বহিষ্কার পরিকল্পনায় কিছু ছাড় থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে ‘ড্রিমারদের’ ছাড় দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত মঙ্গলবার একটি দাপ্তরিক নির্দেশিকা জারি করেছে।
মা-বাবার সঙ্গে শিশু বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের ‘ড্রিমার’ বলা হয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে এক নির্বাহী আদেশ জারি করে দেশের সাড়ে সাত লাখ ড্রিমারের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। আপাতত এই অভিবাসীদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার পরিকল্পনার কথা জানালেও ট্রাম্প বলেছেন, ওবামার ওই নির্বাহী আদেশ বহাল রাখা তাঁর জন্য ‘অত্যন্ত কঠিন’।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই দেশ থেকে অভিবাসী তাড়ানোর ঘোষণা দিয়ে আসছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অভিবাসীর বাস। ট্রাম্পের ভাষ্য, এই অভিবাসীদের কারণেই দেশটিতে সহিংস অপরাধের শঙ্কা বাড়ছে। নতুন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন।
তবে ট্রাম্পের অবৈধ অভিবাসী তাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভও চলছে যুক্তরাষ্ট্রে। বিদেশি বংশোদ্ভূত নাগরিকদের গুরুত্ব তুলে ধরতে গত সপ্তাহে ‘অভিবাসীহীন একটি দিন’ শীর্ষক এক আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৩ শতাংশই বিদেশি বংশোদ্ভূত।
এ ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ভিত্তিতে একটি ব্যানার টানানো হয়, যাতে লেখা ছিল ‘শরণার্থীদের স্বাগতম’। মার্কিন টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি জানিয়েছে, গত মঙ্গলবার ব্যানারটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর ক্ষেত্রে যাঁরা নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করবেন, তাঁদেরই প্রথম পাকড়াও করা হবে। এ ছাড়া সম্প্রতি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদেরও তাড়ানো হবে।
নতুন এই নিয়ম অনুযায়ী যেসব অভিবাসী দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পক্ষে তথ্য উপস্থাপন করতে পারবেন না, তাঁদের বিতাড়নের প্রক্রিয়া ‘দ্রুত’ সম্পন্ন করা হবে। আর সীমান্তে ধরা পড়া যেসব অভিবাসী ১৪ দিনের বেশি সময় দেশটিতে অবস্থান করার পক্ষে তথ্য উপস্থাপনে ব্যর্থ হবেন, তাঁদের দ্রুত বিতাড়িত করা হবে।