বলেও তাঁদের মত। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের পর থেকেই অনাগরিকদের আমেরিকা থেকে বহিষ্কারকে তাঁর অগ্রাধিকারের তালিকায় নিয়েছিল।
রায়ের পক্ষে অবস্থান নেওয়া উদারপন্থী বিচারপতিরা হলেন এলেনা কেগান, রুথ বেডার গিন্সবার্গ, স্টিফেন জি ব্রেয়ার ও সোনিয়া সতোমায়োরের সঙ্গে থেকেছেন। সঙ্গে এবার গরসাচ যোগ দিলেন। নিল গরসাচ মাত্র কদিন আগেই সুপ্রিম কোর্টে তাঁর এক বছর পূর্ণ করলেন। এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পই তাঁকে বিচারপতি মনোনীত করেছিলেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কেগান তাঁর রায়ে লেখেন, ‘অভিবাসন ও জাতীয়তা বিষয়ক আইনের কিছু অংশ একদম স্পষ্ট নয়। আইনটিতে একজন অনাগরিকের জন্য যে ধরনের অপরাধে বহিষ্কারের মতো শাস্তির বিধান রয়েছে, সেটি তার সাংবিধানিক সুরক্ষা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’
তবে গরসাচ তাঁর রায়ে কেগানের রায়ের সব মতের সঙ্গে একমত পোষণ করেননি। যদিও মূল রায়ের ফলাফলে এই পাঁচ বিচারপতির ঐকমত্যের ফলেই ঐতিহাসিক এই রায় এল। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি দলের সদস্য গরসাচ তাঁর রায়ে লেখেন, ‘অস্পষ্ট আইন স্বেচ্ছাচারী ক্ষমতার সুযোগ করে দেয়।’
গরসাচ আরও উল্লেখ করেন, ‘আমেরিকান বিপ্লবের আগে ইংরেজ আইনে তখনকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি-সংক্রান্ত আইনটি এ রকমই অস্পষ্ট ছিল। শাসকশ্রেণি তাদের বিরোধী মত দমনে তখন প্রায়শই এই আইনের অপব্যবহার করত। আজকের দিনে এমন অস্পষ্ট আইন হয়তো ইংরেজ শাসনের মতো অতটা বিদ্বেষপূর্ণ হবে না। তবে এ ধরনের আইনের অস্তিত্ব শাসককে একই ধরনের স্বেচ্ছাচারী হতে প্রলুব্ধ করবে নিশ্চিত। ফলে জনগণ প্রকৃত আইনের শাসন বিষয়ে অন্ধকারে থেকে যায়। আইনজীবী ও আদালত সেই ত্রুটিপূর্ণ আইনেই তখন বিচারকার্য পরিচালনা করতে বাধ্য হয়।’
গরসাচ মূলত রক্ষণশীল মতাদর্শী বিচারক। কিন্তু তাঁরই এমন যুগান্তকারী রায়ে উদারপন্থী বিচারক দলে যোগ দেওয়াকে সবাই বিস্ময় মানছেন। কিন্তু গত অক্টোবরে এই গরসাচই অন্য আরেকটি মামলায় উদারপন্থী সহকর্মীদের সঙ্গে ভীষণ বিতণ্ডায় জড়িয়েছিলেন। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত টানছেন, গরসাচ তাঁর পূর্বসুরী আন্তোনিও স্কালিয়ারই পথ অনুসরণ করছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে জনসন বনাম আমেরিকা মামলার রায়ে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি স্কালিয়া ‘অস্ত্র বহন সংক্রান্ত ফৌজদারি আইনে’ বর্ণিত সহিংসতাজনিত অপরাধের ‘সংজ্ঞায়ন’ অংশগুলোকে অস্পষ্ট বলে রায় দিয়েছিলেন। একই পথ অনুসরণ করে প্রত্যাহার বিষয়ে এবারের রায়ে কেগান বলেন, ‘জনসন মামলার রায়টি সোজাসাপ্টা সিদ্ধান্তের পথে হেঁটেছিল, এবারের রায়েও আমরা সোজাসাপ্টা সঠিক সিদ্ধান্তের পথেই হেঁটেছি।’
বহিষ্কার বিষয়ে সুপ্রিম কোর্টে রিট করেছিলেন আমেরিকায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিক জেমস গার্সিয়া দিমায়া। ১৯৯২ সালে মাত্র ১৩ বছর বয়সেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতি পান। ২০০৭ ও ২০০৯ সালে দিমায়া অন্যের বাড়িতে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঢোকার অভিযোগে দুই দুইবার দোষী সাব্যস্ত হন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দিমায়ার এই অপরাধকে সহিংসতা জাতীয় অপরাধ বলে চিহ্নিত করে। এ ধরনের অপরাধকে গুরুতর বিবেচনা করে রাষ্ট্র। ফলে আমেরিকা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় দিমায়ার বিরুদ্ধে।
