বহিষ্কার হওয়াই নাগরিকত্বের পথ বন্ধ নয়
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। ইতিমধ্যে বহু অবৈধ অভিবাসী এ নীতির কোপে পড়ে আমেরিকা থেকে বহিষ্কৃত হয়েছেন। আমেরিকার অভিবাসন বিভাগ বহিষ্কারাদেশ পাওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের উড়োজাহাজে চড়িয়ে দিয়েছেন। অনেকের ধারণা, আমেরিকা থেকে বহিষ্কার হলেই মার্কিন নাগরিকত্ব পাওয়ার সব পথ তার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নাগরিকত্ব বিষয়ক বিভাগের পরিচালক ও আইনজীবী অ্যালান ওয়েরনিক জানাচ্ছেন ভিন্ন কথা।
ওয়েরনিক জানান, আমেরিকা থেকে একবার বহিষ্কৃত হলেই নাগরিকত্ব পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায় না। বহিষ্কৃত ব্যক্তির জীবনসঙ্গী যদি আমেরিকার নাগরিক হন, তবে তাঁর মার্কিন নাগরিকত্ব পাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে একজন অভিবাসন আইনজীবীর সঙ্গে আলোচনা করাটা জরুরি। প্রথমেই তিনি অভিবাসী ভিসা নিয়ে আমেরিকায় ফিরে আসতে পারেন। পরে একজন আইনজীবীর পরামর্শক্রমে সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (সিআইএস) ফরম এন-৪০০ পূরণ করে নাগরিকত্বের আবেদন করতে হবে। এই ফরমে সংশ্লিষ্ট ব্যক্তির অভিবাসন সম্পর্কিত ইতিহাস জানতে চাওয়া হয়। এ ক্ষেত্রে অতীতে আমেরিকা থেকে বহিষ্কার হয়েছিলেন কিনা তা জানতে চাওয়া হয়। অধিকাংশ সময়ই সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর আইনজীবীকে এই প্রশ্ন নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়তে দেখা যায়। কিন্তু এ ক্ষেত্রে মনে রাখতে হবে যে, অভিবাসী ভিসা নিয়ে আমেরিকা আসা মানেই হলো, এই ইতিহাসটি এরই মধ্যে আমেরিকার অভিবাসন সংশ্লিষ্ট বিভাগগুলো জানে। যেহেতু এই ইতিহাস থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তি আমেরিকায় প্রবেশ করতে পেরেছেন, তাই এই ইতিহাস নিয়ে সত্যভাষণের কারণে নাগরিকত্বের আবেদন খারিজ হওয়ার আশঙ্কা নেই।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এ সম্পর্কিত এক লেখায় অ্যালান ওয়েরনিক বলেন, আমেরিকা থেকে একবার বহিষ্কার হওয়া মানেই মার্কিন নাগরিকত্ব পাওয়ার সব সুযোগ বন্ধ হলো, বিষয়টি এমন নয়। ঠিক একইভাবে অনুসৃত কঠোর অভিবাসন নীতির মধ্যেও নিজের সন্তান ও পরিবারের সদস্যদের আমেরিকায় নিয়ে আসার সুযোগও বন্ধ হয়নি।