বহিষ্কারের মেয়াদ শেষে ফিরছেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে ফিরছেন অনেক বাংলাদেশি। গত কয়েক মাসে জানা-শোনা অন্তত সাত থেকে দশজন বাংলাদেশি ফিরে এসেছেন আমেরিকায়, যারা একেকজন ১০ বছরের বেশি সময় ‘বহিষ্কারাদেশ’ দণ্ড পার করেছেন।
সপ্তাহ তিনেক আগে প্রথম আলোতে এ নিয়ে ‘বহিষ্কার মানেই সব শেষ নয়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে নিউজার্সির আবু সাইদ নামে এক ব্যক্তির প্রায় ১৩ বছর পর ফিরে আসার প্রেক্ষাপট ছাপা হয়েছিল। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আরেও অনেকের-ই নাম জানা যাচ্ছে, যারা ফিরে এসেছেন শাস্তির মেয়াদ শেষ করে। এই ফিরে আসাটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবেই।

ফিরে আসা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে দুজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তবে বিষয়টি তাঁরা গোপন রাখতে চান এবং এ নিয়ে বাড়তি কোনো সংবাদের শিরোনাম হতে চান না বলে জানিয়েছেন। সংগত কারণেই তাঁদের নাম ও পরিচয় ব্যবহার করা হচ্ছে না। তাঁরা জানান, বহিষ্কারাদেশের সময় দেওয়া সাজার মেয়াদ পার করেই তাঁরা ফিরেছেন।
অভিবাসন অধিকার-বিষয়ক সংস্থা ড্রামের বাংলাদেশি সংগঠক কাজী ফৌজিয়া বলেন, ‘২০০১ সালের পর বিতাড়িত হওয়া অভিবাসীদের অনেকেরই সাজার মেয়াদ পার হয়ে গেছে। এখন তাদের ফিরে আসার সময়। ২০০১ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে দুটি আইন হয়। একটি মুসলিম রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং অন্যটি প্যাট্রিয়টিক অ্যাক্ট। ২০০১ সালের ২৬ অক্টোবর এই দুই আইন কংগ্রেসে পাস হয়। আমেরিকার নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাস দমন ও প্রতিরোধের কথা বলে সেখানে অনেক মানুষের জবানবন্দি নেওয়া হয়। নিউইয়র্কসহ অনেক জায়গায় সেই মুসলিম রেজিস্ট্রেশন আইনের আওতায় নিবন্ধিত প্রায় ১৮ হাজার মুসলিমকে তখন বহিষ্কার করা হয়, যার মধ্যে অনেক বাংলাদেশিও ছিলেন। এখন তাদের অনেকেই ফিরছেন।’
এই ফিরে আসার ঘটনা কেবল বাংলাদেশিদের ক্ষেত্রে নয়, ঘটছে অন্যদের বেলাতেও। মেক্সিকোতে বিতাড়িত হওয়ার পর ১৫ বছর অপেক্ষায় কাটিয়েছিলেন আমেরিকার মেরিন কর্পের সদস্য মার্কো শ্যাভেজ। গত বছরের ডিসেম্বর মাসে তার হাতে তুলে দেওয়া হয় আমেরিকায় প্রত্যাবর্তনের চিঠি। নিউইয়র্ক টাইমস বলছে, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের হিসাবমতে এমন ২০০ জন সাবেক সেনা সদস্যকে আমেরিকা থেকে বিতাড়ন করা হয়েছিল, যারা এখন ফেরার অপেক্ষায়।
সম্প্রতি আইস দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, সারা দেশে কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে অন্তত ৯ লাখ ৬০ হাজার মানুষ এখন বহিষ্কারের আশঙ্কায় রয়েছে। এ ছাড়া সাধারণ অভিবাসীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মূলত ডিপোর্টেশন বা বহিষ্কারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ সম্পর্কিত বিভিন্ন খবর। ফলে আমেরিকার অভিবাসন জীবন নিয়ে ভীতিও ছড়াচ্ছে অনেক বেশি।
আইনজীবীরা বলছেন, আমেরিকায় অভিবাসন নিয়মতান্ত্রিকভাবেই চলে। বহিষ্কারের ঘটনাও ঘটে নিয়ম মেনেই। তবে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়। ফলে অভিবাসীদের মধ্যে আতঙ্ক থাকাটা স্বাভাবিক। তবে বহিষ্কার হলেও আশা থাকে। কারণ বহিষ্কৃত আমেরিকার নিয়মকানুন অনুসরণ করলে, শাস্তির নির্দিষ্ট মেয়াদ শেষে আবার ফিরতে পারেন। এমন উদাহরণও যথেষ্ট।