কিন্তু জনসন মামলার রায়ের পর দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা নড়েচড়ে বসেন। ফলে বহিষ্কার-সংক্রান্ত ফেডারেল আইনটিকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হয়। এই আইনে প্রায়শই যেকোনো অপরাধকে সহিংসতা বলে সাব্যস্ত করতে পারলেই কেল্লাফতে। আমেরিকা থেকে তাকে বের করে দেওয়াটা তখন ওয়ান-টুর ব্যাপার। কোনো ব্যক্তি বা তাঁর সম্পদের ওপর অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো ক্ষতির ঝুঁকি তৈরি হওয়া মাত্রই তাকে সহিংসতা বলে চিহ্নিত করার কথা বলা হয়েছে আইনটিতে। আমেরিকার নবম সার্কিট আপিল আদালত রায় দেয়, ‘দিমায়ার অন্যের অ্যাপার্টমেন্টে অনুমতি না নিয়ে অনুপ্রবেশকে সহিংসতা বলে সাব্যস্ত করার ক্ষেত্রে আইনটি যথেষ্ট অস্বচ্ছ। এ ক্ষেত্রে স্কালিয়ার জনসন মামলায় প্রদত্ত আদেশটি স্মরণ করা যায়। যেকোনো অস্বচ্ছ আইনকে সংবিধান অসম্মত বলে সিদ্ধান্ত টানা যায়।’
এই রায়ের পর দিমায়ার আইনজীবী জোশ রসেনক্রাঞ্জ গণমাধ্যমকে জানান, ‘সুপ্রিম কোর্ট এই দিন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনি যেনতেন কারণেই একজন ব্যক্তিকে তাঁর পরিবার থেকে আলাদা করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারেন না। এই রায়ের আগে বেশ কিছু ঘটনাকে আমলে নেওয়া হয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ আইনের বিষয়ে সুপ্রিম কোর্টের আগের রায়কেও আমলে নেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধ ও অভিবাসন-সংক্রান্ত মামলার রায়ে দণ্ডিত হয়ে বহু অভিবাসীকে দশকের পর দশক ধরে দেশ থেকে তাড়ানো হয়েছে। এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমেরিকায় বৈধভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত একজন নাগরিক বা অনাগরিক যিনিই হোন না কেন, তাঁকে অস্বচ্ছ আইনের বলি হয়ে দেশ ছাড়তে হলে সেটি তাঁর সাংবিধানিক অধিকারেরই সুস্পষ্ট লঙ্ঘন।’
প্রধান বিচারপতি জন জি রবার্টস জুনিয়র এই রায়ে সংখ্যাগরিষ্ঠ দলে ছিলেন না। তিনি সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের সঙ্গে দ্বিমত জানিয়ে তাঁর রায়ে লেখেন, ‘জনসন মামলায় আদালত যথেষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে রায় প্রদান করেছিলেন। সেই রায়ে পৃথক কোনো আইন করার ব্যাপারে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা ছিল না।’
সলিসিটার জেনারেলের বক্তব্যের বরাত দিয়ে প্রধান বিচারপতি আরও লেখেন, ‘এই রায়ের ফলে অভিবাসন ও জাতীয়তা আইনের একটি ধারা অবৈধ হয়ে গেল। কিন্তু রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো, এই ধারাটির ওপর ভিত্তি করেই সরকার অনাগরিকদের মধ্যে গুরুতর অপরাধীদের আমেরিকা থেকে বিতাড়ন করে থাকে। এ ধরনের মামলাগুলোয় সরকারই গুরুতর অপরাধের কোনটি কতটা ‘গুরুতর’ তা নির্ধারণ করবে— এটাই প্রথা। আগের ওবামা প্রশাসনও বহিষ্কারের ক্ষেত্রে বর্তমান ট্রাম্প প্রশাসনের মতো করেই এই আইনের প্রয়োগ করেছিল। তবে এখন (এই রায়ের ফলে) প্রত্যাহার বিষয়ে রাষ্ট্রের প্রয়োজনীয়তার ক্ষেত্রেও জটিলতা তৈরি হবে।’
প্রধান বিচারপতি রবার্টের দলে থাকা অন্য তিন বিচারপতি হলেন অ্যান্থনি এম কেনেডি, ক্ল্যারেন্স থমাস ও স্যামুয়েল এ আলিটো জুনিয়র।
এই ঐতিহাসিক রায়ের পর্যবেক্ষণ কে লিখবেন সেই সিদ্ধান্ত দেবেন বিচারপতি গিন্সবার্গ। সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে প্রধান বিচারপতি যখন রায়ে সংখ্যাগরিষ্ঠ দলে থাকেন, তখন তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু প্রধান বিচারপতি সংখ্যাগরিষ্ঠ দলে না থাকলে সংখ্যাগরিষ্ঠ দলের জ্যেষ্ঠ বিচারপতি সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হন। উদারপন্থী বিচারপন্থী গিন্সবার্গ পঁচিশ বছর যাবৎ বিচারকের দায়িত্ব পালন করলেও এই প্রথমবার তিনি রায়ে সংখ্যাগরিষ্ঠ দলে জ্যেষ্ঠতার বিচারে প্রথম স্থানে। এবারই প্রথম গিন্সবার্গ রায়ের পর্যবেক্ষণ লেখার ভার কে পাবেন, তা নির্ধারণ করবেন।