বহিষ্কার আতঙ্কে বাংলাদেশিরা

অভিবাসীদের জন্য নিউইয়র্ক নগরীকে অভয়ারণ্য ঘোষণা করা হলেও চলছে ধর পাকড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় নির্ঘুম রাত কাটাতে পারছেন না কাগজ পত্রহীন অভিবাসীরা। হঠাৎ করেই আবার বেড়ে গেছে বহিষ্কার (ডিপোর্টেশন) অভিযান। নিউইয়র্কসহ প্রায় সব নগরে চলছে অভিযান রাত-বিরাতে। প্রতিটি অভিযানে গ্রেপ্তার হচ্ছেন ডজনের পর ডজন বহিষ্কার আদেশ থাকা বিভিন্ন দেশের নাগরিক।
‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত নিউইয়র্কে জোরদার হয়েছে ‘বহিষ্কার’ অভিযান। প্রায় প্রতি রাতেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাসা বাড়িতে হানা দিচ্ছে অভিযান পরিচালনাকারীরা। গত সপ্তাহে সবচেয়ে বড় অভিযান পরিচালিত হয়েছে কুইন্সে। এক রাতে গ্রেপ্তার হয়েছেন অন্তত ৪০ জন। যাদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। এ খবরে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যা হলেই জ্যাকসন হাইটস, জ্যামাইকার মতো ব্যস্ততম এলাকা ছাড়ছেন বাংলাদেশিরা। যাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ রয়েছে তাঁদের অনেকে রাত কাটাচ্ছেন স্বজনের বাড়ি বা গাড়িতে। আবার কেউ কেউ ব্যস্ততম এলাকার পার্কে খোলা আকাশের নিচে বসে পার করছেন নিউইয়র্কের রজনী।
এ প্রসঙ্গে অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর আসছে প্রায় প্রতিনিয়তই অভিযান পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিবাসনের দেশ, এখানে অভিবাসন সংক্রান্ত সমস্যা মানুষের থাকবেই। পালিয়ে বেড়ানো কিন্তু সমাধান নয়। বহিষ্কার আদেশ থাকলে তা আইনি লড়াইয়ের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেটির ওপর গুরুত্ব দিতে হবে।’
বাংলাদেশি কমিউনিটির নেতার বলছেন, গত দুই সপ্তাহে বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে ২৪ মে রাতে কুইন্সের অভিযানের পর ‘বহিষ্কার’ আদেশপ্রাপ্তদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আতঙ্ক ভর করছে অবৈধ অভিবাসীদেরও।
কুইন্সের ফ্লাশিংয়ে বসবাস করছেন বাংলাদেশি এক ক্যাবি। দেশের বাড়ি যশোরে। ২৫ বছর ধরে নিউইয়র্কে। কাগজপত্র নেই। ‘সিএস লুলা’ ক্যাটাগরিতে মামলা করার পর বহিষ্কার আদেশ নিয়ে আছেন এক যুগেরও বেশি সময়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কার আদেশ নিয়ে বছরের পর বছর নিজেকে নিরাপদ মনে করেছি। কোনো দিন কোনো অভিযানের মুখোমুখি হয়নি। কয়েক মাস ধরে অভিযান জোরদার হচ্ছে। বাসা পরিবর্তন করেছি দুই মাস আগে। গেল সপ্তাহ থেকে সেই বাসায় থাকছি না। এক রাত বন্ধুর বাসায় অন্য রাত গাড়িতে পার করি, এভাবে চলছে নিউইয়র্কের জীবন।’
যশোরের ওই প্রবাসীর মতো চাঁদপুরের আরেকজন ক্যাবির নামের আদ্যক্ষর ‘আ’। তিনি একজন ক্যাবি। দশ বছর ধরে বহিষ্কার আদেশ মাথায় নিয়ে আছেন নিউইয়র্কে। ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করেই চলছেন। তিনি বলেন, ‘ভয় হচ্ছে আগামী বছর লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এ ছাড়া লিগ্যাল স্ট্যাটাস চাইলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কিছু দেখাতে পারব না।’ তিনি বলেন, ‘আমি আগে দিনে ক্যাব চালাতাম। এখন রাতে ক্যাব চালাই। কারণ মাঝ রাত থেকে বাসা বাড়িতে অভিযান পরিচালিত হচ্ছে। ক্যাব চালিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ম্যানহাটনের পার্কে বসে থাকি, আরও কয়েক জনের সঙ্গে আড্ডা দিয়ে রাত পার করি।’
জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন ধরে ইফতারের পর পরই খালি হয়ে যায় রেস্তোরাঁ। গেল সপ্তাহে অভিযানে বেশ ক’জন বাংলাদেশি আটক হয়েছেন এ খবরে আতঙ্ক রয়েছে। অন্য বছর রেস্তোরাঁয় আড্ডা দিয়ে মাঝ রাতে সাহরি খেয়ে অনেক লোকজন বাসায় ফিরত। কিন্তু গেল কয়েক দিন তাদের আর দেখা মিলছে না। আতঙ্কে তারা আগেই জ্যাকসন হাইটস, জ্যামাইকাসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকা ছাড়ছেন।
নিউইয়র্কের ল অফিস অফ লরেন্স স্পিভ্যাক পিসি’র সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট রুবাইয়া রহমান বলেন, ‘আমাদের কাছে খবর আছে গেল সপ্তাহে কুইন্সে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। এর পর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আইনি সহায়তার জন্য। আমার চাইব আতঙ্কিত না হয়ে আইনের আশ্রয় নিতে। আইন লড়াই করে আমেরিকায় থাকুক বাংলাদেশিরা।’